গল্প
স্বপ্ন বিলাস
স্বপ্ন বিলাস
পর্ব (১) - আহার্য
আকাশ মেঘাচ্ছন্ন, মৃদুমন্দ বাতাস বইছে, রাণী ইন্দুপ্রিয়া অলিন্দে উপবিষ্টা, উদাস নয়নে বাতায়নের দিকে চেয়ে আছেন। শত সহস্র যূথী মল্লিকার সৌরভে মহল সুবাসিত, সময়কাল গোধূলি। রাণীর পরণে সূক্ষ্ম রেশমের বসন, তাতে জরির হাল্কা কাজ, তিনি বেশী জমকালো পোশাক পছন্দ করেননা, রাণী হয়েও মনে প্রাণে তিনি হলেন এক সাধারণ নারী। আকাশ যখন ঘন মেঘে ছেয়ে যায়, তাঁর মন ও যেন উন্মুক্ত আকাশের নীচে ছুটে যেতে চায় বনহরিণীর ন্যায়। দাসী এসে নিত্যকার মতো কেশ সজ্জার অনুমতি চাইলো, তিনি নিরস্ত করলেন, এক ঢাল কুঞ্চিত কৃষ্ণবর্ণ কেশদাম এলিয়ে রইলো সুগঠিত বাহুদ্বয়ের উপরে। দূর থেকে দেখলে মনে হবে যেন এক অপরূপ শ্বেতপ্রস্তর মূর্তি, কেবল কাছে এলে মৃদু নিশ্বাসে সুডৌল বক্ষের কিঞ্চিৎ ওঠা পড়া দৃষ্টিগোচর হয়।
রাজা ভানুদেব গেছেন শিকারে, এই একটিই নেশা রাজার। সপ্তাহ কাল অরণ্যে অতিবাহিত করে মহলে ফিরে আসেন মৃত পশু সহ। ইন্দুপ্রিয়া কোমলপ্রাণা ,রক্তের হোরিখেলা তাঁর মনকে ব্যাথাতুর করে তোলে, পিতৃগৃহেও সবাই এ নিয়ে কৌতুক করত, রাণী সুলভ মানসিকতার অভাব বলে। রাজা নিয়ে আসেন মৃগ, নানান পক্ষী, বন্য কুক্কুট, আর তারপর পাচকেরা সুস্বাদু , উপাদেয় নানা পদ তৈরীতে মনোনিবেশ করে। রাজা হলেন ভোজনরসিক। রাণী সে আহার গ্রহণ করেন না, তা বলে তিনি নিরামিষাশী ও নন, কিন্তু এই নিষ্ঠুর ভাবে অসহায় প্রাণীর নিধন তিনি মন থেকে মেনে নিতে পারেন না।
রাজার অবর্তমানে এই এক সপ্তাহকাল তিনি নিজের মতো করে অতিযাপন করে থাকেন, দ্বিপ্রহরে সরোবরে স্নান সারেন একটু বেশী সময় নিয়ে, প্রিয় রাজহংস ও হংসী সকল যেন উৎফুল্ল হয় প্রিয় রাণী কে তাদের মাঝে পেয়ে, সরোবরে পদ্মের পাশেই রাণীর অতুল রূপরাশি ভুবন আলো করে থাকে। এরপর সামান্য ফলাহার সেরে তিনি পুস্তক পাঠে নিমগ্ন হন, রাজার শিকারের মতই তাঁর এই নেশা, বাল্যকাল থেকেই। রাজা যখন মহলে থাকেন তখন প্রায়শঃ সান্ধ্যকালীন নৃত্য গীতের আসর অনুষ্ঠিত হয় এবং রাণী ও উপস্থিত থাকেন সেই আসরে। রাজার অবর্তমানে কিন্তু তিনি ওই সময় সামান্য পূজা অর্চনায় অতিবাহিত করেন, আড়ম্বরহীন সে পূজা, ভক্তি ও ধ্যানই সম্বল। আরাধ্য দেবতা মহাদেবের চরণে হৃদয়ের আকুলতা সমর্পণ করেন রাণী, মনে আসে এক প্রগাঢ় প্রশান্তি। আজ ও পূজা শেষে অলিন্দে বসেছেন, মৃদু মন্দ বাতাস কিঞ্চিত দ্রুত বেগে বইছে, অতঃপর নেমে এলো বারিধারা, চারিদিক অন্ধকার করে।
ঝমঝম করে বৃষ্টির আওয়াজ আর সেই সঙ্গে কলিং বেল রিনির সমস্ত কল্পনার জাল ছিন্নভিন্ন করে দিল, দরজা খুলতেই দ্যাখে কাকভেজা ভিজে রাজ, সঙ্গে একটা বাজারের থলি, " মেঘ করেছে দেখেই একটু আগেই বেরিয়ে পড়লাম বুঝলে, এই নাও রহমানের রেওয়াজি খাসির মাংস , জমিয়ে রান্না টা কোরো কিন্তু... আর অল্প কিমা ও আছে; একটু কাবাব কোরো প্লীজ, রুমা আর দেবেশ কেও ডেকেছি, অনেক দিন গান বাজনা হয়নি, একা একা মাল খেতে খেতে বোর হয়ে গেছি মাইরি......." বলতে বলতে বাথরুমে ঢুকে যায় রাজ।
ক্রমশ...
কল্যাণী ঘোষ
৫ই জানুয়ারী,২০২০
৫ই জানুয়ারী,২০২০
#historyrepeats
স্বপ্ন বিলাস
পর্ব (২) - প্রেম
হই হই করতে করতে রুমারা ঢুকে পড়লো, একঝলক দমকা বাতাস যেন! এসেই জাপটে ধরলো রিনিকে, " কি যে সারাদিন ঘরে বসে থাকিস, একটা ফোন ও তো করিস না, খুব রাগ করেছি!" রিনি অপরাধী মুখে হাসে, "আচ্ছা বাবা, এখন শান্ত হ"। ছোট্ট মিষ্টি ১১০০ স্কোয়ার ফুট এর ফ্ল্যাট তাদের, খুব ছিমছাম অথচ রুচিসম্মত ভাবে সাজিয়েছে রিনি। তিনটে বেডরুম ছিল, কিন্তু একটা ভেঙে ওপেন কিচেন করেছে, এর ফলে বসার জায়গাটা অনেক বড়ো দেখায়। দেয়াল জুড়ে কাঁচের পাল্লা দেওয়া শোকেস সুন্দর সুন্দর মূর্তি , ছবি ও ক্রিস্টাল দিয়ে ভরা। একদিকে ভারী সোফা সেট, অন্য দিকে ডাইনিং টেবিল। চারজনে আরাম করে সোফাতে বসলো, দু একটা কথার পর রিনি কাবাব আর রাজ স্কচ নিয়ে এলো, আড্ডা জমে গেলো। রুমা ভারী সুন্দর গান গায়, রিনিও গলা মেলাল, ঘরের আবহাওয়া সুরমূর্চ্ছনায় ভরে উঠলো।
খাওয়া দাওয়া মিটলো প্রায় রাত বারোটায়, ছেলেদের কথা অল্প জড়ানো, পা টলছে, এবার বিদায় নিতেই হয়। খুব যত্ন করে রান্নাগুলো করেছিল রিনি, সব পদ চেটেপুটে সাফ, রেঁধেও সুখ!
ওরা চলে গেলে রান্না ঘরটা অল্প গুছিয়ে শোবার ঘরে গিয়ে দেখে রাজ ততক্ষণে গভীর ঘুমে তলিয়ে গেছে। রিনির কিন্তু ঘুম আসেনা, আধশোয়া হয়ে আলতো করে রাজের পিঠে হাত রেখে অস্ফুটে বলে, " ভালোবাসো আমাকে, রাজ?" উত্তর আসেনা, মদ ও মাংসে পরিতৃপ্ত রাজ ঘুমের অতলে, কাছের মেয়েটির মনের খোঁজ আর নেওয়া হয়না। নিদ্রাহীনা রিনির সঙ্গী পূর্ণিমার চাঁদ।
*-*-*-*-*
রাজা নৈশভোজনে রত, দাসীরা চামর-ব্যজনে এবং পরিচারিকারা পরিবেশনে ব্যস্ত। ইন্দুপ্রিয়া রাজার পাশটিতে বসে সযত্নে সমস্ত কিছু তত্ত্বাবধান করছেন। ভানুদেব পরিতৃপ্ত মুখে বলেন, "বন্য কুক্কুটের পলান্ন অতীব সুস্বাদু, তুমি কেন যে গ্রহণ করোনা!" প্রত্যুত্তরে রাণী মৃদু হাসেন। আহার পর্ব সমাধা হলে রাণীর জন্য এক বিস্ময় অপেক্ষায় ছিল, গোপনে রাজা দাসীদের বলে রেখেছিলেন পূর্ণিমা রাতে তিনি রাণীর সঙ্গে কিছুটা সময় উদ্যানবাটিতে অতিবাহিত করবেন,সমস্ত ব্যবস্থা যেন নিখুঁত হয় এবং রাণী যেন ঘুণাক্ষরেও কিছু জানতে না পারেন। যেহেতু তিনি রাণীর প্রকৃতিপ্রেম ও ভাবাবেগ সম্পর্কে সম্পূর্ণ অবগত সেহেতু তিনি নিশ্চিত যে রাণীর মনোরঞ্জনের জন্য এর চেয়ে প্রকৃষ্ট পন্থা আর কিছুই হতে পারেনা। বিলাস ব্যাসনে রাণীর অনীহা, কোনো কিছুর আতিশয্য তাঁর মন কে পীড়া দেয়, কেবল প্রকৃতির কোলে তাঁকে শিশুর ন্যায় আত্মহারা হতে দেখা যায়।
বিস্ময়ে অভিভূতা রাণীর কোমল করপল্লবদ্বয় নিজ হস্তে ধারণ করে রাজা উদ্যানের পথে অগ্রসর হলেন, সেখানে দাসীরা সুষ্ঠু ভাবে সমস্ত আয়োজন সম্পন্ন করে রেখেছে। অতঃপর দুজনে বসলেন পুষ্করিণীর সোপান পার্শ্বে শ্বেত পাথরের বেদির উপর বিস্তৃত মখমলের গালিচায়, চন্দ্রাহত দুই মানব মানবী! ভানুদেবের মৃগয়াপ্রীতিজনিত স্বল্প অদর্শন দুজনের হৃদয়েই আনে এক মধুর বিরহের অনুভূতি, তারপর মিলনের অপেক্ষায় উন্মুখ হয়ে ওঠে দুটি হৃদয়, আজ পূর্ণিমা নিশিতে সেই বহু আকাঙ্খিত মিলন! ভানুদেবের সুঠাম বাম স্কন্ধে ইন্দুপ্রিয়ার মস্তক পরম নিশ্চিন্তে উপস্থাপিত, যেন এক অপূর্ব পুষ্পবল্লরী আশ্রয় দাতা বৃক্ষের সঙ্গে আলিঙ্গনাবদ্ধ ! ইন্দুপ্রিয়ার দুই নয়নে অবিরল বারিধারা, আনন্দাশ্রু! ধীরে ধীরে আপন দুই করতলে রাজা তুলে ধরেন ইন্দুপ্রিয়ার অশ্রুসিক্ত মুখমন্ডল, তীব্র আশ্লেষে অথচ অতি সন্তর্পনে পান করেন রাণীর ওষ্ঠসুধা, অনন্তকাল অতিবাহিত হয়.....
ভোরের আলোর এক চিলতে আভা রিনির মুখের ওপর পড়তেই ঘুম ভেঙ্গে যায়, শেষ রাতে কখন যেন চোখটা লেগে গেছিল!
ক্রমশঃ
কল্যাণী ঘোষ
১০ ই জানুয়ারী , ২০২০
#beinginLove
স্বপ্ন বিলাস
পর্ব (৩) - আস্থা
(অন্তিম)
রাজ অফিসে বেরিয়ে যাবার পর কাজের মাসী মোটামুটি ঘর দোর পরিষ্কার করে দিয়ে গেছে, এবার রিনি লন্ড্রি নিয়ে পড়লো, গত সপ্তাহে রাজ ট্যুর থেকে ফেরার পর কয়েকটা প্যান্ট এখনও কাচা বাকি রয়ে গেছে,সেগুলো উল্টে পাল্টে দেখে নিয়ে তবেই দিতে হয়, যা ভুলো মন রাজের!
আরে... এটা কি? গত রবিবার তো রাজ ফিরলো, আর এটা তো শনিবারের কলকাতার তাজ বেঙ্গল এর একটা বিল, অনেক টাকার, দেখে মনে হচ্ছে একটা ঘরের এক রাতের ভাড়া! রাজ কি তাহলে আগেই ফিরেছিল? আগে আগে অবশ্য রাজ শুক্রবার রাতেই ফিরতো, আজকাল ফেরে রবিবার দুপুর নাগাদ, জিজ্ঞেস করলে বলে শনিবারও অল্প বিস্তর কাজ থাকে, হতেই পারে! অযথা কৌতূহল অথবা অবিশ্বাস কোনোটাই রিনির ধাত নয়, কিন্তু এই রিসিট আমূল নাড়িয়ে দিলো তাকে, পাখার হাওয়ার তলায় দাঁড়িয়েও কপালে বিন্দু বিন্দু ঘাম। যদি কোনো সম্পর্কে লুকোচুরির প্রয়োজন হয় তার মানে বুঝতে হবে সেটার ভিত নড়েছে! রিনি টের পায় দেয়ালে পিঠ ঠেকে গেছে তার আর সামনে বিশাল এক খাদ। ধীর পায়ে বাথরুমে ঢুকে শাওয়ারটা খুলে নীচে দাঁড়ায় রিনি, ধুয়ে যাক সব সন্দেহ, কালিমা আর অবিশ্বাস, মিথ্যে হোক ওই রিসিট, সে নিশ্চই কোনো দুঃস্বপ্ন দেখছে, ঘুম ভাঙ্গলেই আবার সব আগের মত হয়ে যাবে।
-*-*-*-*-*
হঠাৎ দাসী এসে ইন্দুপ্রিয়া কে বলে সে নাকি রাজা কে কিছুক্ষণ আগে মন্ত্রণালয়ের দিকে যেতে দেখেছে। এখন দ্বিপ্রহর, সাধারণত এ সময়ে ওদিকে কোনো কাজ থাকেনা, রাজা হয় বিশ্রাম করেন অথবা শিকারের সরঞ্জামের তদ্বির তদারকি করে থাকেন, কোনো কোনো দিন একবার এসে রাণীর সঙ্গে কিছুটা সময়ও কাটিয়ে যান। কিন্তু আজ কি এমন হলো? কোথাও কোনো গুপ্ত শত্রুর আগমন ঘটলো নাকি? রাণী প্রাসাদের যে দিক থেকে মন্ত্রণালয়ের একাংশ দেখা যায় সে দিকে অগ্রসর হলেন। কিয়ৎক্ষণ পর তিনি দেখলেন এক রমনী অতি দ্রুত গতিতে কক্ষ থেকে বেরিয়ে এলো, মনে হয় যেন ভারী উৎফুল্ল, সাজ পোশাক বারাঙ্গনার ন্যায়। দূর থেকে পোশাকের উৎকৃষ্টতা দেখে আন্দাজ হয় ইনিই নগর নটি রূপসী সুতনুকা, যার সঙ্গ কামনায় এই রাজ্যের সমস্ত পুরুষ উন্মুখ।
এক লহমায় ইন্দুপ্রিয়ার চোখে আঁধার নেমে এলো, তাঁর পরম পুরুষ ও তাহলে বারাঙ্গনার ছলা কলায় আত্মসমর্পণ করলেন, তাঁর প্রতি এই সুমধুর ব্যবহার তাহলে শুধুই অভিনয়! বাষ্পাকুল চোখে , স্খলিত চরণে ইন্দুপ্রিয়া নিজ মহলে ফিরে এলেন।
নৈশভোজে এসে রাজা দেখলেন রাণী অনুপস্থিত, কি ব্যাপার? বিচলিত ভানুদেব ত্রস্ত্য পায়ে ইন্দুপ্রিয়ার কক্ষে প্রবেশ করেন, " একি রাণী , কক্ষ নিষ্প্রদীপ, দাসীরা অনুপস্থিত... সব কুশল তো? " অভিমানিনীর কণ্ঠ রুদ্ধ হয়ে আসে, "সব কুশল!" "চলো তবে, দুজনে আহার গ্রহণ করি, আজ মহাপাচক রঘুরাম বড়ই আনন্দিত, ভোজের আয়োজনেও তার প্রভাব পড়েছে। বৎসর কাল যাবৎ সে নাকি নগর নটি সুতনুকার সঙ্গে প্রণয়ে লিপ্ত, আজ দ্বিপ্রহরে আমি ওই যুগলের মিলনের পথ উন্মুক্ত করে দিলাম। সুতনুকা এখন মুক্ত নারী, শীঘ্রই তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হ.. ...."
এক লহমায় ইন্দুপ্রিয়া রাজার কণ্ঠলগ্না হন, চকিত চুম্বনে রাজার বাক্য অসমাপ্তই রয়ে যায়.....জয়ী হয় প্রেম!
সমাপ্ত
কল্যাণী ঘোষ
১৩ই জানুয়ারী, ২০২০
#trustistheGlue
No comments:
Post a Comment