Monday, December 30, 2019

বিশ্বাসে মিলায় মানুষ

বিশ্বাসে মিলায় মানুষ

আমেরিকাতে কাজের লোক রাখা চাট্টিখানি কথা না, কারণ এদেশে আইন হলো বিভিন্ন রাজ্যের ন্যূনতম  মজুরি মেনে তাদের যথাযথভাবে বেতন দিতে হবে। ঘর পরিষ্কার করার ক্ষেত্রে তাদের দর আবার অনেকটাই বেশি।
রুমনি ও তার বর সুকান্ত প্রায় ৬ বছর হলো এ দেশে এসেছে ঠিকই, কিন্তু অন্যান্য ভারতীয়দের মত তারাও কোনো কিছু ক্রয় বিক্রয় করার সময় মনে মনে আগে ডলার কে ভারতীয় মূদ্রায় রূপান্তরিত করে, এ যে কি বিষম এক "মূদ্রা-দোষ" তা বলে বোঝানো যাবেনা! এর প্রকোপ সবার আগে গিয়ে পড়েছে কাজের লোক রাখার ব্যাপারে। বাপরে, মাত্র ৬ ঘণ্টা কাজ করবে আর কমপক্ষে ১২০ ডলার বাগিয়ে নিয়ে যাবে! সুকান্তর প্রায় হেঁচকি ওঠে আর কি, "আরে রুমনি, তুমি তো আর চাকরি করছোনা, একটু দ্যাখো না এদিকটা"! তা প্রথম দিকে ভালোভাবেই দেখতো সে, কিন্ত ইতিমধ্যে কন্যা সন্তানের আবির্ভাব হওয়ায় রুমনি বড্ড ব্যস্ত হয়ে পড়ল, আর বাধ্য হয়ে একজন মেক্সিকান মহিলাকে প্রতিমাসে এক দিন করে এসে বাড়ি পরিষ্কার করবে এই কড়ারে কাজে বহাল করলো।

যেন মনে হলো বাড়িতে দেবদূত / দেবদূতী পদার্পণ করলেন, নাম তার ফেলিসিতা, যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি ব্যবহার। এক ফোঁটা জল পর্যন্ত খায়না, আনাচে কানাচে জমে থাকা ময়লা বার করে নিমেষের মধ্যে মরুভূমি কে মরুদ্যান বানিয়ে ছেড়ে দেয়। মেয়েকে ঘুম পাড়াতে পাড়াতে মুগ্ধ চোখে চেয়ে তার কাজ দেখে রুমনি। সুকান্ত একটু সাবধানী আর তার ভাষায় রুমনি হলো গিয়ে "ছড়ানে", তাই সে সর্বদা সাবধান করে, "গয়না গুলো ঠিক ঠাক রেখেছো তো? যা অন্যমনস্ক তুমি! দামী শো পিস গুলোর ও খেয়াল রেখো একটু, নতুন লোককে চোখ বুঁজে বিশ্বাস করে বোসোনা"।

সব ঠিক ঠাক চলছে, গত তিন মাস ফেলিসিতা সুন্দর কাজ করেছে। আজ আবার ও এসেছে, কিন্তু আজ সোমবার , মেয়েটা কে রুমনি সক্কাল বেলায় play school এ দিয়ে এসেছে, আবার ১২ টায় আনতে যাবে। টুকটাক রান্না সারতেই ১১.৩০ বাজলো, এবার বেরোতে হবে, কিন্তু ফেলিসিতাকে একা বাড়িতে রেখে যেতে ভয় করছে, অথচ উপায় ও নেই। মাথায় একটা বুদ্ধি খেললো , সিকিউরিটি অ্যালার্ম টা অন করে দিল। ফেলিসিতা কে বুঝিয়ে বললো যেন সে কোনো দরজা বা জানলা না খোলে, তাহলেই অ্যালার্ম বেজে যাবে আর পুলিশ এসে হাজির হবে। আধ ঘণ্টার মধ্যেই মেয়ে নিয়ে এসে পড়বে সে। ফেলিসিতা বললো, " তুমি নিশ্চিন্তে যাও, আমি কিছুই খুলবো না"।

ঝড়ের বেগে গাড়ি চালালো রুমনি, মনে মনে ভাবছে, নিশ্চই ফেলিসিতা অবিশ্বাসী হবে না, বাড়ি গিয়ে সব ফাঁকা এমনটা দেখতে হবে না, এই সব ভাবতে ভাবতে ফিরছে ওমনি সুকান্তর ফোন এবং চীৎকার " শীগগির বাড়ি যাও, বাড়িতে পুলিশ"! সিকিউরিটি কোম্পানি থেকে ফোন টা সুকান্তর কাছেই আগে যায়। মন টা খারাপ হয়ে গেল রুমনির, ইস, সেই ফেলিসিতা বামাল সমেত পালাতে গিয়ে ধরা পড়লো! সুকান্ত র আশঙ্কাই তাহলে সত্যি প্রমাণিত হলো!

বাড়ি ঢুকতেই দেখে পুলিশের গাড়ি, কিন্তু বাড়ির দরজা বন্ধ আর জোরে জোরে অ্যালার্ম বাজছে। কি ব্যাপার তাহলে? কোনোমতে চাবি দিয়ে দরজা খুলে ঢুকে আগেই অ্যালার্ম বন্ধ করে, আর তারপরই, একি কাণ্ড .... ফেলিসিতা নির্বিকার চিত্তে রান্না ঘর পরিষ্কার করে চলেছে, আর জানলার ওপাশে দীর্ঘদেহী এক পুলিশ backyard এ পিস্তল হাতে লম্ফঝম্ফ করে ফেলিসিতাকে কিছু বলে চলেছে। তাড়াতাড়ি backyard এর দরজা খুলে পুলিশ কে ভিতরে আসতে বললো রুমনি, " What happened Sir"?
ক্ষিপ্ত পুলিশ, " কি হয়েছে?? এ কাকে বাড়ীতে রেখে গেছেন? অ্যালার্ম বাজায় সিকিউরিটি কোম্পানি আমাদের ফোন করে। আমি ব্যাকডোর দিয়ে এসে দেখি রান্না ঘরে ইনি। এবার আমি পিস্তল বার করে বলি দরজা খোলো, সে গম্ভীর মুখে বলে - না। ভাবতে পারেন?? পিস্তলধারী পুলিশ কে বলছে না??? শুধু তাই নয় আমাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে ঘরের কাজ করেই চলেছে করেই চলেছে ....আপনার আসতে আর দু মিনিট দেরী হলে আমি রান্না ঘরের জানলার কাঁচ ভেঙে ঢুকে পড়তাম, হয়তো গুলি চালাতে বাধ্য হতাম। "
ইশ্, স্যান ডিয়েগো র পুলিশ কে এত অগ্রাহ্য বোধহয় আগে কেউ করেনি! এক মূহুর্তের জন্য রুমনি কেন জানি , পুলিশের সঙ্গে গোলমাল সিনেমার উৎপল‌ দত্তের ভীষণ মিল পেলো!

সে বলল "ফেলিসিতা, তুমি দরজা খোলো নি কেন? উনি তো তোমার ওপর গুলি চালিয়ে দিতেন" ! (এদেশে এটাই শাস্তি পুলিশের নির্দেশ অমান্য করার)।
নির্বিকার, নির্ভীক ফেলিসিতা " তুমি যে বলে গেলে কোনো অবস্থাতেই দরজা , জানলা না খুলতে, তাই খুলিনি"।
আনন্দে রুমনির ধেই ধেই করে নাচতে ইচ্ছে করছে, হে ঈশ্বর, যে পৃথিবীতে নিত্য হানাহানি আর অবিশ্বাস সেখানে এ কোন দেবদূতী এলো তার কাছে? যার কাছে নিজের প্রাণের চেয়েও মালকিন কে দেওয়া কথার দাম বেশি, এ কি সত্য যুগ?

এবার প্রশ্ন তাহলে অ্যালার্ম বাজলো কেন, পুলিশ একটু আলোচনা করার পরই সেটা জানা গেলো। ভুলটা রুমনির ই, তাড়াহুড়োয় সে "স্টে" অপশন না দিয়ে "অ্যাওয়ে" টিপে দিয়েছিল, এর মানে হলো, আমরা বেরোচ্ছি বাড়ীতে কেউ নেই। যখন ফেলিসিতা একটু অন্য ঘরে গেছে ওমনি মোশন ডিটেক্টর চালু হয়, ভাবে বাড়ীতে কেউ অনধিকার প্রবেশ করেছে, আর সঙ্গে সঙ্গে পুলিশের আবির্ভাব। এবার পুলিশ রুমনি কে আচ্ছা করে দিলো, ফেলিসিতা র ওপর ঝাল টা তার ওপর ঝাড়ল, "এ রকম আর কখনো করবেন না, বাড়ীতে কাউকে রেখে গেলে "স্টে " করে যাবেন।
"যো হুকুম, এ ভুল আর করি"!

অবধারিতভাবেই সুকান্তর বাড়ী এসে একপ্রস্থ চোটপাট , এবার "ছড়ানে" র সঙ্গে "ক্যাবলা কান্ত" বিশেষণ ও যুক্ত হোলো। কিন্তু আজ আর কিছুই রুমনি কে স্পর্শ করলো না, যে অনাবিল আনন্দের স্বাদ আজ সে পেলো সেই অনুভূতি তাকে আচ্ছন্ন করে রাখবে বহুকাল!

কল্যাণী ঘোষ
৩০ এ ডিসেম্বর, ২০১৯

সালতামামি ২০১৯

সালতামামি ২০১৯

এই বছরটা আমাকে অনেক দিল, না চাইতেই পেলাম প্রচুর। চাওয়ার মধ্যে ছিল শুধু মা কে আমার কাছে এই ক্যালিফোর্নিয়া তে এনে একটু যত্ন আত্তি করার বাসনা, তা সেটাও পূর্ণ হোলো! গত দু বছর মা যেরকম অসুস্থ ছিল তাতে এতদূর যে নিয়ে আসতে পারবো তা কোনোদিনও ভাবিনি।

সত্যি, গ্রীন কার্ড করানো টা একটা বিশাল হ্যাপা, তবে যদি সেটা আমেরিকাতেই করানো যায় তাহলে খুবই সহজ, কিন্তু ভারতে খুব ঝামেলার। আমি কল্পনাও করতে পারিনি যে পুরো ব্যাপারটা আমি একা কোনো এজেন্ট ছাড়াই করে উঠতে পারবো। অবশ্য আমার পাশে সব সময় আমার শ্বশুরমশাই আর কিছু বন্ধু কে পেয়েছি যারা ওদেশে আমার নির্দেশ/অনুরোধ মত সব কিছু সুষ্ঠু ভাবে সামলেছে(ন)। এই গ্রীন কার্ড করানোর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হোলো মেডিক্যাল চেক আপ, যেটা একমাত্র আমেরিকান এম্ব্যাসি র অনুমোদিত হাসপাতালেই করাতে হবে, আর সেই হাসপাতাল অদ্ভুত ভাবে কলকাতায় নেই! বছর দশেক আগেও নাকি অ্যাপোলো ক্লিনিক এ  করা হতো, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে গেছে। দিল্লী, মুম্বাই,গুজরাট,মাদ্রাস, চন্ডিগড় এ রকম প্রায় সব রাজ্যেই এই হাসপাতাল রয়েছে, শুধু পূর্বাঞ্চল ই অবহেলিত, অনেক বন্ধু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললো হয়তো এই দিকটা থেকে লোকে মা বাবা কে আমেরিকা তে সেরকম নিয়ে যায়না । যুক্তি আছে কথার, কিন্তু তাহলে ওই কতিপয় চলৎশক্তিীন বৃদ্ধ বৃদ্ধা রা টেস্ট এর জন্য যাবে কোথায়? মা কে পাঠাতে হলো দিল্লী যেখানে আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু ও তার স্ত্রী সব কাজ সুসম্পন্ন করল। আমার বৃদ্ধা মা ভয়ে ভয়ে একা প্লেনে চেপে বসেছিলো। তারপর কিন্তু এয়ারহোসটেস দের যত্ন আর ভালোবাসায় ভয় কেটে যায়, আর মা লাজুক মুখে আমাকে পরে বললো, "ওরা বলেছে, you are so beautiful and smart"! সব মিলিয়ে মা কে দিল্লী তে এক সপ্তাহ থাকতে হোলো, কারণ ওই রিপোর্ট ওরা পোস্ট এ পাঠাবেনা।

মা র অজস্র অসুখ, পই পই করে বলে দেওয়া হয়েছে যাতে মা ও সব নিয়ে ডাক্তার কে বিশেষ কিছু না বলে, যাকে আমি বলি, "মা ,গল্প ফেঁদে বসোনা যেন"।
এতদ্বিধ সাবধানবাণী সত্বেও আমার ওই দিল্লী র বন্ধুর জবানি তে মা ও ডাক্তারের কথোপকথন এই প্রকার:

ডাক্তার এলেন, বন্ধু বললো, একটু খিটখিটে মেজাজের!
"আপ দেখ সকতে হো"?
"নহি, ম্যায় তো ব্লাইন্ড হুঁ"।
"ব্লাইন্ড"???
আমার বন্ধু প্রায় অজ্ঞান হয় হয়, এক খোঁচা মারে মা কে, তখন আরো বিপত্তি,
মা - " নহি পুরা ব্লাইন্ড নেহি, একবার স্ট্রোক হুয়া থা
আঁখ মে..."
"স্ট্রোক????"
আবার খোঁচা, এবং শেষমেষ বন্ধু ডাক্তার কে বলে যে উনি একটু ভুল ভাল বলেন।
তারপরেও, "আরে আপকা প্যার মে ক্যা হুয়া থা"?
"আচ্ছা, ও? কিসিকো নহি পাতা, সোচা থা ক্যান্সার...."
"WHAT"??
এরকম আরও কিছুক্ষণ চলার পর ডাক্তার খসখস করে কিছু লিখে দেন এবং আমার বন্ধু আমাকে ফোনে জানায় , "এ যাত্রায় বোধহয় আর হোলো না রে"! ও নিজেও প্রায় অসুস্থ হয়ে পড়েছিল আর কি!
কিন্তু রিপোর্ট ভালই এলো আর ইন্টারভিউ এর ডাক ও পাওয়া গেলো।

খুব ভালো অভিজ্ঞতা হলো কলকাতায় পুলিশ ভেরিফিকেশন নিয়ে, আমি তো ভাবছি এই রে বোধহয় থানায় গিয়ে পুলিশ কে ঘুষ দিতে হবে,ইত্যাদি কিন্তু কিচ্ছু করতে হলোনা, আমরা এখান থেকেই অনলাইনে এপয়েন্টমেন্ট নিয়ে‌ নিলাম , মা সেদিন যাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট পেয়ে যায়, নিখুঁত ব্যাবস্থা।

এর পরবর্তী পদক্ষেপ US Consulate এ ইন্টারভিউ, যেটা সারা ভারতে একমাত্র মুম্বাই তেই হয়, বোঝো! আমি একটা ঝটিকা সফরে গেলাম মা কে নিয়ে মুম্বাই, দু রাত থাকলাম ওবেরয় গ্রুপ এর হোটেল ট্রাইডেন্ট এ ( US Consulate এর পাশেই, আর গাড়ির ব্যবস্থা ও হোটেলের), আহা কি খাতির আর কি বিলাসবহুল ব্যবস্থা, মা বড্ড খুশী হলো। হুইলচেয়ারে র জন্য আমরা একটা বিশাল suite পেলাম যার দুটো রাজকীয় বাথরুম, তার একটা হুইলচয়ার ব্যবহারযোগ্য, অত্যাধুনিক সরঞ্জাম,আমি  এ দেশেও দেখিনি। খাবারদাবার, সেবা, গাড়ির ব্যবস্থা অতি উচ্চমানের। একদিন রাতে মা র রুটি সামান্য শক্ত লেগেছিল, আমি তাই ফোন করে ওদের খিচুড়ি দিতে বলি, রাত ৯.৩০ টায় খিচুড়ি সহ এক কর্মী এবং প্রধান বাবুর্চি হাজির, মার কাছে করজোড়ে ক্ষমা চান রুটি শক্ত ছিল বলে, মা র জন্য ইয়াব্বড় রসমালাই এর গামলা! আমরা তো লজ্জায় মাটিতে মিশে যাই, নালিশ তো করিনি, কথার কথা বলেছি মাত্র। মা অনেক আশীর্বাদ করার পর এবং আরো অনেক গল্পের পর ওনারা বিদায় নেন।

গরমের ছুটিতে আমার UK ভ্রমণ সেরে কলকাতা গেলাম মা কে নিয়ে আসতে....
এ বছর আমার ঝুলিতে আমার মা।

কল্যাণী ঘোষ
২৭সে ডিসেম্বর, ২০১৯

অপ্রেম

অপ্রেম

মফস্বল থেকে কলকাতায় এলেও গা থেকে গেঁয়ো গন্ধ তখনও মোছেনি টুকটুকির। সে তখনও আবেগপ্রবণ এবং স্বতঃস্ফূর্ত, হাসির কথা শুনলে জোরে জোরে হাসে আবার কেউ দুঃখ দিলে চোখের কোন ভিজে যায়। সমসময় মুখে কথার খই ফোটে, এর জন্য "বাচাল" বিশেষণে ও ভূষিত হয় সে।
কলকাতায় আসার কিছু পরপরই নানান কিছু ঘটতে থাকে তার জীবনে, এতদিন যে দিক টা তার শান্ত গ্রাম্য জীবনে একেবারেই অজানা ছিল।

বোধহয় তখন সে ৭ ক্লাস , বাড়ীতে নতুন ড্রাইভার এলো, অমল। বয়স আন্দাজ করা মুশকিল তবে হয়তো তার চেয়ে বছর দশেকের বড়ো। তার পোষাক আশাক হিন্দী সিনেমার নায়কোচিত, কিন্তু মাথায় চপচপে তেল আর তাতে অল্প টেরী বাগানো, পায়ে হিল তোলা জুতো। কে মালিক কে কর্মচারী বোঝা মুশকিল, ড্রাইভার সুলভ কোনো বিনম্রতা তার মধ্যে দেখা যায়না। সকাল নটায় তার রিপোর্টিং টাইম, এসেই হাঁক ডাক শুরু করে দেয় টুকটুকির খোঁজে। সিঁটিয়ে থাকে টুকটুকি, যৌথ পরিবারের সমবয়সী ভাইবোনেরা প্রচন্ড মজা পায় এসবে। একদিন হলো কি, এসেই সটান তিন তলায়, ওখানেই টুকটুকিরা থাকে, কি না সে একটা নতুন ঘড়ি পরে এসেছে ওটা দেখাবে। কি যন্ত্রণা! তারপর একদিন নাচতে নাচতে ওপরে এলো, বাবা, কাকা সবাই রয়েছেন, অমল করল কি, "এই দেখো টুকটুকি আমার ইয়ারানা প্যান্ট"! বলেই পিছন ফিরে শার্ট ওপরে তুলে ফেললো , পেছন টা উঁচু করলো, আর কি একটা সুইচ টিপলো পকেট থেকে যে ওমনি প্যান্টটা র দু ধার দিয়ে টুনি বাল্ব জ্বলতে নিভতে লাগলো। সবাই হতবাক, টুকটুকির মাটিতে মিশে যাবার অবস্থা, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। অত্যন্ত অসুবিধার মধ্যে দিন কাটত টুকটুকির, যেমন হয়তো সে স্কুলে যাবে, অমল বললো "আরে আমি ঐদিকেই তেল ভরতে যাবো", বোঝো! যাই হোক এ হেন ভালো লাগা টা পরিবারের সবার কাছেই একটা হাসির খোরাক ছিল,শুধু টুকটুকির মনে ছিল মেঘের ছায়া। যদিও খুব বেশীদিন সে চাকরি তে বহাল ছিলনা কিন্তু তারপর ও বেশ কিছুদিন যাবৎ যখন তখন "সে" বাড়িতে উপস্থিত হতো।

এর পরপর ই দুজন ট্যুর গাইড এর তার প্রতি পক্ষপাতিত্ব নিয়ে আবার ভাই বোনদের হাসাহাসি অথবা খোরাক! সেগুলো ক্লাস সেভেন আর কলেজে পড়ার সময়। প্রথম গাইড অতীব ভদ্রলোক, বয়স আন্দাজ করা না গেলেও যুবকই হবেন, স্কুল থেকে মুর্শিদাবাদ মালদা যাওয়া হয়েছিল। তিনি টুকটুকির খোলা গলায় "হম বেওয়াফা, হরগিজ নহি" শুনে মুগ্ধ হন ও অকপটে সেটা বলেন এবং তার প্রতি একটু বিশেষ মনোযোগী হন। কিন্তু অশালীন কোনো কিছু ছিলনা তারমধ্যে, শুধু ছিল টুকটুকির অস্বস্তি!
দ্বিতীয় জন পুরীর একটা বাস ট্যুরের গাইড, তার বাস এর নম্বর টা সে এই ভাবে বলতো " টো টো ফাইভ নাইন" (2259), এবং সাদা জামা,সাদা বেলবটম আর গলায় কায়দা করে মাফলার জড়ানো দেবানন্দ স্টাইলে, অবশ্যই চুলের কায়দা বলার অপেক্ষা রাখেনা! তার টুকটুকির প্রতি অসম্ভব প্রীতি গোটা বাস এ সকলের নজরে আসে, এবং যথারীতি ভাই ও তার বন্ধুরা টুকটুকি র যাকে বলে "জিনা হারাম" করে ছেড়ে দেয়।

এই রকম সব ঘটনা ঘটতেই থাকে, এর পর সব কটি অফিস এর চতুর্থ শ্রেণীর কর্মচারী, বাস কন্ডাক্টর, হসপিটাল এর ক্যাশিয়ার এবং এরকম ই আরও অনেক অসম শ্রেনী র মানুষের প্রীতিভাজন হয় সে। প্রথম প্রথম তার মনে নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন জাগলেও ক্রমশ তার এসব সয়ে গেলো কারণ সে ভেবে দেখেছিল যে এই শ্রেণীর মানুষ গুলোর চাওয়ার মধ্যে কখনো কোনো কদর্য ইঙ্গিত ছিলনা, এরা যেন সব সময় তাকে আপন ভেবেই মিশেছে। তার মন থেকে অপরাধবোধ কমতে লাগলো এবং তারপর থেকে সে এই শ্রেণীর মানুষদের সঙ্গে মিশতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত, হয়তো উচ্চবর্গের মানুষদের চেয়ে একটু বেশিই।

বেশ বড়ো একটা মাল্টিন্যাশনাল এ একজিকিউটিভ হিসেবে কাজ করতো যখন তখন ও তার লাঞ্চ টা হতো সেই বিরাট কোম্পানীর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঘরে, সঙ্গী ছিল তার আর এক বান্ধবী এবং সহকর্মী। বেশ কিছু মুসলিম কর্মচারী ও ছিল তার মধ্যে, যেদিন তারা কাবাব এবং বিরিয়ানী বানিয়ে আনত সেদিন সক্কাল বেলা তার টেবিল এ চা দেবার সময়ই তারা সুখবর টি দিয়ে সাদর আমন্ত্রণ জানিয়ে যেত। ওদের সঙ্গে অত মাখামাখি হয়তো অনেকেরই ভালো লাগতো না, কিন্তু টুকটুকি ছিল ওদের সঙ্গেই বেশি স্বচ্ছন্দ, ওটাই যেন তার "ক্লাস"! কত যে প্রাণের কথা হতো তাদের সঙ্গে.....

সব থেকে বেশি যাকে তার মনে পড়ে তার নাম বলদেব, প্রথম চাকরি পাবার পরই বাবা মা কে নিয়ে টুকটুকি শিমূলতলা বেড়াতে যায় , সেটা বোধহয় ১৯৯২ সাল এবং তারা যেখানে ওঠে সেই গেষ্ট হাউসের
কেয়ারটেকার ছিল বলদেব। বয়সে তরুণ আর চেহারা যেন কষ্টি পাথরে খোদাই করা মূর্তি, মাথা ভর্তি ঝাঁকরা চুল, সে ছিল সাঁওতাল। সব সময় হাসি মুখ, গায়ে অসুরের শক্তি, টুকটুকির মা যা চাইছেন এক নিমেষে এসে যাচ্ছে, তার বাবা ও ভীষণ মানুষকে আপন করে নিতেন, তাই এক বেলার মধ্যেই বলদেবের সব হাঁড়ির খবর পাওয়া হয়ে গেল। সে কোনো ভাবে এই হংকং ব্যাংক এর গেষ্ট হাউস এ চাকরি টা জুটিয়েছে, তার গোষ্ঠি তে চালাক চতুর বলে বেশ নাম ডাক ও আছে, বিয়ে ও করেছে কিন্তু বউ এর এখানে থাকার নিয়ম নেই তাই সে ই মাঝে মধ্যে বাড়ি গিয়ে বউ এর মান ভঞ্জন করে আসে।

এবার সন্ধ্যেবেলা বলদেবের দুর্বলতা র কথা জানা গেলো, সে গান গাইতে ভালোবাসে। উঠোনে চাটাই পেতে একখানা হারমোনিয়াম বার করলো বলদেব, টুকটুকি ও গান পাগল, এবার সে ও অনেক আশা নিয়েই বসলো, হারমোনিয়াম যখন আছে তখন নিশ্চই ছেলেটা ভালই গাইবে! গান শুরু হলো ....
হে ঈশ্বর, অনেক টা ওই জাগরণ বা মাতা কি চৌকি স্টাইলে এ হিন্দী ফিল্মী গানের সুর আর ভজন এর কথা মিলিয়ে খিচুড়ি মত চললো, আর হারমোনিয়াম বাজানো মানে একদম প্রথম রিড থেকে শেষ প্রান্ত অবধি আঙ্গুল দৌড়ে বেড়ালো! টুকটুকি ভাবছে এবার ভেঙে না যায়.....

কিন্তু খুব ভাব হয়ে গেল তাদের, গল্প আর ফুরোয় না। মোটামুটি আশপাশ সব ঘোরা হয়ে ‌গেছে, ফেরার দিন এগিয়ে আসছে, তখন বলদেব এক বিকেলে বললো "চলো তোমাকে সাঁওতাল দের গ্রামে নিয়ে যাই, মহুয়া খাবে, নাচ দেখবে"। টুকটুকি কে আর পায় কে! তখনও মানুষ মানুষ কে বিশ্বাস করতো,তখনও ধর্ষণ, মাওবাদী এই সব ভয়াল শব্দ খবরের কাগজের বৃহদাংশ দখল করেনি, তখনও সততা বেঁচে! চললো মেয়ে সেই অপূর্ব সুন্দর সাঁওতাল ছেলের সঙ্গে, কতদূর যে সেই গ্রাম তার কোনো আন্দাজ ই ছিল না, চলছে তো চলছে, বিশাল বড় আখের ক্ষেতের মধ্যে দিয়ে, যেখানে হয়তো কাউকে পুঁতে দিলে ও খুঁজতে দু দিন লেগে যাবে। বলদেব মটমট করে আখ ভেঙে তাকে দিচ্ছে, দুজনে মহানন্দে আখ চিবুতে চিবুতে আর গান গাইতে গাইতে চলেছে ।‌ পৌঁছলো এক গ্রামে, পরিপাটি নিকোনো তার দাওয়া, তারা বসতে দিল খাটিয়া পেতে, ঝকঝকে গেলাসে দিলো মহুয়া আর ভুট্টার খই। কি খাতির বলদেবের মেমসাহেবের! নাচ দেখা হোলোনা কিন্তু ভাঙ্গা বাংলায় অনেক গল্প হলো।

এবার যে ফিরতে হবে, লম্বা পথ, সূর্য অস্ত গেলো, আখের ক্ষেতের মাথার ওপরে মায়াবী চাঁদ। বলদেব তার মেমসাহেবের জন্য আগে আগে চললো রাস্তা পরিষ্কার করে আর টুকটুকি পরম নির্ভরতায় তার পথপ্রদর্শক কে অনুসরণ করতে লাগলো।

কল্যাণী ঘোষ
১৬ ই ডিসেম্বর, ২০১৯

#pureatheart
#simultaladays

অন্য জগত পর্ব ২ - একাল

অন্য জগত
পর্ব ২ - একাল

এবার সময়কাল ১৯৯৮, তিন বান্ধবী রমিতা, অদিতা আর বনানী হঠাৎই ঠিক করলো দু রাতের জন্য শান্তিনিকেতন ঘুরতে যাবে। সেখানে অদিতার একটা ছোট্টো মিষ্টি বাড়ি আছে, সারাবছর খালিই থাকে মাঝেমধ্যে বিদেশী ছাত্র ছাত্রী স্বল্প সময় এর জন্য এলে ভাড়া দেওয়া হয়। বনানী এই প্রথম শান্তিনিকেতন যাবে ,এতদিন শুধু গদ্যে বা কাব্যেই জেনেছে কবির আশ্রম কে, অতএব খুব ই উত্তেজিত সে। প্রসঙ্গত বলে রাখি অদিতা আর রমিতা স্কুলের বন্ধু আর রমিতা এবং বনানী র হৃদ্যতা কর্মসূত্রে। এই তিন জনের যোগসূত্র হলো রমিতা, বনানী কিন্তু অদিতাকে এই প্রথম দেখলো।

যথাসময়ে তিন বন্ধু হাওড়া থেকে শান্তিনিকেতন এক্সপ্রেসের A C Chair Car এ উঠে বসলো, সঙ্গে অবশ্যই প্রচুর স্ন্যাকস। বনানী খুব পিটপিটে, এটা নোংরা , ওটাতে আঁশটে গন্ধ ইত্যাদি, তাই বন্ধুরা প্রচুর কথা শোনানো সত্বেও সে ট্রেন এর হকারের ঝালমুড়ি বা শসা কাটা এসব ছুঁয়েই দেখলো না, অদিতার বানানো অসাধারণ এগ স্যান্ডউইচ উইথ মাস্টার্ড অ্যান্ড মেয়নিজ আর নানান মুখরোচক টুকিটাকি খেয়েই তৃপ্ত সে। এই কয়েক ঘণ্টার যাত্রায় অদিতা আর বনানী র মধ্যে ও ভালো ভাব জমে গেলো।

স্টেশন থেকে রিকশা করে তিন বন্ধু বিকেল বিকেল অদিতা র বাড়ি গিয়ে পৌঁছলো, ভারী সুন্দর সবুজে ঘেরা ছোট্ট একটি দোতলা বাড়ী। মোটামুটি পরিষ্কার ই ছিল, তাই টুক করে গরম চা খেয়ে ই তারা ঘুরতে বেরোলো, অল্প বাজার ও করতে হবে। সব কিছু ভীষণ পরিছন্ন, মোড়ের ঝুপড়ি দোকান গুলোতে খেতেও কোনো অসুবিধা হয়না। সব থেকে অবাক লাগছিল রিক্সাওলা , কাজের মাসী অথবা দোকানদার প্রত্যেকের বাংলা বলার ধরণ অত্যন্ত মার্জিত ! পরে অদিতা বললো যে এরা অনেকেই বিভিন্ন স্বনামধন্য শিল্পী / সাহিত্যিকের  বাড়িতে নানা রকম কাজ করার সুযোগ পেয়েছে এবং সহবৎ ও আরো অনেক কিছু শিখেছে। অল্প কিছু বাজার নিয়ে তাড়াতাড়ি ওরা বাড়ী ফিরে আসে, অদিতা তাদের রান্না করে খাওয়াবে।

মাংস টা হাত চেটে খেতে হলো, গাছের গন্ধরাজ লেবু দিয়ে ডাল ও অমৃত। কাল সকালেই বেরোবে আশপাশ টা ঘুরতে, তারপর যাবে চির আকাঙ্খিত কবি গুরুর আশ্রম। তিন বান্ধবী মাটিতে একটা মোটা গদি পেতে দোতলার বড়ো ঘরটা তে শুয়ে পড়লো। এই ঘরে এটাচড বাথ। এই বার শুরু হলো মজার মজার সব গল্প, প্রেম, বিরহ, পরকীয়া কিছুই বাদ গেলনা। প্রাণ খুলে হাসলো তিন জন, বহু দিন পর। বনানী আবার হুবহু নকল করতে পারে আর অদিতা ভারী সুন্দর গান গায়, মাঝ রাত অবধি তাদের মজলিশ চললো। এর পর দুই বান্ধবী ঘুমিয়ে পড়লেও বনানী র চোখে ঘুম এলো না, সে আবার কোথাও গিয়ে চট করে ঘুমোতে পারে না।

রাত প্রায় দুটো হবে, বনানী শুয়ে শুয়ে আকাশ পাতাল ভাবছে আর বান্ধবীদের মৃদু নাসিকা গর্জনে কৌতুক অনুভব করছে। হঠাৎ দেখলো ঘুটঘুটে অন্ধকার ঘর টা কেমন তীব্র আলোয় ভরে গেলো, একটু অবাকই হলো সে, কিন্তু তার অবস্থা টা তখন আধো জাগরণের। তারা দরজার দিকে পা আর জানলা র দিকে মাথা করে শুয়েছিল, দেখলো সেই দরজা দিয়ে গেরুয়া আলখাল্লা (বাউল দের মত) পরিহিত এক প্রৌঢ় মুখে হালকা দাড়ি, প্রবেশ করলেন এবং তাদের পায়ের কাছে দাঁড়িয়ে তিনজন কে দেখলেন, যাকে বলে "observe" করলেন। মুখের ভাব ঠিক যেন কারোর অবর্তমানে হঠাৎ বাড়িতে অতিথি এলে হয় সেরকম। সব ঠিক আছে দেখে মনে হলো যেন সন্তুষ্ট হলেন এবং একদম পাশ দিয়ে সোজা হেঁটে জানলা র দিক দিয়ে কোথাও বেরিয়ে গেলেন, বনানী যে ওনাকে দেখছে সেটা যেন দেখেও দেখলেন না। এর পরই বনানী উঠে বসে, চোখ কচলাতে কচলাতে ভাবে, এ কি রকম স্বপ্ন রে বাবা, আর ঘুমোলাম ই বা কখন? বাথরুমে গেলো সে, মুখে চোখে জল দিয়ে এসে এই অদ্ভুত অভিজ্ঞতা ভাবতে ভাবতে সত্যি সত্যি ঘুমিয়ে পড়লো।

"এই, ওঠ এবার, আর কত ঘুমোবি?" এক হাতে ধূমায়িত চা এর কাপ আর অন্য হাতে বনানীকে আলতো করে জাগিয়ে দেয় রমিতা। ওরা দুজনে অনেক সকালে উঠে রেডী। বনানী র চা এর কাপ এ মুখ দিতে গিয়েই কাল রাত্তিরে র সব কথা মনে পড়ে যায়। ও রমিতা কে সমস্ত টা বলে,
"বল তো কি অদ্ভুত স্বপ্ন দেখলাম, অথচ পুরো জেগেই তো ছিলাম!"
শুনতে শুনতে রমিতা র মুখের অভিব্যক্তি বদলাতে থাকে, চোখ বিস্ফারিত, এক নিঃশ্বাসে সে শুধু বলতে পারে " তুই মেসোমশাই কে দেখেছিস!"
"মানে? কে মেসোমশাই?"
"এখুনি নীচে চল আমার সঙ্গে!"
টানতে টানতে রমিতা বনানী কে নীচে একটা ঘরে নিয়ে গিয়ে দাঁড় করায় এক বিশাল ছবির সামনে, একি দেখছে সে?? এই প্রৌঢ় ই তো এসেছিলেন কাল স্বপ্নে (?), এমন কি এক পোষাক, এক মুখ দাড়ি! বিস্ময়ে স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকে বনানী! ওদিকে চেঁচামেচি শুনে অদিতা ছুটে আসে রান্নাঘর থেকে, বলে "কি করছিস তোরা বাবার ছবির সামনে?"
ধীরে ধীরে সমস্তটা তাকে বলে রমিতা, কারণ বনানী তখন মানসিকভাবে বিপর্যস্ত। অদিতা র থেকে এরপর যা জানা যায় তা হোলো, এই বাড়িটা মেসোমশাই নিজে দাঁড়িয়ে থেকে তত্বাবধান করে একটু একটু করে গড়ে তুলেছিলেন, কিন্তু তার কিছুদিনের মধ্যেই তিনি এ পৃথিবীর মায়া কাটিয়ে চলে যান, শুধু এই বাড়ির টানেই তিনি ফিরে ফিরে আসেন । উনি ওই বাউলের পোশাকেই স্বচ্ছন্দ ছিলেন। প্রতিবেশীরা অনেকেই নাকি সন্ধ্যের দিকে তাঁকে বাড়ির গেটের সামনে ওই পোশাকে দাঁড়িয়ে থাকতে দেখেছে। আশপাশের লোকজন এই নিয়ে অনেক কানাঘুষো ও করে থাকে, বান্ধবীরা ভয় পেতে পারে ভেবে ‌এ নিয়ে অদিতা তাদের আগে থাকতে কিছু জানায় নি।

অশ্রুসিক্ত নয়নে তিনজন তিনজন কে জড়িয়ে ধরে হতবাক হয়ে দাঁড়িয়ে থাকে, এই অভিজ্ঞতা এই তিনজন ছাড়া আর কারোর সঙ্গেই আলোচনা করা যাবেনা, শুধু ওরা তিনজন এক অন্য জগতের ছোঁয়ায় বিভোর হয়ে রইলো!

কল্যাণী ঘোষ
1st Dec, 2019

#shantiniketan1998
#anotherworldpart2

বিনি সুতোর মালা

বিনি সুতোর মালা

রুম্পা তখন কিশোরী, রোগা টিংটিংয়ে কালো মতো একটা অতি সাধারণ মেয়ে। হাবভাব ছেলেদের মত, যৌথ পরিবারে বড়ো হওয়া। সিঁড়ি র তিনটে করে ধাপ এক লাফে উঠত আর নামার সময় আট টা সিঁড়ি টপকে এক লাফেই নীচে। কি দামাল মেয়েরে বাবা! বাবা বলতেন পশ্চাৎদেশে নির্ঘাত ঘোড়ার হাড় আছে ! খেলাধুলা করার অপার সুযোগ স্কুল এ, থ্রোবল , হাই জাম্প, দৌড় এই গুলোতে কিছু না কিছু প্রাইজ ও সে জুটিয়ে আনত।

এই স্কুল এর গল্প বলে শেষ করা যাবেনা। সবুজে ঘেরা বিশাল বিশাল মাঠ, পাশেই Hastings House । শোনা যায় অনেকেই নাকি হেস্টিংস সাহেবের ভূত কে মাঝরাতে আলিপুর এর রাস্তায় জুরি গাড়ি হাঁকিয়ে ঘুরতে দেখেছে। স্কুল এর মেয়ে দের এসব গল্প দারোয়ান বাঁকা সিং বেশ রসিয়ে কষিয়ে বলতো। নন্দকুমার এর আত্মাও নাকি ঘুরতো আশেপাশে। মোটমাট কখনো সন্ধ্যে নামার পর স্কুলে গেলে একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হতো।

ভাগ্যিস স্কুলে খেলাধূলা টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তার ফলে মেয়েরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চার দিকেও মনোযোগী ছিল, যারা লেখাপড়ায় প্রথম সারিতে থাকতো অদ্ভুত ভাবে খেলাধূলা তেও তারা চ্যাম্পিয়ন। গান, নাটক, হাতের কাজ কি শিখতো না তারা! মফস্বল থেকে এসেই এরকম একটা সবুজে ঘেরা বিশাল মাঠ শুদ্ধু একটা স্কুল এ পড়তে পেয়ে রুম্পা বেজায় খুশি। এই মাঠ, সবুজ, ফুলের বাগান আর খেলাধূলা কিশোরী রুম্পার ব্যাক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা নিল। পড়াশুনায় মন দিতে হলো নবম শ্রেণী থেকে, মাধ্যমিক আসছে। ঠিক এইরকম সময় সে সংস্পর্শে এলো নতুন বাংলার দিদিমণি র, যিনি তাদের বৈষ্ণব পদাবলী পড়াবেন। এক ঝাঁক দামাল কিশোরী, অনেকের জীবনেই তখন প্রেম উঁকিঝুঁকি দিচ্ছে, কারোর জন্য হয়তো কেউ বারান্দায় সারাদিন অপেক্ষা করে, কারোর হয়তো দু একটা প্রেম পত্র জোটে, এই সব নিয়ে বন্ধুদের মধ্যে মজার সব আলোচনা হয় আর হাসাহাসি।

এ হেন ক্লাসে বাংলা দিদিমনি পড়াতে শুরু করলেন বৈষ্ণব পদাবলী। মেয়েরা তো প্রেমের বিভিন্ন ব্যাখ্যা শুনে খিক খিক ,খ্যাক খ্যাক শুরু করলো, প্রেম মানেই হাসাহাসির একটা বিষয়, কিন্তু দুদিন ও গেলো না, কি অসামান্য দক্ষতায় আরতিদি তাদের এই ছেলেমানুষী অগ্রাহ্য করে তাদের ভাসিয়ে নিয়ে গেলেন এক অতিলৌকিক প্রেমের জগতে, যেখানে যখন তিনি ব্যাখ্যা করছেন কৃষ্ণের বিরহে রাধা র শোচনীয় মানসিক স্থিতির, বিরহিনী রাধা কেঁদে কেঁদে বলছেন " প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর", এই পংক্তির ব্যাখ্যা শুনে স্তব্ধ গোটা ক্লাসরুম, এই কি তাহলে প্রেম? তিনি বোঝালেন আসলে দেহজ কামনা বাসনা র উর্দ্ধে এই প্রেম ! মেয়েরা ভাবে, সত্যিই কি এই রকম বাহ্যজ্ঞানহীন দশা হয়? কবি কি ভাবে বোঝালেন এটা? ধীরে ধীরে তাদের মানসিক উত্তরণ যখন হয় তখন তারা কেউই আর হাসেনা, হঠাৎই কেমন বড় হয়ে ওঠে কিশোরীরা!

পরবর্তী সময় এই মেয়েগুলো ছিটকে পড়ল বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, অসাধারণ দক্ষতায় সবাই সমাজে আজ সুপ্রতিষ্ঠিত। কেউ আইএএস, কেউ বিজ্ঞানী ,কেউবা ডাক্তার অথবা অধ্যাপিকা। এর মধ্যে এসে গেলো ফেসবুক বলে এক জাদুর জগৎ। ধীরে ধীরে তারা খুঁজে পেলো একে অন্যকে। অদ্ভুত ভাবে দেখা গেলো মনের বয়স গুলো তাদের ওই সবুজ স্কার্ট পরা "আমি তখন নবম শ্রেণী" তেই আটকে আছে! আবার শুরু হলো একসঙ্গে পথ চলা, এবার virtual জগতে , কি আনন্দ ! একমাত্র এই একটা পরিবার যেখানে নেই কোনো কালিমা, হিংসা, দ্বেষ, আছে শুধু অপার ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা এবং নির্ভরশীলতা।

দৈনন্দিন জীবনের সমস্ত চোরাগোপ্তা হীনতা কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছে এক ঝাঁক মধ্যবয়সী কিশোরী একে অপরের অবলম্বন হয়ে।
স্কুলের সেই ছোটো ছোটো মনিমুক্ত গুলো আজ বিনি সুতোর মালা হয়ে দোদুল্যমান!

কল্যাণী ঘোষ
৯ ই ডিসেম্বর, ২০১৯

#aboutfriendship

Friday, December 13, 2019

অন্য জগৎ পর্ব ১

পর্ব ১, সেকাল

ভারতে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর ছেলে নেওয়া হয়েছিল ব্রিটিশ আর্মি তে পাঁচ বছরের চুক্তি করে। যুদ্ধ শেষে তাদের সবাইকেই স্বেছাবসর নিতে বলা হয়। রমেন্দ্র ছিল তাদের মধ্যেই একজন, আর্মি থেকে বেরিয়ে এসে সে West Bengal National Volunteer Force এ commander পদে আসীন হয়। যুদ্ধের অনিশ্চয়তা আর নেই, কাজ ও অনেক অন্যরকম, যেটা তাকে খুব আকর্ষণ করেছিল সে কাজ টা হলো তৎকালীন মুখ্যমন্ত্রী শ্রী বিধান চন্দ্র রায় এর তত্বাবধানে কল্যাণী উপনগরী আর দুর্গাপুর ইস্পাত নগরী এই দুটি গড়ে তোলা।
NVF এর ছেলেরা ঝাঁপিয়ে পরে এই কাজের গুরু দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নেয়।

এই সময় তাকে মাঝে মধ্যেই বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে তদারকির কাজে যেতে হতো। একবার মাজদিয়া ছাড়িয়ে কোনো এক অখ্যাত গ্রামে তাকে যেতে হলো কর্মীদের বেতন দেবার জন্য। যাত্রা শুরুই করেছিল দুপুর বেলা, বাস যখন গ্রামের মূল সড়কে নামালো তখন সন্ধ্যে পেরিয়ে গেছে, একটা রিভলভার আর এক সুটকেস ভর্তি টাকা। মোড়ে র দোকানদার বলল ওই ক্যাম্প এ যেতে প্রায় মাঝরাত হয়ে যাবে ,পথে একটা ঘন জঙ্গল ও পেরোতে হবে,কাজেই সকালে যাওয়াই যুক্তিযুক্ত। কিন্তু রমেন্দ্র র জেদী মন বলল এতটা যখন আসাই গেছে তখন বৃথা সময় নষ্ট না করাই ভালো, টর্চ আর রিভলভার আছে কোনো অসুবিধা হবার কথা নয়।

শুরু করলো পথ চলতে, অমাবস্যা ই ছিল বোধহয়, কারণ ঘণ্টা দুএক পর যখন সে জঙ্গলের পথ ধরল কিছুই আর দেখা যাচ্ছিল না। এক হাতে টর্চ আর আরেক হাতে সুটকেস, ঝিঁঝি পোকা র ডাক আর তার নিজের ভারী বুটের আওয়াজ, লেফট রাইট, লেফট। হাঁটতে তার ভালই লাগে, আর ভয় কাকে বলে সে তো জানেই না। কিন্তু খানিক পর, তার শ্রবনেন্দ্রিয় কিছু একটা র যেন আভাস পেলো, কেউ যেন শুকনো পাতা মাড়িয়ে তার পিছু পিছু আসছে!
তক্ষুনি তার যেটা মনে হলো, তা হলো, এ নির্ঘাত ডাকাত,ওই বাস থেকে নামার পর ই পিছু নিয়েছে, লোকালয়ে সুবিধা করতে পারেনি এবার জঙ্গলে বাগে পেয়েছে। সে আলতো করে রিভলভার টা ছুঁয়ে নিল, আর একটু জোরেই পা চালালো। ওমনি পেছনের শুকনো পাতা মাড়িয়ে আসার শব্দের গতিও বাড়লো। যুদ্ধের বহু অভিজ্ঞতায় সমৃদ্ধ মন অত্যন্ত বাস্তববাদী, কিন্তু তবুও কেন জানি তার হঠাৎ মনে পড়ে যায় ছোটবেলায় জ্যাঠাইমার সাবধান বাণী, "ছেনো, রাত্তির বেলা যতই কেউ নাম ধরে ডাকুক অথবা পিছু নিক তুই কিন্তু বাবা পিছন ফিরে তাকাসনে, কথা দে!" হেসেছিল সে, কিন্তু আজ কি এক অজানা আশঙ্কায় একটু হলেও বিচলিত হলো, সামনা সামনি শত্রু র মোকাবিলা আর আত্মগোপনকারী কোনো অজানা আক্রমনকারী কে পরাস্ত করা সম্পূর্ণ আলাদা। আর অদ্ভুত ব্যাপার হলো ওই খসখস আওয়াজ এক ই লয়ে বাজছে, না দ্রুত না বিলম্বিত, যেন সে শুধু অপেক্ষা করছে তার পিছন ফিরে তাকানোর, ধৈর্যে র পরীক্ষা নিচ্ছে। নাহ, আর পারা যাচ্ছে না, সে একটু থমকে দাঁড়াল, উচ্চস্বরে বললো "Who's there?" কোনো সাড়া নেই, আবার চলা শুরু আর আবার পিছু নেয়া। অবশেষে ব্যারাক বাড়ির একটু ক্ষীণ আলো দেখা গেলো, রাস্তা টপকে সে এক দৌড়ে বাড়ির দরজায়। আর কোনো আওয়াজ শোনা গেলো না। রাত তখন ২ টো। এবার সে খুব জোরে জোরে কড়া নাড়তে লাগলো ছেলেদের নাম ধরে, কিন্তু কেউ সাড়া দায়ে না। পরিষ্কার শোনা যাচ্ছে যে তারা মৃদুস্বরে কথা বলছে, কিন্তু কেউই সাড়া দিচ্ছে না। এতো ভারী অদ্ভুত, অবশেষে ধৈর্য্যের বাঁধ ভাঙলো,
" এই হারা.... রা, আমি শা.. তোদের টাকা পয়সা নিয়ে সারা রাত হাঁটছি আর তোরা কিনা ....."। ব্যাস মন্ত্রে র মত কাজ হোলো দুদ্দাড় করে সব নীচে এসে দরজা খুললো,
"একি স্যার আপনি?? আমরা ভেবেছিলাম....."!
"কি, কি ভেবেছিলি হতভাগা র দল"?
"আচ্ছা ও সব কথা এখন থাক স্যার, আপনি একটু খেয়ে বিশ্রাম করুন"।

পরদিন সকালে জলখাবার খেতে খেতে রমেন্দ্র জিজ্ঞাসা করলো কেনো তারা দরজা খোলেনি। তাতে তারা যা বললো তার সারমর্ম হলো, এক মাস আগে বিহার থেকে আসা ব্যাটেলিয়ান এরএকটি ছেলে কলেরা এ মারা যায়, তার পর থেকেই প্রতি রাতে প্রতিটি ছেলের নাম ধরে কেউ ডাকে, ওরা জানলা দিয়ে অনেক চেষ্টা করেও কাউকে দেখতে পায়নি। জায়গা টা প্রায় পাণ্ডব বর্জিত, তায় আবার সামনে ওই জঙ্গল, তাই তারা ধরেই নিয়েছিল এটা নিশির ডাক, ওই ছেলেটির অতৃপ্ত আত্মা বন্ধুদের সঙ্গ চাইতে আসে। এবং গতরাতে স্যার এর ডাক কেও ওরা নিশির ডাক ভেবেই আর সাড়াশব্দ করেনি। শেষে গালিগালাজ শুনে তাদের ভুল ভাঙ্গে।

রমেন্দ্র এর সত্যাসত্য বিচার করার চেষ্টাও করেনি, কারণ সে নিজেই কেমন এক ঘোরের মধ্যে ছিল, কে ছিল তার পিছনে সারা রাত? কোনো অশুভ আত্মা নাকি দেবদূত যে তাকে আগলে রেখেছিল? ব্যাখ্যা মেলেনি!


Tuesday, December 3, 2019

লড়াকু ( the fighter)

লড়াকু

মফস্বলে বেড়ে ওঠা এক মেয়ে, গাছগাছালি, পশুপাখি আর প্রকৃতি নিয়েই তার সময় কাটত। বন্ধু বলতে বাবা যেহেতু মা ব্যস্ত সংসার নিয়ে। বাবা অফিস থেকে ফিরলেই বাবা মেয়ের এক নতুন জগতে প্রবেশ ঘটতো।
মেয়ে তখন চার কি পাঁচ, বাবা র কোলে লাফিয়ে উঠত, বাবা বলতো "আমার ট্যাঁকঘড়ি", মেয়ে সেই নিরাপত্তা র আশ্রয় থেকে খিলখিলিয়ে হাসত। খুব সুখের সে সব দিন। বাবা তলপেটে হাত দিয়ে পুকুরে ভাসিয়ে দিতে দিতে বলতো , হাত পা ছুঁড়তে থাক, তারপর আস্তে আস্তে হাত সরিয়ে নিত, যা মেয়ে নিজে লড়ে শিখেনে, আমি কি আর থাকবো সব সময় ? মেয়েটা লড়ছে ,চলছে বাবার দেখানো পথে, যেখানে থেমে যাওয়া মানে হেরে যাওয়া।
সব লড়াই চোখে দেখা যায়না, যখন যুদ্ধ টা চলে তখনও বোঝা যায় না, কিন্তু শেষ হলে তার তাৎপর্য মালুম হয়, জয়ী হলে তো কথাই আলাদা। মোদ্দা কথা হার মানা চলবে না, ভুল হয় হোক, সেটা সংশোধন করেই এগিয়ে চলতে হবে। অদম্য ইচ্ছাশক্তি র গল্প তার বাবা র থেকেই শোনা। ভীষণ মারকুটে, জেদী আর সাহসী পুরুষ, পাড়ায় খেলাচ্ছলে যে কোনো বাজি ধরতে রাজি, (সময় টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের) সে রাত দুটো র সময় মোমিনপুর এর মড়া কাটা ঘরের পাশের জঙ্গলে যাওয়া ই হোক বা আর্মির জওয়ান বন্ধুদের কথায় হার্লে ডেভিডসন নিয়ে নাগপুরে র খাড়া পাহাড়ের চূড়ায় ওঠাই হোক, চ্যালেঞ্জ এর জবাব দিতেই হবে।
তা সেই জবাব দিতে গিয়ে বাইক হড়কে একটা জীপের চাকার তলায় ঢুকে গেলো সে, জ্ঞান হারাবার আগে শুনতে পেলো, "এক জওয়ান মর গয়া"! তারপর সব অন্ধকার। এটা বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাগপুর ট্রেনিং ক্যাম্প এর স্মৃতি।
সে যাত্রায় মরা হোলো না, base camp থেকে সবাই ছুটে এসে অচৈতন্য মানুষ টাকে army hospital এ ভর্তি করে জানতে পারলো কোমর আর পায়ের হাড় গুঁড়ো গুঁড়ো! লোহার শিক এ পা ঝুলিয়ে এক ভাবে মাসের পর মাস শুয়ে থাকা তাও আবার নাগপুরে র অসহনীয় গরমে, গোদের ওপর বিষফোঁড়া অ্যাংলো ইন্ডিয়ান নার্স এর কড়া শাসন, সহ্য হলো না। যে কিনা দশ ক্লাস এ বাড়ী থেকে পালিয়ে যুদ্ধে যোগ দেয়, তাকে বিছানায় ফেলে রাখা? অসম্ভব। এবার একটা অভাবনীয় পরিকল্পনা করে তার ছেলেবেলার বন্ধু পাল,তার দশাসই চেহারা, আর সে ও আছে একই রেজিমেন্ট এ ( বেঙ্গল রেজিমেন্ট), মাঝরাতে চুপি চুপি হাসপাতালে ঢোকে জানলা দিয়ে, তারপর ঐ জওয়ান এই পঙ্গু বন্ধু কে কোলে করে আবার জানলা দিয়ে দেয় লাফ, সোজা কলকাতা। পরে অল্প কিছু সাজার পর পুনরায় আর্মি তে প্রত্যাবর্তন এবং যুদ্ধযাত্রা,সে আর এক গল্প।
ব্রিটিশ আর্মি তে যোগ দেওয়ার আগে র একটা ঘটনা, সে তখন টগবগে যুবক, দুর্দান্ত ফুটবলার, স্ট্রাইকার আর প্রচন্ড রাগী। সে আর তার বন্ধু বল পেটাতে পেটাতে ওই খিদিরপুর এর কোনো রাস্তা দিয়ে আসছিল, ঘটনাচক্রে তখন এক গোরা সাহেব ঘোড়ার পিঠে চক্কর দিচ্ছিলেন আর দুর্ভাগ্যবশত ( কার সেটা পরে জানা যাবে) বল টা লাগে তাঁর মুখে এবং খুব স্বাভাবিক ভাবেই মুখনিঃসৃত বাণী শোনা যায়, "bloody nigger'! সতেরো বছর বয়স হবে? ওই বয়স কি জানে অপমান সহ্য করতে? তাও মাতৃভূমি তে দাঁড়িয়ে? মারলো এক ঘুষি সাহেবের চোয়াল লক্ষ্য করে, এবং অবশ্যই সোজা কারাবাস! এক রাত্তির ই থাকতে হয়ে ছিল কারণ প্রাণের বন্ধু কল্যাণ সেন এর বাবা ছিলেন বিলেত ফেরত ব্যারিস্টার, বালক না বুঝে অপরাধ করে ফেলেছে, এই বলে মুক্ত করেন। সতেরো বছর তখনও ফুঁসছে, " মেরেই ফেলবো শা..."!

মেয়েটার সব থেকে যে গল্প টা ভালো লাগতো সেটা হলো এক ভৈরবী মা র কাহিনী। সত্য মিথ্যা যাচাই করার বিচক্ষণতা তার তখন ছিলনা, ছিল শুধু একরাশ মুগ্ধতা। আর্মি থেকেই যুদ্ধের কোনো এক বছরে চট্টগ্রাম এ (অবিভক্ত ভারতের) পোস্টিং, চন্দ্রনাথ পাহাড়ে কোনো কারণে ওঠা ,(হয়তো সেটা আর্মির একটা base ছিল), সঙ্গে কোম্পানী র বেশ কিছু টাকা ও ছিল। এবার কি হোলো, ঝপ করে সন্ধ্যা নেমে এলো, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, সে পাহাড়ে পথ হারিয়ে ফেললো, তবু আন্দাজে নামতেই থাকলো, হঠাৎ মাঝামাঝি এসে দ্যাখে সামনে এক জটাজুটধারিণী রমনী, হাতে ত্রিশূল। বয়স আন্দাজ করা মুশকিল কিন্তু রূপ আছে যথেষ্ট। সেই দেবী মূর্তি বলেন, "কি রে বেটা, পথ হারিয়েছিস? চল আজ রাত আমার গুহায় কাটিয়ে কাল নেমে যাস", এ যেন আদেশ! এদিকে সে ভাবছে , এর কি মতলব? আমার কাছে টাকা ও আছে, আর ইনি সুন্দরী ও বটে, কোনো অসাধু উদ্দেশ্য নেই তো? কিন্তু কি উপায়? যাই হোক, আমার রিভলভার টা তো আছেই! দেবী বললেন "চলে আয়", মন্ত্রমুগ্ধের মত সেও চললো পিছু পিছু। প্রবেশ করল এক পরিছন্ন গুহায়, খেতে পেলো সুস্বাদু ঘী ভাত আর সবজি, এর পর কিঞ্চিৎ বাক্যালাপে র পর যেই সে অপার ক্লান্তির অবসানে দু চোখ বন্ধ করবে, ওমনি বাঘের হুংকার গুহার ঠিক মুখটাতেই। ধড়মড় করে উঠে বসেই রিভলভার টা তাক করে সে, তখন দেবী বলেন, "আরে করিস কি, ও তো আমার বাবা শম্ভুনাথ, এই পাহাড়ে থাকেন, নতুন মানুষের গন্ধ পেয়ে খোঁজ নিচ্ছেন, দাঁড়া আমি বলে আসি"। একহাতে লম্ফ আর এক হাতে ত্রিশূল নিয়ে তিনি বেরোলেন, শম্ভুনাথ কে বোঝালেন এবং সে ফিরেও গেলো। যুদ্ধ ফেরত সৈনিক তখন ভাবছে একি স্বপ্ন না বাস্তব? ঘুম কি আর হয়? পরদিন সকালে গরম দুধ আর ফলাহার করে , দেবী কে প্রণাম জানিয়ে সে নেমে আসে। পরে অনেক খোঁজ খবর করে জানতে পারে ওই দেবী কে সমতলে সবাই ভৈরবী মা বলেই জানে আর বাবা শম্ভুনাথ ওনার পোষ্য এটাও সর্বজনবিদিত। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সৈনিক জীবনদাত্রি দেবী কে এবং অন্তর্যামী কে প্রণাম জানায়।

এর ও বহু বহু বছর পর, ১৯৯৭ সাল, ছোট্ট মেয়ে তখন অনেক বড়,কর্মসূত্রে চট্টগ্রামে বেশ কিছুদিন থাকার সুযোগ পায়, এবং ছুঁয়ে আসে তার বাবার স্মৃতিবিজড়িত চন্দ্রনাথপাহাড়, শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দির ইত্যাদি, আর অজস্র প্রণাম জানায় সেই দেবীকে, নইলে কি সে তার বাবাকে পেত?

Kalyani Ghosh
25th Nov , 2019