Monday, December 30, 2019

সালতামামি ২০১৯

সালতামামি ২০১৯

এই বছরটা আমাকে অনেক দিল, না চাইতেই পেলাম প্রচুর। চাওয়ার মধ্যে ছিল শুধু মা কে আমার কাছে এই ক্যালিফোর্নিয়া তে এনে একটু যত্ন আত্তি করার বাসনা, তা সেটাও পূর্ণ হোলো! গত দু বছর মা যেরকম অসুস্থ ছিল তাতে এতদূর যে নিয়ে আসতে পারবো তা কোনোদিনও ভাবিনি।

সত্যি, গ্রীন কার্ড করানো টা একটা বিশাল হ্যাপা, তবে যদি সেটা আমেরিকাতেই করানো যায় তাহলে খুবই সহজ, কিন্তু ভারতে খুব ঝামেলার। আমি কল্পনাও করতে পারিনি যে পুরো ব্যাপারটা আমি একা কোনো এজেন্ট ছাড়াই করে উঠতে পারবো। অবশ্য আমার পাশে সব সময় আমার শ্বশুরমশাই আর কিছু বন্ধু কে পেয়েছি যারা ওদেশে আমার নির্দেশ/অনুরোধ মত সব কিছু সুষ্ঠু ভাবে সামলেছে(ন)। এই গ্রীন কার্ড করানোর একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হোলো মেডিক্যাল চেক আপ, যেটা একমাত্র আমেরিকান এম্ব্যাসি র অনুমোদিত হাসপাতালেই করাতে হবে, আর সেই হাসপাতাল অদ্ভুত ভাবে কলকাতায় নেই! বছর দশেক আগেও নাকি অ্যাপোলো ক্লিনিক এ  করা হতো, কিন্তু কোনো অজ্ঞাত কারণে সেটা বন্ধ হয়ে গেছে। দিল্লী, মুম্বাই,গুজরাট,মাদ্রাস, চন্ডিগড় এ রকম প্রায় সব রাজ্যেই এই হাসপাতাল রয়েছে, শুধু পূর্বাঞ্চল ই অবহেলিত, অনেক বন্ধু এর কারণ ব্যাখ্যা করতে গিয়ে বললো হয়তো এই দিকটা থেকে লোকে মা বাবা কে আমেরিকা তে সেরকম নিয়ে যায়না । যুক্তি আছে কথার, কিন্তু তাহলে ওই কতিপয় চলৎশক্তিীন বৃদ্ধ বৃদ্ধা রা টেস্ট এর জন্য যাবে কোথায়? মা কে পাঠাতে হলো দিল্লী যেখানে আমার ভ্রাতৃপ্রতিম বন্ধু ও তার স্ত্রী সব কাজ সুসম্পন্ন করল। আমার বৃদ্ধা মা ভয়ে ভয়ে একা প্লেনে চেপে বসেছিলো। তারপর কিন্তু এয়ারহোসটেস দের যত্ন আর ভালোবাসায় ভয় কেটে যায়, আর মা লাজুক মুখে আমাকে পরে বললো, "ওরা বলেছে, you are so beautiful and smart"! সব মিলিয়ে মা কে দিল্লী তে এক সপ্তাহ থাকতে হোলো, কারণ ওই রিপোর্ট ওরা পোস্ট এ পাঠাবেনা।

মা র অজস্র অসুখ, পই পই করে বলে দেওয়া হয়েছে যাতে মা ও সব নিয়ে ডাক্তার কে বিশেষ কিছু না বলে, যাকে আমি বলি, "মা ,গল্প ফেঁদে বসোনা যেন"।
এতদ্বিধ সাবধানবাণী সত্বেও আমার ওই দিল্লী র বন্ধুর জবানি তে মা ও ডাক্তারের কথোপকথন এই প্রকার:

ডাক্তার এলেন, বন্ধু বললো, একটু খিটখিটে মেজাজের!
"আপ দেখ সকতে হো"?
"নহি, ম্যায় তো ব্লাইন্ড হুঁ"।
"ব্লাইন্ড"???
আমার বন্ধু প্রায় অজ্ঞান হয় হয়, এক খোঁচা মারে মা কে, তখন আরো বিপত্তি,
মা - " নহি পুরা ব্লাইন্ড নেহি, একবার স্ট্রোক হুয়া থা
আঁখ মে..."
"স্ট্রোক????"
আবার খোঁচা, এবং শেষমেষ বন্ধু ডাক্তার কে বলে যে উনি একটু ভুল ভাল বলেন।
তারপরেও, "আরে আপকা প্যার মে ক্যা হুয়া থা"?
"আচ্ছা, ও? কিসিকো নহি পাতা, সোচা থা ক্যান্সার...."
"WHAT"??
এরকম আরও কিছুক্ষণ চলার পর ডাক্তার খসখস করে কিছু লিখে দেন এবং আমার বন্ধু আমাকে ফোনে জানায় , "এ যাত্রায় বোধহয় আর হোলো না রে"! ও নিজেও প্রায় অসুস্থ হয়ে পড়েছিল আর কি!
কিন্তু রিপোর্ট ভালই এলো আর ইন্টারভিউ এর ডাক ও পাওয়া গেলো।

খুব ভালো অভিজ্ঞতা হলো কলকাতায় পুলিশ ভেরিফিকেশন নিয়ে, আমি তো ভাবছি এই রে বোধহয় থানায় গিয়ে পুলিশ কে ঘুষ দিতে হবে,ইত্যাদি কিন্তু কিচ্ছু করতে হলোনা, আমরা এখান থেকেই অনলাইনে এপয়েন্টমেন্ট নিয়ে‌ নিলাম , মা সেদিন যাওয়ার সঙ্গে সঙ্গেই রিপোর্ট পেয়ে যায়, নিখুঁত ব্যাবস্থা।

এর পরবর্তী পদক্ষেপ US Consulate এ ইন্টারভিউ, যেটা সারা ভারতে একমাত্র মুম্বাই তেই হয়, বোঝো! আমি একটা ঝটিকা সফরে গেলাম মা কে নিয়ে মুম্বাই, দু রাত থাকলাম ওবেরয় গ্রুপ এর হোটেল ট্রাইডেন্ট এ ( US Consulate এর পাশেই, আর গাড়ির ব্যবস্থা ও হোটেলের), আহা কি খাতির আর কি বিলাসবহুল ব্যবস্থা, মা বড্ড খুশী হলো। হুইলচেয়ারে র জন্য আমরা একটা বিশাল suite পেলাম যার দুটো রাজকীয় বাথরুম, তার একটা হুইলচয়ার ব্যবহারযোগ্য, অত্যাধুনিক সরঞ্জাম,আমি  এ দেশেও দেখিনি। খাবারদাবার, সেবা, গাড়ির ব্যবস্থা অতি উচ্চমানের। একদিন রাতে মা র রুটি সামান্য শক্ত লেগেছিল, আমি তাই ফোন করে ওদের খিচুড়ি দিতে বলি, রাত ৯.৩০ টায় খিচুড়ি সহ এক কর্মী এবং প্রধান বাবুর্চি হাজির, মার কাছে করজোড়ে ক্ষমা চান রুটি শক্ত ছিল বলে, মা র জন্য ইয়াব্বড় রসমালাই এর গামলা! আমরা তো লজ্জায় মাটিতে মিশে যাই, নালিশ তো করিনি, কথার কথা বলেছি মাত্র। মা অনেক আশীর্বাদ করার পর এবং আরো অনেক গল্পের পর ওনারা বিদায় নেন।

গরমের ছুটিতে আমার UK ভ্রমণ সেরে কলকাতা গেলাম মা কে নিয়ে আসতে....
এ বছর আমার ঝুলিতে আমার মা।

কল্যাণী ঘোষ
২৭সে ডিসেম্বর, ২০১৯

No comments:

Post a Comment