Monday, December 30, 2019

বিনি সুতোর মালা

বিনি সুতোর মালা

রুম্পা তখন কিশোরী, রোগা টিংটিংয়ে কালো মতো একটা অতি সাধারণ মেয়ে। হাবভাব ছেলেদের মত, যৌথ পরিবারে বড়ো হওয়া। সিঁড়ি র তিনটে করে ধাপ এক লাফে উঠত আর নামার সময় আট টা সিঁড়ি টপকে এক লাফেই নীচে। কি দামাল মেয়েরে বাবা! বাবা বলতেন পশ্চাৎদেশে নির্ঘাত ঘোড়ার হাড় আছে ! খেলাধুলা করার অপার সুযোগ স্কুল এ, থ্রোবল , হাই জাম্প, দৌড় এই গুলোতে কিছু না কিছু প্রাইজ ও সে জুটিয়ে আনত।

এই স্কুল এর গল্প বলে শেষ করা যাবেনা। সবুজে ঘেরা বিশাল বিশাল মাঠ, পাশেই Hastings House । শোনা যায় অনেকেই নাকি হেস্টিংস সাহেবের ভূত কে মাঝরাতে আলিপুর এর রাস্তায় জুরি গাড়ি হাঁকিয়ে ঘুরতে দেখেছে। স্কুল এর মেয়ে দের এসব গল্প দারোয়ান বাঁকা সিং বেশ রসিয়ে কষিয়ে বলতো। নন্দকুমার এর আত্মাও নাকি ঘুরতো আশেপাশে। মোটমাট কখনো সন্ধ্যে নামার পর স্কুলে গেলে একটা গা ছমছমে পরিবেশের সৃষ্টি হতো।

ভাগ্যিস স্কুলে খেলাধূলা টা খুব গুরুত্বপূর্ণ ছিল, তার ফলে মেয়েরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে শরীরচর্চার দিকেও মনোযোগী ছিল, যারা লেখাপড়ায় প্রথম সারিতে থাকতো অদ্ভুত ভাবে খেলাধূলা তেও তারা চ্যাম্পিয়ন। গান, নাটক, হাতের কাজ কি শিখতো না তারা! মফস্বল থেকে এসেই এরকম একটা সবুজে ঘেরা বিশাল মাঠ শুদ্ধু একটা স্কুল এ পড়তে পেয়ে রুম্পা বেজায় খুশি। এই মাঠ, সবুজ, ফুলের বাগান আর খেলাধূলা কিশোরী রুম্পার ব্যাক্তিত্ব গঠনে প্রধান ভূমিকা নিল। পড়াশুনায় মন দিতে হলো নবম শ্রেণী থেকে, মাধ্যমিক আসছে। ঠিক এইরকম সময় সে সংস্পর্শে এলো নতুন বাংলার দিদিমণি র, যিনি তাদের বৈষ্ণব পদাবলী পড়াবেন। এক ঝাঁক দামাল কিশোরী, অনেকের জীবনেই তখন প্রেম উঁকিঝুঁকি দিচ্ছে, কারোর জন্য হয়তো কেউ বারান্দায় সারাদিন অপেক্ষা করে, কারোর হয়তো দু একটা প্রেম পত্র জোটে, এই সব নিয়ে বন্ধুদের মধ্যে মজার সব আলোচনা হয় আর হাসাহাসি।

এ হেন ক্লাসে বাংলা দিদিমনি পড়াতে শুরু করলেন বৈষ্ণব পদাবলী। মেয়েরা তো প্রেমের বিভিন্ন ব্যাখ্যা শুনে খিক খিক ,খ্যাক খ্যাক শুরু করলো, প্রেম মানেই হাসাহাসির একটা বিষয়, কিন্তু দুদিন ও গেলো না, কি অসামান্য দক্ষতায় আরতিদি তাদের এই ছেলেমানুষী অগ্রাহ্য করে তাদের ভাসিয়ে নিয়ে গেলেন এক অতিলৌকিক প্রেমের জগতে, যেখানে যখন তিনি ব্যাখ্যা করছেন কৃষ্ণের বিরহে রাধা র শোচনীয় মানসিক স্থিতির, বিরহিনী রাধা কেঁদে কেঁদে বলছেন " প্রতি অঙ্গ লাগি কাঁদে প্রতি অঙ্গ মোর", এই পংক্তির ব্যাখ্যা শুনে স্তব্ধ গোটা ক্লাসরুম, এই কি তাহলে প্রেম? তিনি বোঝালেন আসলে দেহজ কামনা বাসনা র উর্দ্ধে এই প্রেম ! মেয়েরা ভাবে, সত্যিই কি এই রকম বাহ্যজ্ঞানহীন দশা হয়? কবি কি ভাবে বোঝালেন এটা? ধীরে ধীরে তাদের মানসিক উত্তরণ যখন হয় তখন তারা কেউই আর হাসেনা, হঠাৎই কেমন বড় হয়ে ওঠে কিশোরীরা!

পরবর্তী সময় এই মেয়েগুলো ছিটকে পড়ল বিভিন্ন বিষয় নিয়ে বিভিন্ন  বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে, অসাধারণ দক্ষতায় সবাই সমাজে আজ সুপ্রতিষ্ঠিত। কেউ আইএএস, কেউ বিজ্ঞানী ,কেউবা ডাক্তার অথবা অধ্যাপিকা। এর মধ্যে এসে গেলো ফেসবুক বলে এক জাদুর জগৎ। ধীরে ধীরে তারা খুঁজে পেলো একে অন্যকে। অদ্ভুত ভাবে দেখা গেলো মনের বয়স গুলো তাদের ওই সবুজ স্কার্ট পরা "আমি তখন নবম শ্রেণী" তেই আটকে আছে! আবার শুরু হলো একসঙ্গে পথ চলা, এবার virtual জগতে , কি আনন্দ ! একমাত্র এই একটা পরিবার যেখানে নেই কোনো কালিমা, হিংসা, দ্বেষ, আছে শুধু অপার ভালোবাসা ও পারস্পরিক সহযোগিতা এবং নির্ভরশীলতা।

দৈনন্দিন জীবনের সমস্ত চোরাগোপ্তা হীনতা কে বৃদ্ধাঙ্গুষ্ঠ দেখিয়ে এগিয়ে চলেছে এক ঝাঁক মধ্যবয়সী কিশোরী একে অপরের অবলম্বন হয়ে।
স্কুলের সেই ছোটো ছোটো মনিমুক্ত গুলো আজ বিনি সুতোর মালা হয়ে দোদুল্যমান!

কল্যাণী ঘোষ
৯ ই ডিসেম্বর, ২০১৯

#aboutfriendship

No comments:

Post a Comment