Saturday, April 25, 2020

উজবুক - ছোটো গল্প

উজবুক

"আরে ইগনোর করবি, এক কান দিয়ে ঢোকাবি আর অন্য কান দিয়ে বার করবি"
পিয়া বললো মিতুন কে। একমাত্র মিতুনই জানে যে এটা বলা সোজা কিন্তু করা শিবের অসাধ্য! আরে জ্ঞান তো সে নিজেও একে তাকে দিয়ে থাকে যখন তখন বেশ ভারিক্কি চালেই, কিন্তু নিজের বেলা?? তখন অগতির গতি এই পিয়া অথবা শিউলি।পিয়া কে তো কিছু নালিশ করলেই বলবে, "তোর বাপু সবেতেই কমপ্লেইন, এই যে তোকে দেশ বিদেশ ঘোরাতে নিয়ে যাচ্ছে , কজন মেয়ের কপালে জোটে শুনি? অভাব তো রাখেনি কিছুরই!" সত্যি তো কিসের অভাব তার? ইগনোর মিতুন ইগনোর!

ঘটেও তার জীবনে চাট্টি উৎপটাং ব্যাপার স্যাপার আর ওমনি বাই ওয়ান গেট ওয়ান ফ্রীর মতো দেবেশের তীক্ষ্ম বাক্যবাণ ধেয়ে আসে। গতমাসেরই ঘটনা, সব সময়ের কাজের বউ শ্যামা সব শাড়ী ঝেঁপে দিলো, কি বুদ্ধি মাইরি!! সেদিন রোববার, বাড়িতে পার্টি ছিল, দুপুরের খাওয়া দাওয়া মদ্যপান ইত্যাদি তুঙ্গে, তারমধ্যে আলমারি খুলে কয়েকটা নতুন শাড়ী বন্ধুদের দেখাচ্ছিল পিয়া। আশপাশেই শ্যামা ঘুর ঘুর করছিলো, সেটা দেখে বুলটি একবার চোখ পাকিয়ে ঈশারা ও করলো, "ওর সামনে দেখাস না"।
কিন্তু পিয়া তখন মাদার টেরিসা, "Oh no dear, she is very trustworthy, not like others"! তারপর বিকেলের দিকে সবাই কে চা দেবার পর শ্যামা বললো
"বৌদি আজ একটু বাপের বাড়ি যাবো, কাল বিকেলে আবার আসবো", হাতে একটা ঢাউস প্লাস্টিকের ব্যাগ।
"আচ্ছা যা, ঘুরে আয়, রান্না অনেক বেঁচে আছে...তোর হাতে ওই ব্যাগটা তে কি রে?' জিজ্ঞেস করে পিয়া।
"ও আমার কিছু কাগজ পত্র "। শ্যামার নিষ্পাপ উত্তর।
পিয়া আবার বন্ধুদেরই একজনকে বলে ফেরার পথে শ্যামাকে বাজারে নামিয়ে দিতে, অত ভারী ব্যাগ নিয়ে হাঁটবে মেয়ে টা! বলাই বাহুল্য বামাল সমেত সে ই শ্যামাকে এসি গাড়ী চড়িয়ে পগার পার করিয়েছে। পরদিন আলমারি খুলে ২০ টা দামী সিল্কের অনুপস্থিতির থেকেও শ্যামার বিশ্বাসঘাতকতা তাকে কুরে কুরে খেয়েছে। দেবেশ আর শাশুড়ি মা বার বার বুঝিয়েছে(ন) যে তার মত উজবুক এ পৃথিবীতে আর দুটি নেই, ঢাউস ব্যাগটার কেন চিরুনী তল্লাশি চালায়নি সে ! ইশ, ওই সময় যদি একবার দেবেশ তাকে বুকে টেনে নিতো, মাথায় একটা হাত রাখতো,কানে ফিসফিস করে বলতো "ধুস, এটা কোনো ব্যাপারই না"......

উজবুকই তো, ঠিকই তো বলে সবাই, বন্ধুরাও তাই বলে, আরে বিয়ে করলি ঠিক আছে, শরীরের চাহিদা মেটাবার একটা আইনসঙ্গত উপায় তো ভদ্র সমাজে চাই, কিন্তু তাবলে অত বড়ো চাকরিটা দুম করে ছেড়ে দিলি? আসলে মিতুন অঙ্কে বরাবরই কাঁচা, কোনো হিসেবই মেলাতে পারেনা, চেষ্টাই করেনি। ও সব নিজে নিজেই মিলে যাবে, কে ফালতু মাথা ঘামাবে ও নিয়ে। সে ভেবেছিল অনেক তো খাটলাম এবার সুন্দর একটা খেলাঘর সাজাই। দেবেশ ও বললো ," আমার কি টাকার অভাব? ঘুম থেকে উঠলে বেড টি ও পেয়ে যাবে তুমি...বাড়িতেই থাকো"। তারপর আস্তে আস্তে দিন বদলালো, ক্রেডিট কার্ড তার আছে ঠিকই, কিন্তু সব কিছুতেই একটা অদৃশ্য সীমা আঁকা আছে, অনুমতি নিয়ে সব কাজ করলেই ভালো হয়। "উফ্, মাথা মোটা, এইটা কিনে ফেললে? আমাকে বলবে তো? একটু মার্কেট রিসার্চ না করে কিছু কিনতে নেই, ঠকলে তো!"
বলে দেবেশ , সঙ্গে ব্যাঙ্গের হাসি।
হুম, মিতুন তার মানে বহু রিসার্চ এরই ফসল, একেবারে দেখে শুনে সেরা গাধা টাই বাজার থেকে তুলে এনেছে দেবেশ।
আর এইসব বাঁকা কথা গুলোই বন্ধুরা তাকে "ইগনোর" করতে বলে... "ছেলেরা অমন বলেই থাকে একটু আধটু, সারাদিন খেটে খুটে আসে!" কিন্তু সে ও তো দেবেশের পাশের টেবিলটাতেই বসত, কই বাড়ি ফিরে কখনো কাউকে "হ্যাটা" করেনি তো?

নিজের কল্পনার খেলাঘরে নিজেই একটা মাটির পুতুল হয়ে যায় উজবুক মিতুন।

কল্যাণী ঘোষ
২৫শে এপ্রিল, ২০২০
ক্যালিফোর্নিয়া

Friday, April 24, 2020

টানাপোড়েন - একটি এক পেশে লেখা পর্ব ৬

টানাপোড়েন - একটি এক পেশে লেখা

সময়কাল - ২০০৩ পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া ও ওহায়ো

পর্ব ৬

এদেশে আসার সঙ্গে সঙ্গেই যেটা দরকার সেটা হলো ড্রাইভিং লাইসেন্স, দেশে কি সুন্দর ঘুষ টুষ দিয়ে একটা বের করে নেওয়া যায়, কিন্তু এখানে? ভয়ানক কঠিন পরীক্ষা, এক একটা রাজ্যে এক এক রকম নিয়ম। পূর্বদিকে সিনসিনাটি শহর ( ওহায়ো রাজ্য) বছরের বেশীর ভাগ সময় বরফে ঢাকা, ওখানে গাড়ি চালানো বেশ কষ্টকর তাই পরীক্ষাও বেশ কঠিন। লিখিত পরীক্ষার জন্য রীতিমত দুলে দুলে পড়া মুখস্থ করতে হয়। এত কিছু সত্বেও যখন পরীক্ষার সময় কম্পিউটার স্ক্রীন এ ভেসে ওঠে,
" কোনো পার্টি তে মদ খেয়ে গাড়ি চালিয়ে বাড়ি ফিরবে, তাহলে নেশা কাটাবার জন্য কি করবে?
ক. লেবুর রস
খ. টমেটোর জুস
গ. সময়
ঘ. খোলা হাওয়া"
তখন অনেক বাঘা বাঘা ব্যক্তি ও ক বা খ এ ক্লিক করে! অথবা গাড়ি যদি ঢালুর দিকে মুখ করে পার্ক করো, তবে চাকাটা কোন দিকে ঘোরানো থাকবে আর উৎরাই এর বেলা কোন দিকে? গুলিয়ে একাকার!
একটি ছেলে সদ্য বিয়ে করে সিনসিনাটি গেছে ৮ মাসের একটা প্রজেক্ট এ, এবার পর পর দুবারই ড্রাইভিং পরীক্ষায় ফেল, তিন বারের বার ওরাই (মোটর ভেহিকলস ) ফোন করে পরবর্তী পরীক্ষার তারিখ চাইছে, ছেলেটি ফোন না ধরে স্ত্রী কে বলছে, "বলো আমি বাড়ি নেই"! স্ত্রী হেসে কুটিপাটি, "আরে তুমি ফোনটা ধরলে কি ওরা তোমাকে বকবে নাকি?"

লিখিত পরীক্ষায় কোনোমতে উতরোলেও প্র্যাক্টিক্যাল খুব কঠিন। স্টপ সাইন এ পুরোপুরি স্টপ করতে হবে, "একটু থামো" করলে পয়েন্ট কাটা, প্যারালাল পার্কিং, ব্যাক করা ইত্যাদি ভয়ানক সব ঘাট পেরিয়ে তবেই পাস। তুলনামূলক ক্যালিফোর্নিয়া তে পাশ করা অনেক সহজ। ওহায়ো তে একটি ছেলের বউ পরীক্ষা দিচ্ছে, গাড়ি চালাচ্ছে,পাশে আফ্রিকান আমেরিকান মহিলা পরীক্ষক, তিনি বললেন "take left", মেয়েটি দড়াম করে বাঁ দিকে বেঁকে গেলো, এরকম আবারো ,"take right", এবং সঙ্গে সঙ্গে হুকুম তামিল। পরীক্ষকের কপালে বিন্দু বিন্দু ঘাম, খস খস করে নম্বর দিচ্ছেন। শেষমেষ আবার মোটর ভেহিকেলস এ এসে গাড়ি থামালো মেয়ে।
পরীক্ষক বললেন,
"You almost killed me, আরে ডান বাম কিছু না দেখেই দুম দাম কেউ টার্ন নেয়?? Anyways, you are lucky, you just passed, আর এক নম্বর কম পেলেই ফেল করতে"!

মেয়েটির বাড়িতে সে রাতে পার্টি হোলো! স্বামীর সব বন্ধুরা ধরাদ্ধর ফেল আর সে কিনা .....
সেই ফেলু বন্ধুরাও লাজুক মুখে এসে কষা মাংস খেয়ে গেল।

(চলবে...)
কল্যাণী ঘোষ
৪ ঠা মার্চ, 2020

#NRIdiary6

টানাপোড়েন - একটি এক পেশে লেখা (রম্য রচনা) পর্ব ৫

টানাপোড়েন - একটি এক পেশে লেখা
(রম্য রচনা)
পর্ব ৫

সময়কাল - ২০০৩ পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া

এই যে দুজনের সম্পূর্ণ একা থাকা, আশপাশের বাড়িতে কাক পক্ষ্মী আছে কিনা টের না পাওয়া নির্জনতা , এক অসম্ভব অবসাদ সৃষ্টি করে। কেউ তোমাকে দেখছে না, দৈনন্দিন জীবনে নাক গলাচ্ছে না, কোনো পারিপার্শ্বিক চাপ নেই, এই অবাধ স্বাধীনতার ও কুফল আছে বৈকি! ছোটখাটো বিষয় থেকে মনোমালিন্য অনেক দূর গড়িয়ে যায়, প্রধান কারণ মধ্যস্ততা করার কেউ নেই, পরিবার,বন্ধু কেউ পাশে নেই। এটা ভাবা ঠিক নয় যে এক দম্পতির একজন কেউ খারাপ বা ভালো, উভয়েই নিজ নিজ যুক্তিতে হয়তো সঠিক, কিন্তু ব্যালান্স এর কোথাও একটা ছোট্ট ফাঁক আছে, হয়তো যে ফাঁকগুলো দেশে মা,মাসী,বন্ধুরা ভরিয়ে দিতে সাহায্য করতো! এদেশে সেই ফাঁক অনেক সময় গহ্বরে পরিণত হয়! অভিজ্ঞতা আর সময়ের প্রলেপে ধীরে ধীরে অনেক পরিবার কখনো আলোর মুখ দেখে আবার অনেকে হয়তো ভাঙনের পথেই এগোয়।

আমেরিকাতে বিবাহ বিচ্ছেদ সংক্রান্ত আইন এক এক রাজ্যে এক এক রকম। ক্যালিফোর্নিয়ার আইন হলো স্বামী বা স্ত্রী যে কোনো একজন ও যদি বিবাহ বিচ্ছেদ চায় এবং আপীল করে তবে তা কার্যকরী হবেই। ঝামেলা হবে সম্পত্তির ভাগাভাগি এবং সন্তানদের হেফাজত নিয়ে। এদেশে সম্পত্তি মানেই যৌথ। স্ত্রী যদি গৃহবধূ হয় আর কোনো কারণে বিবাহ বিচ্ছেদ হয় তাহলে সম্পত্তির অর্ধেক মালিকানা তার এবং সে সন্তানের ভরণ পোষণ ও পাবে। আদালত ই ঠিক করবে কোন অভিভাবক সন্তানের "best interest" পূরণ করতে পারবে। টাকা ও সম্পত্তি এবং সন্তান হাতছাড়া হওয়ার আশঙ্কায় অনেক বিয়েই তাই নমঃ নমঃ করে টিকে যায়। দুজনে চাকরি করলে আবার আইন অন্য। তবে বিচ্ছেদের পরেও এদেশে বাবা মা রা সুন্দর সম্পর্ক বজায় রাখেন ( কিছু ব্যতিক্রম অবশ্যই আছে)। বাচ্চারা মা বাবা দুজনেরই সঙ্গ পায়, পালা করে তাদের কাছে থাকে, স্কুলে বা কোনো বিশেষ অনুষ্ঠানে দুপক্ষই আসেন সন্তানের পাশে দাঁড়াতে। রোজকার অশান্তির থেকে মুক্তি পেতে অনেকেই বেছে নেন বিচ্ছেদ ,শান্তির খোঁজে। কিন্তু অনেক পরিবার প্রধানত ভারতীয় , তাঁরা চেষ্টা করেন বিয়েটা টিকিয়ে রাখতে....পুরুষেরা কিছুটা সন্তানের মুখ চেয়ে কিছুটা আবার প্রচুর ঝামেলার মধ্যে দিয়ে যেতে হবে এই ভয়ে, গৃহবধূরা কিছুটা এদেশে নিজেদের অনিশ্চিত ভবিষ্যতের ভয়ে অথবা একদিন সব দুঃসময় কেটে যাবে এই আশায় ভর করে! সময় থেমে থাকেনা।

(চলবে...)

কল্যাণী ঘোষ
৩রা মার্চ,2020

#NRIdiary5

টানাপোড়েন - একটি এক পেশে লেখা (রম্য রচনা) পর্ব ৪

টানাপোড়েন - একটি এক পেশে লেখা

(রম্য রচনা)
পর্ব ৪

সময়কাল - ২০০৩ পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া ও কলকাতা

এই সব নব দম্পতি এবং নবাগতরা গোড়ার দিকে আমেরিকা থেকে হয়তো দু বছরে একবার মাত্র কয়েকদিনের ছুটিতে দেশে যায়, কারণটা অবশ্যই আর্থিক টানাটানি,তারা তখন সবে উপার্জন করতে শুরু করেছে বিদেশ বিভূঁইয়ে। যাই হোক, যেটুকু সময় দেশে থাকা সেটা আবার মেয়েদের জন্য বাপের বাড়ি শ্বশুর বাড়ির মধ্যে ভাগাভাগি করা, বর বাবাজী(রা) কিন্তু নিজ পিতৃগৃহ ছেড়ে অন্যত্র রাত্রিবাস করবেন না, বড়োজোর দু এক বার শ্বশুর বাড়ি "ভিজিট" করতে পারেন, আর মেয়েগুলোর যত জ্বালা, শ্বশুরবাড়িতে না থাকলে "লোকে কি বলবে"! "নির্ঘাত বর বৌ এ মিলমিশ নেই" ইত্যাদি.... প্রাণটা ওদিকে মার সঙ্গে সারারাত গল্প করার জন্য কেঁদে মরে!

দেশে যারা থাকে কত্ত সুবিধা, বেশ কিছুদিন অথবা নিদেন পক্ষে এক উইকএন্ড ছানাপোনা নিয়ে বাপের বাড়ি কাটিয়ে আসতে পারে, আর আমেরিকাতে থাকলে এক মুহূর্ত একা হবার যো নেই গা, সব সময় ল্যাঙবোট নিয়ে ঘোরো! রাগ অভিমান হলেও দুদণ্ড কারোর বাড়ি কাটিয়ে আসা, তারপর স্বামী গিয়ে মানভঞ্জন করে নিয়ে আসা, এসব কোনো গল্পই নেই। হুঁ হুঁ বাবা ঝগড়া করছো করো, কিন্তু যাবেটা কোথায়?? বড়ো জোর সারাদিন মল এ টল এ কাটিয়ে সন্ধ্যেয় সেই হেঁসেলেই তো ঢুকতে হবে, নইলে খাবে কি? অতএব উভয়ের সূক্ষ্ম অনুভূতি গুলো ধীরে ধীরে মরে যেতে থাকে .... অভিমান জমতে জমতে ঠান্ডা বরফের চাঁই হয়ে যায়, দু পক্ষই জেনে যায় পালাবার পথ নেই, মেনে নাও সব। এদেশে একটা কথা খুব চলে, "Suck it up" , সেটাই করতে হয়।

(চলবে...)
কল্যাণী ঘোষ
১৪ই ফেব্রুয়ারী,2020

NRIdiary 4

সায়াহ্নে - গল্প

সায়াহ্নে
(গল্প)

গত দুদিন ঝমঝমিয়ে বৃষ্টি আর কাল ও সারারাত অঝোর ধারায় ঝরেছে। সেঁজুতির একার সংসার, একজন মাঝ বয়সী বউ লক্ষ্মী এসে বাসন মজা, ঘর মোছা, কাপড় কাচা এ গুলো করে দিয়ে যায়। সেই তিরিশ বছর আগে চাকরি নিয়ে কৃষ্ণনগর এ আসা, কিন্তু জলঙ্গী নদীর ধারে ঘূর্ণির মাটির পুতুলের টান কাটিয়ে আর ফেরা হলো না কলকাতায়। আর ফিরতই বা কার কাছে, সবাই তো গত হয়েছেন, সমবয়সী যাঁরা আছেন ষাটোর্ধ্ব, তাঁদেরও ক্রমশঃ জরা গ্রাস করছে। এই বেশ ভালো আছে সে, নিজের মতো। বাবা চলে যাবার পর মা একটা সময় খুব জোর করেছিলেন, বিয়ে করে সংসারী হতে,
"থিতু হ এবার" বলেছিলেন, "মেয়ে মানুষের মাথার ওপর একটা পুরুষের ছাদ দরকার", রাজি হয়নি সে। এখন তিনি ও আর নেই। খারাপ তো কিছু নেই সে, দিব্যি সংসার করছে। বেসরকারী কম্পানী থেকে সেচ্ছাবসর নিয়ে টাকাগুলো ব্যাংকের বিভিন্ন স্কিমে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্তে আছে অসুখ বলতে থাইরয়েড,সামান্য।

তিরিশ বছর আগে শ্যামাঙ্গিণী, মায়াবী মুখ আর ছিপছিপে চেহারার মেয়েটা এতদূরে চাকরির ইন্টারভিউ দিতে এলো যখন অফিসে বেশ শোরগোল পরে গেছিলো। কি ব্যাপার, বিয়ে করেনি, নিশ্চই কোনো গোলমাল আছে, ইত্যাদি। চাকরীটা হয়ে গেলো এবং বেশ সম্মানের সঙ্গে এতগুলো বছর কাটিয়েও দিলো। নামকরা বহুজাতিক সংস্থার একটা শাখা এই জেলারই প্রত্যন্ত অঞ্চলে, তারই সুপারভাইজার হিসেবে সেঁজুতির আগমন। মফঃস্বল বলে কথা, সবাই সবাই কে এক ডাকে চেনে।অফিস থেকেই একটা একতলা ছিমছাম বাড়ী দেখে রেখেছিল, অফিসের কাছে। গেটে মাধবীলতার তোরণ দেখেই মুগ্ধ হয়েছিল সে। একটু একটু করে নিজের হাতে সব সাজানো, কি অপার স্বাধীনতা, কারোর কাছে জবাবদিহি করতে হয়নি। বন্ধুদের কাছে শুনতো কারোর বিছানার চাদরটা পর্য্যন্ত কোন দিন কি পাতা হবে শাশুড়ি ঠিক করে দেবেন। অবশ্য সবাই সমান নয়, অনেক বন্ধু বিয়ে করে হয় বিদেশ নয় ভিন রাজ্যে আস্তানা গেড়েছিল। তাদের ও আবার আলাদা গল্প, কিছুতেই কেউ যেন সুখী নয়, সবেতেই অভিযোগ।

কিন্তু আজ সেঁজুতি বসে ভাবে, এগুলোর কোনোটাই তার বিয়ে না করার সিদ্ধান্তে ইন্ধন যোগায়নি,আসলে বিয়ের কোনো তাগিদই অনুভব করেনি সে। ছোট থেকেই প্রেমে পড়ার কোনো আগ্রহ ছিলনা, কিন্তু বন্ধুদের প্রেমপত্র লিখে দিতে দারুণ লাগতো, কখনোই কোনো ছেলে কে দেখে ওই অন্য বন্ধুদের মতো পাগল পাগল দশা ও হয়নি।‌ তা বলে সে সমকামীও নয়, জাস্ট এসব ভালো লাগেনা। কিন্তু সাধারণ লোক বুঝলে তো! আরে শরীর বলে একটা ব্যাপার আছে না, সেটা বেমালুম ভুলে আছে কি করে মেয়েটা। থাকলো কিন্তু সে ভারী সুন্দর ভাবে, বই পড়ে, গান গেয়ে, ছবি এঁকে, বাগান করে আর পাগলের মতো কাজ করে। তার কর্মদক্ষতা পুরুষদের ঈর্ষার বিষয় বৈকি। অনেক স্তাবক পেয়েছে সে, কেউ বা সুযোগ সন্ধানী। কিন্তু কোনো আকর্ষণই বোধ করেনি সেঁজুতি। ছোটোবেলায় ভারতীয় দর্শন তার মনে গভীর রেখাপাত করেছিল, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই দেহ পুড়ে ছাই হলেও আত্মা আবার নতুন জামা পড়ার মত অন্য শরীরে প্রবেশ করবে... শরীরের কাজটা তার মানে শুধুই আত্মাটাকে ঠিকঠাক খাঁচায় ধরে রাখা। তাহলে আত্মারই পরিচর্যা করা যাক, এই ভেবেছিল সে!

কিন্তু একা মেয়ে মানুষ যেন সমাজের বোঝা! বছর দশেক আগে দিল্লী থেকে একটা কাজ সেরে ফিরছিল ,রাজধানী এক্সপ্রেসের এসি টু টায়ার এ বুকিং। এক ভদ্রলোক এক বৃদ্ধা কে বসিয়ে দিয়ে গেলেন, " একটু দেখবেন দিদিভাই!" সেঁজুতি সাহায্য করেছিলো ওনাকে বাথরুমে যেতে, ওষুধ বার করে দিতে। তারপর হঠাৎই মাসীমার প্রশ্নবাণ নিক্ষেপিত হোলো, "এই মেয়ে , এত দিন বিয়ে করোনি কেনো? কি মতলব? কারোর সংসার ভাঙছো নাকি?" থতমত খেয়ে যায় সেঁজুতি, একি বিশ্রী ইঙ্গিত বয়োজ্যেষ্ঠার! উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সে। উনি কিন্তু বলেই চলেন, " রাগ কোরোনা মেয়ে , আমি একজন কে চিনি ,সে ওই রকম বড় চাকরী করে, একা থাকে কিন্তু স্বভাব চরিত্র ভালো নয়, অনেক তো দেখলাম"! মোটকথা মাথায় সিঁদুর আর হাতে নোয়া, এই দুটো নিয়ে মেয়েরা যা খুশী করার অধিকার অর্জন করে ফেলে, কেউ তাদের চট করে কিছু বলার সাহস পায়না, দু বার অন্তত ভাবে, সে নারী বা পুরুষ যেই হোক। ট্রেনে তাদের কথোপকথনে অনেকেই মুখে মৃদু হাসি নিয়ে না শোনার ভান করছিল, পরচর্চার থেকে মুখরোচক আর কি বা হতে পারে।

অনেক ভেবেও কূল কিনারা করতে পারেনা সেঁজুতি, কোনো পুরুষ মানুষ অবিবাহিত থেকে গেলে বলা হয়, " উনি ঋষি তুল্য মানুষ, বিয়ে না করেই জীবন কাটিয়ে দিলেন", কিন্তু নারীর বেলা অন্য নিয়ম। আধ্যাত্মিকতা পুরুষের এক চেটিয়া, মহান বস্তু, নারী কি বোঝে সেসবের মর্ম! তাছাড়া এতো জানাই কথা যে পুরুষ বিয়ে করে আর নারীর বিয়ে হয়! ভাগ্যিস কর্মক্ষেত্রে সবাই ধীরে ধীরে মেনে নেয় তার এই একা থাকা, অফিসই তার বৃহত্তর পরিবার হয়ে দাঁড়ায়। যদিও প্রতি মাসেই টাকা নিতে যাবার সময় বয়স্ক এবং হাঁপানী রুগী ক্যাশিয়ার বাবু একবার অপাঙ্গে দৃষ্টিপাত করে একই প্রশ্নের পুনরাবৃত্তি ঘটাতেন, 
" তা তুমি বিয়েটা কেন করলেনা?" উত্তরে অল্প হেসে চলে আসতো সেঁজুতি।
সেরকম অসুখ বিসুখ বা বিপদ আপদ তার হয়নি , কখনও কারোর সাহায্যই লাগেনি বলা যায়। একটাই লক্ষ্যে স্থির ছিল সে এযাবৎকাল , কোনো মায়ার বন্ধনে জড়ালে চলবেনা, এমন কি পশু পাখিও নয়। বন্ধনই সব অনিষ্টের মূল, মায়া ছাড়া মানুষ বাঁচতে পারেনা, সব জেনেও তারা মায়াজালে আবদ্ধ হতে এগিয়ে আসে, বাঁচার অবলম্বন খোঁজে!
আপাতত অবসর জীবন কিন্তু সেটাও রুটিনে বেঁধে ফেলেছে সেঁজুতি, সকালে চা খেয়েই হাঁটতে বেরোয়, এদিকটায় এখনও মুক্ত বাতাসের আনাগোনা, বহুতলের ছোবল ও বসেনি সেভাবে। ফিরে এসে ব্রাউন ব্রেডের টোস্ট, আবার কালো চা, কোনোদিনও ডিম। খাওয়া দাওয়াটা সে খুব সাধারণ আর সময়মত করে। সুস্থ্য আছে, শান্তিতে আছে, আর কি চাই?

কিন্তু বন্ধনের উৎপত্তি হোলো; কয়েকমাস আগে একটা দামী ফোন কিনেছে সেঁজুতি, উদ্দ্যেশ্য নানা ধরনের গল্পের বইএর ভান্ডার হাতের মুঠোয় এনে ফেলা, বই পড়া, এই একটাই তো নেশা তার। ইতিমধ্যেই স্কুল কলেজের বন্ধুরা হোয়াটস অ্যাপ গ্রুপ এ গুলতানি মারছে, সেও ঢুকে পড়ে এবার। হৈ চৈ শুরু হয় সেই ক্লাস সিক্সের মতই।এদের মধ্যে প্রায় সকলেই দিদিমা বা ঠাকুমা হয়ে গেছে, আলোচনা বলতে স্বামীর কথা বা কার ছেলে মেয়ে কতটা কৃতি , অথবা কে কত মোটা হোলো এই সব। মজার কথার আদান প্রদানও হয়। স্কুলে বরাবরই শান্ত বলে সুনাম সেঁজুতির, সাতে পাঁচে থাকতো না, খুব ঘনিষ্ঠ বন্ধু যেমন নেই তেমনি আবার সকলেই তার বন্ধু, তাই চ্যাট গ্রপেও নীরব শ্রোতা সে। কাল রাত বারোটা নাগাদ হঠাৎ গ্রুপের আলোটা জানান দেয় কেউ কিছু লিখলো, তাড়াতাড়ি হাতে নিয়ে দেখে দেবশ্রী লিখছে ,"সেজো হাতির দেমাকটা দেখিস ? টাকার গরমে মাটিতে পা ই পড়েনা!" বুকে একটা ঝটকা লাগে সেঁজুতির, বোঝাই যাচ্ছে তাকে নিয়ে গ্রুপে ভালোই আলোচনা হয় আলাদা আলাদা ভাবে, বিয়ে হয়নি বলে.... তাবলে অহঙ্কার ? তার? দেবশ্রীও লিখেই ভুলটা বুঝতে পারে যে সে গ্রুপে লিখে ফেলেছে, ডিলিট ও করে ফেলে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে।

সেঁজুতি ভাবে, এই যে সারাজীবন সব কিছুর থেকে নির্লিপ্ত থেকেও কয়েকশ কিলোমিটার দূরে বসেও আঘাত তাকে পেতেই হোলো....এবার কোথায় পালাবে সে? কার থেকে? নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছে কি সে?

কল্যাণী ঘোষ, ১৪ই এপ্রিল ২০২০

তনয়া - ছোটো গল্প

তনয়া
(ছোট গল্প)

প্রেমটা আজকাল দাম্পত্য জীবন থেকে উবেই গেছে, তার একটা কারণ এই তুই তোকারি করে কথা বলা। বলতে গেলে ৬০ ৭০ শতাংশ স্বামী স্ত্রী ওই ভাবে কথা বলে। রত্নাদেবী ছেলে আর বৌমার কীর্তি কলাপ দেখেন আর চোখ কপালে তোলেন। দাদু দিদিমার আমলে দেখে এসেছেন দাদুকে দিদিমা আপনি আজ্ঞে করতেন, লোক সমাজে এক গলা ঘোমটা, এমন কি খাবার পরিবেশন করার সময় ও বোঝা যেতো না স্বামী কোথায় আর ভাসুর কোথায় বসেছেন, ওনারা সময় বুঝে গলা খাঁকারি দিতেন, তখন বোঝা যেতো। তারপর মা বাবা নিজেদের মধ্যে তুমি করে বললেও স্বামীর কথা কাউকে বলার সময় "উনি" বলে উল্লেখ করতেন, আর স্বামীও স্ত্রীর সম্পর্কে সম্ভ্রমের সঙ্গে কথা বলতেন। মানে অদ্ভুত একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল। ওই সম্বোধনের আড়ালেই যেন অনেক না বলা অনুভূতি মিশে থাকতো। ডাকগুলো ও কি মধুর শোনাতো, একটু বয়স হলে, "ও গিন্নী", আর প্রথম দিকে "ওগো ,হ্যাঁগো"!

আর এরা? স্কুল বা অফিস থেকেই প্রেম, আর যেন মনে হয় পিঠোপিঠি ভাই বোন সব। উফফ ভাবা যায়না। এই ঝগড়া আবার এই ভাব। রোজই মনে হয় ডিভোর্স হয়ে যাবে, আবার তারপরই দেখা যায় বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ঢুকছে। ছেলের এই বছর তিনেক হলো বিয়ে হয়েছে, মানে করেছে,এই একটিই সবেধন নীলমণি তাঁর। ছেলে এমনিতে বাধ্যই, অশান্তি কিছুই নেই সংসারে, শুধু এই সারাক্ষণ তুই তোকারি। এই তো সেদিন বর্ধমান থেকে দাদারা এসেছিলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন, তার মধ্যে ছেলে বুল্টু, বৌমা মানে টুপুর কে স্নেহের স্বরে "অ্যা ই শো ও ওন" বলে গদগদ হয়ে ডাকলো আর ওমনি সে মেয়েও প্রজাপতির মতো উড়তে উড়তে "কি রে?" বলে এসে হাজির! দাদা বৌদি কেমন একটা করে তাকালেন, নিশ্চই ভাবছেন বোনের কোনোই অনুশাসন নেই, অথবা ওরা তাঁকে মান্যি গণ্যি করেনা। উনি অনেক বার চোখের ঈশারা করলেন, সেটা দেখে টুপুর বলে, "কি বলছো মা? এখন চা করবো?" বোঝো! ঘটে যদি একটুও বুদ্ধি থাকে!

পরদিন দুটো কে ডেকে রত্না দেবী বোঝাতে বসলেন শোন্ বাছা তোরা আমার সামনে বলছিস বল, কিন্তু অতিথি এলে একটু সমঝে চল, কি ভাবে বলতো সবাই? আমাদের সময় ওই জমাদার, ধোপা ওরাই তাদের বউদের তুই তোকারি করতো, কি যে করিস না..... ইত্যাদি প্রভৃতি! বুল্টু বলে "আচ্ছা মা, তাহলে একদিন আগে থেকে একটু রিহার্সাল দিয়ে নেবো।"
যেদিন মেয়েটা বিয়ের পর এ বাড়িতে এলো সেই প্রথম দিন থেকেই কোনো জড়তা নেই, এটা যেন বরাবরই তার নিজের বাড়ী। রত্না দেবীর শিক্ষা এবং সহবত তাঁকে তথাকথিত শাশুড়ি সুলভ অত্যাচার করা থেকে বিরত রেখেছে, কিন্তু তবুও কেমন যেন একটা অদ্ভুত ঈর্ষার বশে খুচ খাচ চিমটি কেটে ফেলতেন। যেমন, কাজের বউদের বলা ছিল সব ঘরের বিছানা পরিষ্কার করলেও বৌদির ঘরটা যেন না করা হয়, অথবা সপ্তাহান্তে সন্ধ্যে বেলার চা টা করলেন শুধু নিজের আর ছেলের জন্য, বৌমা তার মাঝে এসে পড়লে আকাশ থেকে পড়তেন, "তুমিও খেতে নাকি?" আরও আছে, একবার কোনো এক আত্মীয়া বৌমা কে দেখে বলেছিলেন, "বাহ কি মিষ্টি মুখখানা!" উনি সঙ্গে সঙ্গে " ওই সেজেগুজে থাকলে মন্দ দেখায় না"। কিন্তু এসবে মেয়েটার কোনো হেলদোল নেই, অবজ্ঞার ও তাচ্ছিল্যের মাস্টার ডিগ্রি নিয়েই শ্বশুর বাড়িতে পদার্পণ করেছে সে।

মাঝে মাঝে রাতে পাশের ঘরের দেয়ালে কান ও পেতেছেন, মেয়েটা কুটকুট করে তাঁর নামে কিছু বলছেনা তো? ছেলেটা পর হয়ে যাচ্ছেনা তো? কিন্তু তেমন কোনো কথা কাটাকাটিও কানে আসেনি। বাপের বাড়ী থেকে ফিরে আসার পর ও কখনো তেমন অশান্তি হয়নি, মানে বেয়ান ও তেমন কান ভাঙানি দেননি। বেশ অদ্ভুতই লাগতো। কিন্তু টুপুরের কিছু কিছু আচরণ খুব অস্বস্তিতে ফেলে ওনাকে, যেমন ,সক্কাল হলেই একটা বারমুডা পরে ঠ্যাং নাচাতে নাচাতে খাবার টেবিলে বসে চা খাবে আর খবরের কাগজ পড়বে। আরে আসে পাশে কাজের বউ রা ঘুরঘুর করে, এ বাড়ি ও বাড়ি কি বলে আসে কে জানে। উফ্ ধন্যি মেয়ে!

ছেলে বউ একই অফিসে কাজ করে ফলে যাতায়াত একই সঙ্গে বাড়ির গাড়ি করে, আর ফেরার পথে দুজনেই কিছুনা কিছু হাতে করে নিয়ে আসে। টুপুর কিছু কিনলে খুব উৎসাহ ভরে রত্না দেবী কে উপহার দেয় মুখে একরাশ প্রত্যাশা, কিন্তু উনি এ আর এমন কি জিনিস, এই রকম একটা মুখভঙ্গি করে পাশে সরিয়ে রাখেন। আসলে এটা ওনার স্বভাব, কাউকে তার সামনেই ঠিক প্রাণ খুলে প্রশংসা করতে পারেন না, মানে মুখ ফুটে কিছুতেই "তোমার এই ভালো....তোমার সেই ভালো" বলতে পারেননা। সামনা সামনি কাউকে এপ্রিশিয়েট করা তাঁর স্বভাব বিরুদ্ধ, কিন্তু টুপুরের কাছে ওনার বন্ধুদের পুত্রবধূ সমূহের রকমারী কৃতিত্বের কথা অতিরঞ্জিত করে বলতে একটুও পিছপা হননা। তারা কতো বিদুষী অথচ নম্র, সুন্দরী অথচ নিরহংকারী এই সব। আড়চোখে দেখেন মুখের একটা রেখাও কি কুঁচকলো? কাকস্য পরিবেদনা!

এরমধ্যে হঠাৎ একদিন রত্না দেবীর দুটো হাঁটুরই ঠিক নীচ থেকে বড় বড় জল ফোস্কার মত কিছু বেরিয়ে গেলো। প্রচন্ড গরম পড়েছে, কয়েক দিন ঘামাচি জাতীয় কিছু ভেবে তেমন গা করেননি, নিওস্পরিন লাগালেন, তিন দিন পর সেগুলো জলভরা তালশাঁসের মত দেখতে হয়ে গেল আর তেমনি যন্ত্রণা। ছেলে সঙ্গে সঙ্গে ডাক্তার বন্ধুদের ধরে করে একটা ইমারজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেললো। বিখ্যাত চর্ম বিশেষজ্ঞ তো দেখে আঁতকে উঠলেন, "কি করে বানালেন এটা"? এরপর গাদা ওষুধ এবং একটা ছোট্ট সার্জারি ও বাওপসি। "একটু বিশ্রাম নেবেন আর পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন, আবার ১০ দিন পর দেখবো, ভয় পাবেন না, biopsy টা রুটিনের মধ্যেই পড়ে" স্তোক বাক্য দিলেন ডাক্তারবাবু। ছেলে বউ দুজনেই ছুটি নিয়ে তাঁর সঙ্গে এসেছিল। বাড়ি ফেরার পথে টুপুর মাঝপথে নেমে গেলো কাজ আছে বলে অগত্যা বুল্টুই চা করে খাওয়ালো। সন্ধ্যে সাতটা নাগাদ কলিং বেল বাজলো, ধিঙ্গী মেয়ে ঘেমে চান করে দু হাতে ঢাউস ব্যাগ আর কাগজে মোড়ানো কিছু একটা নিয়ে বাড়ি ঢুকলেন।
"এতক্ষণে সময় হলো, হুঁহ্", ভাবলেন তিনি।
ঘরে ঢুকেই প্যাকেট থেকে তিনটে বারমুডা, তিনটে টপ, আর একটা বসে চান করার অর্থপেডিক টুল বার করলো মেয়েটা তার ম্যাজিক ঝুলি থেকে। "চলো তোমার ড্রেসিংটা করে স্পঞ্জিং দিয়ে দি, এই টুলে বসে চান করবে, কেমন? আর তারপর এই গুলো অঙ্গে তুলতে হবে কিন্তু, নইলে ফোস্কাগুলো ঘষা লেগে আরো ভয়ংকর কিছু হয়ে যাবে"! নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করলো রত্না দেবীর।

কল্যাণী ঘোষ
২২ শে এপ্রিল, ২০২০

Saturday, April 11, 2020

টানাপোড়েন পর্ব ২ ( রম্য রচনা)

টানাপোড়েন - একটি এক পেশে লেখা
(রম্য রচনা)

সময়কাল - ২০০৩ পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া ও কলকাতা

পর্ব ২

বছর কুড়ি আগে তো হোয়াটস্যাপ এর এত রমরমা ছিল না, কলিং কার্ড কিনে দেশে ফোন করতে হতো, ফোনে কোনো মতে মার হাতে খাওয়া প্রিয় চিংড়ির বাটি চচ্চড়ির রেসিপি আর বরকে খুশী করার জন্য চিলি চিকেনের সহজ পন্থা সব জেনে নেওয়া। তখনও আকাশপথে চিঠি এসেছে.... মায়েদের গন্ধ মাখা, স্নেহ আর শঙ্কা মেশানো প্রতিটা অক্ষর! কি জানি কেমন আছে মেয়েটা দূর বিদেশে, কখনো এক গ্লাস জল ও গড়িয়ে খায়নি, বাপসোহাগী কন্যা আমার! ইস্ জীবনে কি কখনো জামাই ষষ্ঠী করে খাওয়াতে পারবো ছেলেটাকে? হুট বললেই তো আর আসা হয় না!

ছেলেমেয়েরা বাইরে আসার প্রথম সুফল হলো বুড়ো বুড়ি সব মা বাবার নতুন ডেস্কটপ এবং পরে ল্যাপটপ, তার ও পরে স্মার্টফোনের মালিকানা প্রাপ্তি। বাড়ীতে BSNL এর আগমন, কিন্ত তার পশ্চাতে এল বংশদণ্ড স্বরূপ হট মেইল, মেসেঞ্জার ইত্যাদির প্রশিক্ষণ নেওয়া পর্ব। স্বল্প ছুটিতে বাড়ি গিয়েই স্টেপ বাই স্টেপ কোথায় কি ক্লিক করবে, কি টাইপ করবে সব লিখে দেওয়া, পড়া ধরা, মা দের তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! তোরা দুটিতে ভালো থাক তাহলেই হবে! মেয়ে আতঙ্কিত, আর মোটে এক সপ্তাহ বাকি এর মধ্যেও যদি মা না শিখতে পারে?
মেয়ে,
"উফফ এত বার করে দেখাচ্ছি ওই লাল ঢেড়া টা ক্লিক করো ,বন্ধ হয়ে যাবে, একদম মাথা মোটা"!

মা র বক্তব্য,
"আরে সে তো বুঝলাম কিন্তু ওখানে যাবো কি করে? এদিকে নীল ডমরু যে ঘুরেই চলেছে"!

"উফফ কিচ্ছু হবেনা আমাদের দেশে, এত স্লো ইন্টারনেট হতে পারে?" ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় মেয়ের, বিদেশে তো চোখের পলকে ৩ টে ব্রাউজার খুলে যায়।
"আচ্ছা তুমি সরো , আমি ওনাকে বোঝাচ্ছি", অবশেষে জামাই বাবাজি এসে হাল ধরে, কিন্তু শাশুড়ি মা আরো সিঁটিয়ে যান, এই সেরেছে, এবার জামাই এর কাছেও স্মৃতি শক্তি ও মেধার পরীক্ষা দিতে হবে?এই বয়সে? যাই হোক তিনি পরীক্ষায় মোটামুটি উৎরে যান, জামাই এর মুখেও বিজয়ীর হাসি আর মেয়ের মনে স্বস্তি,যাক বাবা এবার যখন তখন ভিডিও কলে মা কে দেখা যাবে!

টানাপোড়েন - একটি এক পেশে লেখা

(রম্য রচনা)
পর্ব ৩

সময়কাল - ২০০৩ পরবর্তী

স্থান- ওহায়ো ও ক্যালিফোর্নিয়া

তো ওই সব বিদুষী,আহ্লাদী,আদুরী কন্যারা বিয়ে শাদী করে আমেরিকার বক্ষে পদার্পণ করল। কত্তাদের অফিস অনেক সময় প্রথম একমাস হোটেলে থাকার বন্দোবস্ত করে দেয়, সেখানে বড়ই আরামে থাকা। ব্রেকফাস্ট ফ্রী, আর আমেরিকার বোধহয় ওই টি সব চেয়ে সেরা! কি থাকতো না মেনু তে, ডিমের রকমারি, বেকড বিন্স, দুধ সিরিয়াল, ফল,জুস, সসেজ, হ্যাশ ব্রাউন, প্যান কেক ও সিরাপ খাও কত খাবে, মোটামুটি ব্রাঞ্চ। সপ্তাহে একদিন আবার ডিনারে বার্বিকিউ হতো, সে ও ফ্রী ,আহা তোফা! হ্যাম বার্গার, ভেজ প্যাটি, হট ডগ, আর ওয়াইন। কিন্তু সুখের দিন ক্ষণস্থায়ী, সামনে কি অপেক্ষা করছে তখনও বোঝা যায়নি।

এ্যাপার্টমেন্ট এ উঠে যাবার পর সামাজিক প্রথামত নববধূগণ রান্না করার এবং গৃহস্থালি কাজকম্ম করার হাড়িকাঠে স্বেচ্ছায় গলা বাড়িয়ে দিলো, প্রথম রাতেই যদি বেড়াল মারত আমার দ্বারা এসব হবে না বলে ,তাহলে হয়তো কত্তারাও একটু নড়েচড়ে বসত, কিন্তু না," বাংলার বধূ"...
রান্না বান্না কি আর " চাট্টিখানি কতা"!! উপকরণ বলতে সবেধন নীলমণি এক ছোট্ট প্রেশার কুকার আর বিয়েতে পাওয়া লীলা মজুমদার ও কমলা চট্টোপাধ্যায় এর অমূল্য রান্নার বই! প্রথম এক মাস তো যন্ত্রপাতি করায়ত্ত করতেই কেটে গেলো! কোনো কোনো উনুন গ্যাস এ তো কোনোটা ইলেকট্রিক এ, তাতে আঁচ কমিয়ে বাড়িয়ে রান্না হয়না, কিছুতেই মনের মত কষানো যায় না, পেল্লায় ওভেন এ আদ্ধেক সময় পিৎজা বানাতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলে ফায়ার অ্যালার্ম বাজিয়ে ফেলা , এদিকে বাইরে (সিনসিনাটি শহর) বরফ পড়ছে দরজা জানলা ও খোলা যাবেনা, কেলেঙ্কারির একসা!

প্রথম প্রথম খাবার বলতে হয়তো এক বেলা গলা ভাত বা খিচুড়ি তো বিকেলে পিৎজা বা বার্গার । রপ্ত করতে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে সব্জি কাটা, প্রায়ই খুনোখুনি কাণ্ড! গোটা মুরগি কাটা মানে একটা আঙ্গুল বা হাত ও কেটে যেতে পারে, তখনও হাড় সমেত কাটা চিকেন এর খোঁজ মেলেনি। ভারতীয় মুদি দোকানগুলোতে প্যাকেটে রান্না করা তরকারি পাওয়া যেত রেডী টু ইট, খুব উন্নত মানের নয়, কিন্তু তাই দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হতো।

এর পর ইন্টারনেট ঘেঁটে কিছু সোজা রান্না শুরু হলো, যা পাও বেক করো তেল মসলা মাখিয়ে। ডিমই ছিল মধুসূদন দাদা আর সঙ্গে ঠেকা দিত ফ্রেঞ্চ ফ্রাই। লুচি , মিষ্টান্ন, বিরিয়ানি সব স্বপ্নে এসে ভীড় করতো। শনি রবিবার ভারতীয় বাফে খুঁজে খেয়ে আসা হতো। বুভুক্ষুর মত খাবার গুলোর ওপর ঝাঁপিয়ে পড়া এবং সাবাড় করা, একদম গুপী বাঘা কেস!

ক্যালিফোর্নিয়াতে যেহেতু প্রচুর মেক্সিকান তাই মাছ (বিশাল তেলাপিয়া, পমফ্রেট,স্যামন, চিংড়ি, ব্যাস, ক্যাট ফিশ ইত্যাদি), পাঁঠার মাংস (অস্ট্রেলিয়া থেকে আসে) পেতে অসুবিধা নেই। আজকাল জীবন অনেক সহজ, ভারতীয় মসলা পাতি ও খাবার দাবার এর দোকান স্যান ডিয়েগো তে রমরম করে চলছে এবং পুই শাক থেকে শুরু করে নিম পাতা আবার ফুচকা থেকে শুরু করে পোস্ত সব কিছুই সেখানে পাওয়া যাচ্ছে। মাসে একবার গিয়ে সেগুলো এনে ফ্রিজে ভরে দিলেই হলো। সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা বাড়িতেই প্রথাগত রান্না বান্না করে, ডাল, ভাত, মাছ,সবজি,মাংস ইত্যাদি এবং আবিষ্কার করে রান্নার নিত্য নতুন সহজ পদ্ধতি যাতে সব দিক বজায় রাখা যায়। গৃহ ও গৃহের পারিপার্শ্বিক আবহাওয়া রান্নার সুগন্ধে ম ম করতে থাকে আর আজকের রন্ধন পটু দ্রৌপদীরা ঘর্মাক্ত অথচ গর্বিত মুখে খাবার পরিবেশনে মন দেয়!

NRIdiary3
(চলবে...)

কল্যাণী ঘোষ
২৭ এ ফেব্রুয়ারী,2020


(চলবে...)
কল্যাণী ঘোষ
১৪ই ফেব্রুয়ারী,2020

#NRIdiary2