Saturday, April 11, 2020

টানাপোড়েন পর্ব ২ ( রম্য রচনা)

টানাপোড়েন - একটি এক পেশে লেখা
(রম্য রচনা)

সময়কাল - ২০০৩ পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া ও কলকাতা

পর্ব ২

বছর কুড়ি আগে তো হোয়াটস্যাপ এর এত রমরমা ছিল না, কলিং কার্ড কিনে দেশে ফোন করতে হতো, ফোনে কোনো মতে মার হাতে খাওয়া প্রিয় চিংড়ির বাটি চচ্চড়ির রেসিপি আর বরকে খুশী করার জন্য চিলি চিকেনের সহজ পন্থা সব জেনে নেওয়া। তখনও আকাশপথে চিঠি এসেছে.... মায়েদের গন্ধ মাখা, স্নেহ আর শঙ্কা মেশানো প্রতিটা অক্ষর! কি জানি কেমন আছে মেয়েটা দূর বিদেশে, কখনো এক গ্লাস জল ও গড়িয়ে খায়নি, বাপসোহাগী কন্যা আমার! ইস্ জীবনে কি কখনো জামাই ষষ্ঠী করে খাওয়াতে পারবো ছেলেটাকে? হুট বললেই তো আর আসা হয় না!

ছেলেমেয়েরা বাইরে আসার প্রথম সুফল হলো বুড়ো বুড়ি সব মা বাবার নতুন ডেস্কটপ এবং পরে ল্যাপটপ, তার ও পরে স্মার্টফোনের মালিকানা প্রাপ্তি। বাড়ীতে BSNL এর আগমন, কিন্ত তার পশ্চাতে এল বংশদণ্ড স্বরূপ হট মেইল, মেসেঞ্জার ইত্যাদির প্রশিক্ষণ নেওয়া পর্ব। স্বল্প ছুটিতে বাড়ি গিয়েই স্টেপ বাই স্টেপ কোথায় কি ক্লিক করবে, কি টাইপ করবে সব লিখে দেওয়া, পড়া ধরা, মা দের তখন ছেড়ে দে মা কেঁদে বাঁচি অবস্থা! তোরা দুটিতে ভালো থাক তাহলেই হবে! মেয়ে আতঙ্কিত, আর মোটে এক সপ্তাহ বাকি এর মধ্যেও যদি মা না শিখতে পারে?
মেয়ে,
"উফফ এত বার করে দেখাচ্ছি ওই লাল ঢেড়া টা ক্লিক করো ,বন্ধ হয়ে যাবে, একদম মাথা মোটা"!

মা র বক্তব্য,
"আরে সে তো বুঝলাম কিন্তু ওখানে যাবো কি করে? এদিকে নীল ডমরু যে ঘুরেই চলেছে"!

"উফফ কিচ্ছু হবেনা আমাদের দেশে, এত স্লো ইন্টারনেট হতে পারে?" ধৈর্য্যের বাঁধ ভেঙে যায় মেয়ের, বিদেশে তো চোখের পলকে ৩ টে ব্রাউজার খুলে যায়।
"আচ্ছা তুমি সরো , আমি ওনাকে বোঝাচ্ছি", অবশেষে জামাই বাবাজি এসে হাল ধরে, কিন্তু শাশুড়ি মা আরো সিঁটিয়ে যান, এই সেরেছে, এবার জামাই এর কাছেও স্মৃতি শক্তি ও মেধার পরীক্ষা দিতে হবে?এই বয়সে? যাই হোক তিনি পরীক্ষায় মোটামুটি উৎরে যান, জামাই এর মুখেও বিজয়ীর হাসি আর মেয়ের মনে স্বস্তি,যাক বাবা এবার যখন তখন ভিডিও কলে মা কে দেখা যাবে!

টানাপোড়েন - একটি এক পেশে লেখা

(রম্য রচনা)
পর্ব ৩

সময়কাল - ২০০৩ পরবর্তী

স্থান- ওহায়ো ও ক্যালিফোর্নিয়া

তো ওই সব বিদুষী,আহ্লাদী,আদুরী কন্যারা বিয়ে শাদী করে আমেরিকার বক্ষে পদার্পণ করল। কত্তাদের অফিস অনেক সময় প্রথম একমাস হোটেলে থাকার বন্দোবস্ত করে দেয়, সেখানে বড়ই আরামে থাকা। ব্রেকফাস্ট ফ্রী, আর আমেরিকার বোধহয় ওই টি সব চেয়ে সেরা! কি থাকতো না মেনু তে, ডিমের রকমারি, বেকড বিন্স, দুধ সিরিয়াল, ফল,জুস, সসেজ, হ্যাশ ব্রাউন, প্যান কেক ও সিরাপ খাও কত খাবে, মোটামুটি ব্রাঞ্চ। সপ্তাহে একদিন আবার ডিনারে বার্বিকিউ হতো, সে ও ফ্রী ,আহা তোফা! হ্যাম বার্গার, ভেজ প্যাটি, হট ডগ, আর ওয়াইন। কিন্তু সুখের দিন ক্ষণস্থায়ী, সামনে কি অপেক্ষা করছে তখনও বোঝা যায়নি।

এ্যাপার্টমেন্ট এ উঠে যাবার পর সামাজিক প্রথামত নববধূগণ রান্না করার এবং গৃহস্থালি কাজকম্ম করার হাড়িকাঠে স্বেচ্ছায় গলা বাড়িয়ে দিলো, প্রথম রাতেই যদি বেড়াল মারত আমার দ্বারা এসব হবে না বলে ,তাহলে হয়তো কত্তারাও একটু নড়েচড়ে বসত, কিন্তু না," বাংলার বধূ"...
রান্না বান্না কি আর " চাট্টিখানি কতা"!! উপকরণ বলতে সবেধন নীলমণি এক ছোট্ট প্রেশার কুকার আর বিয়েতে পাওয়া লীলা মজুমদার ও কমলা চট্টোপাধ্যায় এর অমূল্য রান্নার বই! প্রথম এক মাস তো যন্ত্রপাতি করায়ত্ত করতেই কেটে গেলো! কোনো কোনো উনুন গ্যাস এ তো কোনোটা ইলেকট্রিক এ, তাতে আঁচ কমিয়ে বাড়িয়ে রান্না হয়না, কিছুতেই মনের মত কষানো যায় না, পেল্লায় ওভেন এ আদ্ধেক সময় পিৎজা বানাতে গিয়ে সেটা পুড়িয়ে ফেলে ফায়ার অ্যালার্ম বাজিয়ে ফেলা , এদিকে বাইরে (সিনসিনাটি শহর) বরফ পড়ছে দরজা জানলা ও খোলা যাবেনা, কেলেঙ্কারির একসা!

প্রথম প্রথম খাবার বলতে হয়তো এক বেলা গলা ভাত বা খিচুড়ি তো বিকেলে পিৎজা বা বার্গার । রপ্ত করতে হলো দাঁড়িয়ে দাঁড়িয়ে ছুরি দিয়ে সব্জি কাটা, প্রায়ই খুনোখুনি কাণ্ড! গোটা মুরগি কাটা মানে একটা আঙ্গুল বা হাত ও কেটে যেতে পারে, তখনও হাড় সমেত কাটা চিকেন এর খোঁজ মেলেনি। ভারতীয় মুদি দোকানগুলোতে প্যাকেটে রান্না করা তরকারি পাওয়া যেত রেডী টু ইট, খুব উন্নত মানের নয়, কিন্তু তাই দিয়েই দুধের স্বাদ ঘোলে মেটাতে হতো।

এর পর ইন্টারনেট ঘেঁটে কিছু সোজা রান্না শুরু হলো, যা পাও বেক করো তেল মসলা মাখিয়ে। ডিমই ছিল মধুসূদন দাদা আর সঙ্গে ঠেকা দিত ফ্রেঞ্চ ফ্রাই। লুচি , মিষ্টান্ন, বিরিয়ানি সব স্বপ্নে এসে ভীড় করতো। শনি রবিবার ভারতীয় বাফে খুঁজে খেয়ে আসা হতো। বুভুক্ষুর মত খাবার গুলোর ওপর ঝাঁপিয়ে পড়া এবং সাবাড় করা, একদম গুপী বাঘা কেস!

ক্যালিফোর্নিয়াতে যেহেতু প্রচুর মেক্সিকান তাই মাছ (বিশাল তেলাপিয়া, পমফ্রেট,স্যামন, চিংড়ি, ব্যাস, ক্যাট ফিশ ইত্যাদি), পাঁঠার মাংস (অস্ট্রেলিয়া থেকে আসে) পেতে অসুবিধা নেই। আজকাল জীবন অনেক সহজ, ভারতীয় মসলা পাতি ও খাবার দাবার এর দোকান স্যান ডিয়েগো তে রমরম করে চলছে এবং পুই শাক থেকে শুরু করে নিম পাতা আবার ফুচকা থেকে শুরু করে পোস্ত সব কিছুই সেখানে পাওয়া যাচ্ছে। মাসে একবার গিয়ে সেগুলো এনে ফ্রিজে ভরে দিলেই হলো। সংখ্যাগরিষ্ঠ ভারতীয়রা বাড়িতেই প্রথাগত রান্না বান্না করে, ডাল, ভাত, মাছ,সবজি,মাংস ইত্যাদি এবং আবিষ্কার করে রান্নার নিত্য নতুন সহজ পদ্ধতি যাতে সব দিক বজায় রাখা যায়। গৃহ ও গৃহের পারিপার্শ্বিক আবহাওয়া রান্নার সুগন্ধে ম ম করতে থাকে আর আজকের রন্ধন পটু দ্রৌপদীরা ঘর্মাক্ত অথচ গর্বিত মুখে খাবার পরিবেশনে মন দেয়!

NRIdiary3
(চলবে...)

কল্যাণী ঘোষ
২৭ এ ফেব্রুয়ারী,2020


(চলবে...)
কল্যাণী ঘোষ
১৪ই ফেব্রুয়ারী,2020

#NRIdiary2

No comments:

Post a Comment