Friday, April 24, 2020

তনয়া - ছোটো গল্প

তনয়া
(ছোট গল্প)

প্রেমটা আজকাল দাম্পত্য জীবন থেকে উবেই গেছে, তার একটা কারণ এই তুই তোকারি করে কথা বলা। বলতে গেলে ৬০ ৭০ শতাংশ স্বামী স্ত্রী ওই ভাবে কথা বলে। রত্নাদেবী ছেলে আর বৌমার কীর্তি কলাপ দেখেন আর চোখ কপালে তোলেন। দাদু দিদিমার আমলে দেখে এসেছেন দাদুকে দিদিমা আপনি আজ্ঞে করতেন, লোক সমাজে এক গলা ঘোমটা, এমন কি খাবার পরিবেশন করার সময় ও বোঝা যেতো না স্বামী কোথায় আর ভাসুর কোথায় বসেছেন, ওনারা সময় বুঝে গলা খাঁকারি দিতেন, তখন বোঝা যেতো। তারপর মা বাবা নিজেদের মধ্যে তুমি করে বললেও স্বামীর কথা কাউকে বলার সময় "উনি" বলে উল্লেখ করতেন, আর স্বামীও স্ত্রীর সম্পর্কে সম্ভ্রমের সঙ্গে কথা বলতেন। মানে অদ্ভুত একটা শ্রদ্ধা মিশ্রিত ভালোবাসা ছিল। ওই সম্বোধনের আড়ালেই যেন অনেক না বলা অনুভূতি মিশে থাকতো। ডাকগুলো ও কি মধুর শোনাতো, একটু বয়স হলে, "ও গিন্নী", আর প্রথম দিকে "ওগো ,হ্যাঁগো"!

আর এরা? স্কুল বা অফিস থেকেই প্রেম, আর যেন মনে হয় পিঠোপিঠি ভাই বোন সব। উফফ ভাবা যায়না। এই ঝগড়া আবার এই ভাব। রোজই মনে হয় ডিভোর্স হয়ে যাবে, আবার তারপরই দেখা যায় বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ঢুকছে। ছেলের এই বছর তিনেক হলো বিয়ে হয়েছে, মানে করেছে,এই একটিই সবেধন নীলমণি তাঁর। ছেলে এমনিতে বাধ্যই, অশান্তি কিছুই নেই সংসারে, শুধু এই সারাক্ষণ তুই তোকারি। এই তো সেদিন বর্ধমান থেকে দাদারা এসেছিলেন, দুপুরে খাওয়া দাওয়া করলেন, তার মধ্যে ছেলে বুল্টু, বৌমা মানে টুপুর কে স্নেহের স্বরে "অ্যা ই শো ও ওন" বলে গদগদ হয়ে ডাকলো আর ওমনি সে মেয়েও প্রজাপতির মতো উড়তে উড়তে "কি রে?" বলে এসে হাজির! দাদা বৌদি কেমন একটা করে তাকালেন, নিশ্চই ভাবছেন বোনের কোনোই অনুশাসন নেই, অথবা ওরা তাঁকে মান্যি গণ্যি করেনা। উনি অনেক বার চোখের ঈশারা করলেন, সেটা দেখে টুপুর বলে, "কি বলছো মা? এখন চা করবো?" বোঝো! ঘটে যদি একটুও বুদ্ধি থাকে!

পরদিন দুটো কে ডেকে রত্না দেবী বোঝাতে বসলেন শোন্ বাছা তোরা আমার সামনে বলছিস বল, কিন্তু অতিথি এলে একটু সমঝে চল, কি ভাবে বলতো সবাই? আমাদের সময় ওই জমাদার, ধোপা ওরাই তাদের বউদের তুই তোকারি করতো, কি যে করিস না..... ইত্যাদি প্রভৃতি! বুল্টু বলে "আচ্ছা মা, তাহলে একদিন আগে থেকে একটু রিহার্সাল দিয়ে নেবো।"
যেদিন মেয়েটা বিয়ের পর এ বাড়িতে এলো সেই প্রথম দিন থেকেই কোনো জড়তা নেই, এটা যেন বরাবরই তার নিজের বাড়ী। রত্না দেবীর শিক্ষা এবং সহবত তাঁকে তথাকথিত শাশুড়ি সুলভ অত্যাচার করা থেকে বিরত রেখেছে, কিন্তু তবুও কেমন যেন একটা অদ্ভুত ঈর্ষার বশে খুচ খাচ চিমটি কেটে ফেলতেন। যেমন, কাজের বউদের বলা ছিল সব ঘরের বিছানা পরিষ্কার করলেও বৌদির ঘরটা যেন না করা হয়, অথবা সপ্তাহান্তে সন্ধ্যে বেলার চা টা করলেন শুধু নিজের আর ছেলের জন্য, বৌমা তার মাঝে এসে পড়লে আকাশ থেকে পড়তেন, "তুমিও খেতে নাকি?" আরও আছে, একবার কোনো এক আত্মীয়া বৌমা কে দেখে বলেছিলেন, "বাহ কি মিষ্টি মুখখানা!" উনি সঙ্গে সঙ্গে " ওই সেজেগুজে থাকলে মন্দ দেখায় না"। কিন্তু এসবে মেয়েটার কোনো হেলদোল নেই, অবজ্ঞার ও তাচ্ছিল্যের মাস্টার ডিগ্রি নিয়েই শ্বশুর বাড়িতে পদার্পণ করেছে সে।

মাঝে মাঝে রাতে পাশের ঘরের দেয়ালে কান ও পেতেছেন, মেয়েটা কুটকুট করে তাঁর নামে কিছু বলছেনা তো? ছেলেটা পর হয়ে যাচ্ছেনা তো? কিন্তু তেমন কোনো কথা কাটাকাটিও কানে আসেনি। বাপের বাড়ী থেকে ফিরে আসার পর ও কখনো তেমন অশান্তি হয়নি, মানে বেয়ান ও তেমন কান ভাঙানি দেননি। বেশ অদ্ভুতই লাগতো। কিন্তু টুপুরের কিছু কিছু আচরণ খুব অস্বস্তিতে ফেলে ওনাকে, যেমন ,সক্কাল হলেই একটা বারমুডা পরে ঠ্যাং নাচাতে নাচাতে খাবার টেবিলে বসে চা খাবে আর খবরের কাগজ পড়বে। আরে আসে পাশে কাজের বউ রা ঘুরঘুর করে, এ বাড়ি ও বাড়ি কি বলে আসে কে জানে। উফ্ ধন্যি মেয়ে!

ছেলে বউ একই অফিসে কাজ করে ফলে যাতায়াত একই সঙ্গে বাড়ির গাড়ি করে, আর ফেরার পথে দুজনেই কিছুনা কিছু হাতে করে নিয়ে আসে। টুপুর কিছু কিনলে খুব উৎসাহ ভরে রত্না দেবী কে উপহার দেয় মুখে একরাশ প্রত্যাশা, কিন্তু উনি এ আর এমন কি জিনিস, এই রকম একটা মুখভঙ্গি করে পাশে সরিয়ে রাখেন। আসলে এটা ওনার স্বভাব, কাউকে তার সামনেই ঠিক প্রাণ খুলে প্রশংসা করতে পারেন না, মানে মুখ ফুটে কিছুতেই "তোমার এই ভালো....তোমার সেই ভালো" বলতে পারেননা। সামনা সামনি কাউকে এপ্রিশিয়েট করা তাঁর স্বভাব বিরুদ্ধ, কিন্তু টুপুরের কাছে ওনার বন্ধুদের পুত্রবধূ সমূহের রকমারী কৃতিত্বের কথা অতিরঞ্জিত করে বলতে একটুও পিছপা হননা। তারা কতো বিদুষী অথচ নম্র, সুন্দরী অথচ নিরহংকারী এই সব। আড়চোখে দেখেন মুখের একটা রেখাও কি কুঁচকলো? কাকস্য পরিবেদনা!

এরমধ্যে হঠাৎ একদিন রত্না দেবীর দুটো হাঁটুরই ঠিক নীচ থেকে বড় বড় জল ফোস্কার মত কিছু বেরিয়ে গেলো। প্রচন্ড গরম পড়েছে, কয়েক দিন ঘামাচি জাতীয় কিছু ভেবে তেমন গা করেননি, নিওস্পরিন লাগালেন, তিন দিন পর সেগুলো জলভরা তালশাঁসের মত দেখতে হয়ে গেল আর তেমনি যন্ত্রণা। ছেলে সঙ্গে সঙ্গে ডাক্তার বন্ধুদের ধরে করে একটা ইমারজেন্সি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ফেললো। বিখ্যাত চর্ম বিশেষজ্ঞ তো দেখে আঁতকে উঠলেন, "কি করে বানালেন এটা"? এরপর গাদা ওষুধ এবং একটা ছোট্ট সার্জারি ও বাওপসি। "একটু বিশ্রাম নেবেন আর পুষ্টিকর খাওয়া দাওয়া করবেন, আবার ১০ দিন পর দেখবো, ভয় পাবেন না, biopsy টা রুটিনের মধ্যেই পড়ে" স্তোক বাক্য দিলেন ডাক্তারবাবু। ছেলে বউ দুজনেই ছুটি নিয়ে তাঁর সঙ্গে এসেছিল। বাড়ি ফেরার পথে টুপুর মাঝপথে নেমে গেলো কাজ আছে বলে অগত্যা বুল্টুই চা করে খাওয়ালো। সন্ধ্যে সাতটা নাগাদ কলিং বেল বাজলো, ধিঙ্গী মেয়ে ঘেমে চান করে দু হাতে ঢাউস ব্যাগ আর কাগজে মোড়ানো কিছু একটা নিয়ে বাড়ি ঢুকলেন।
"এতক্ষণে সময় হলো, হুঁহ্", ভাবলেন তিনি।
ঘরে ঢুকেই প্যাকেট থেকে তিনটে বারমুডা, তিনটে টপ, আর একটা বসে চান করার অর্থপেডিক টুল বার করলো মেয়েটা তার ম্যাজিক ঝুলি থেকে। "চলো তোমার ড্রেসিংটা করে স্পঞ্জিং দিয়ে দি, এই টুলে বসে চান করবে, কেমন? আর তারপর এই গুলো অঙ্গে তুলতে হবে কিন্তু, নইলে ফোস্কাগুলো ঘষা লেগে আরো ভয়ংকর কিছু হয়ে যাবে"! নিজের গালে ঠাস ঠাস করে চড় মারতে ইচ্ছে করলো রত্না দেবীর।

কল্যাণী ঘোষ
২২ শে এপ্রিল, ২০২০

No comments:

Post a Comment