সায়াহ্নে
(গল্প)
গত দুদিন ঝমঝমিয়ে বৃষ্টি আর কাল ও সারারাত অঝোর ধারায় ঝরেছে। সেঁজুতির একার সংসার, একজন মাঝ বয়সী বউ লক্ষ্মী এসে বাসন মজা, ঘর মোছা, কাপড় কাচা এ গুলো করে দিয়ে যায়। সেই তিরিশ বছর আগে চাকরি নিয়ে কৃষ্ণনগর এ আসা, কিন্তু জলঙ্গী নদীর ধারে ঘূর্ণির মাটির পুতুলের টান কাটিয়ে আর ফেরা হলো না কলকাতায়। আর ফিরতই বা কার কাছে, সবাই তো গত হয়েছেন, সমবয়সী যাঁরা আছেন ষাটোর্ধ্ব, তাঁদেরও ক্রমশঃ জরা গ্রাস করছে। এই বেশ ভালো আছে সে, নিজের মতো। বাবা চলে যাবার পর মা একটা সময় খুব জোর করেছিলেন, বিয়ে করে সংসারী হতে,
"থিতু হ এবার" বলেছিলেন, "মেয়ে মানুষের মাথার ওপর একটা পুরুষের ছাদ দরকার", রাজি হয়নি সে। এখন তিনি ও আর নেই। খারাপ তো কিছু নেই সে, দিব্যি সংসার করছে। বেসরকারী কম্পানী থেকে সেচ্ছাবসর নিয়ে টাকাগুলো ব্যাংকের বিভিন্ন স্কিমে ঢুকিয়ে দিয়ে নিশ্চিন্তে আছে অসুখ বলতে থাইরয়েড,সামান্য।
তিরিশ বছর আগে শ্যামাঙ্গিণী, মায়াবী মুখ আর ছিপছিপে চেহারার মেয়েটা এতদূরে চাকরির ইন্টারভিউ দিতে এলো যখন অফিসে বেশ শোরগোল পরে গেছিলো। কি ব্যাপার, বিয়ে করেনি, নিশ্চই কোনো গোলমাল আছে, ইত্যাদি। চাকরীটা হয়ে গেলো এবং বেশ সম্মানের সঙ্গে এতগুলো বছর কাটিয়েও দিলো। নামকরা বহুজাতিক সংস্থার একটা শাখা এই জেলারই প্রত্যন্ত অঞ্চলে, তারই সুপারভাইজার হিসেবে সেঁজুতির আগমন। মফঃস্বল বলে কথা, সবাই সবাই কে এক ডাকে চেনে।অফিস থেকেই একটা একতলা ছিমছাম বাড়ী দেখে রেখেছিল, অফিসের কাছে। গেটে মাধবীলতার তোরণ দেখেই মুগ্ধ হয়েছিল সে। একটু একটু করে নিজের হাতে সব সাজানো, কি অপার স্বাধীনতা, কারোর কাছে জবাবদিহি করতে হয়নি। বন্ধুদের কাছে শুনতো কারোর বিছানার চাদরটা পর্য্যন্ত কোন দিন কি পাতা হবে শাশুড়ি ঠিক করে দেবেন। অবশ্য সবাই সমান নয়, অনেক বন্ধু বিয়ে করে হয় বিদেশ নয় ভিন রাজ্যে আস্তানা গেড়েছিল। তাদের ও আবার আলাদা গল্প, কিছুতেই কেউ যেন সুখী নয়, সবেতেই অভিযোগ।
কিন্তু আজ সেঁজুতি বসে ভাবে, এগুলোর কোনোটাই তার বিয়ে না করার সিদ্ধান্তে ইন্ধন যোগায়নি,আসলে বিয়ের কোনো তাগিদই অনুভব করেনি সে। ছোট থেকেই প্রেমে পড়ার কোনো আগ্রহ ছিলনা, কিন্তু বন্ধুদের প্রেমপত্র লিখে দিতে দারুণ লাগতো, কখনোই কোনো ছেলে কে দেখে ওই অন্য বন্ধুদের মতো পাগল পাগল দশা ও হয়নি। তা বলে সে সমকামীও নয়, জাস্ট এসব ভালো লাগেনা। কিন্তু সাধারণ লোক বুঝলে তো! আরে শরীর বলে একটা ব্যাপার আছে না, সেটা বেমালুম ভুলে আছে কি করে মেয়েটা। থাকলো কিন্তু সে ভারী সুন্দর ভাবে, বই পড়ে, গান গেয়ে, ছবি এঁকে, বাগান করে আর পাগলের মতো কাজ করে। তার কর্মদক্ষতা পুরুষদের ঈর্ষার বিষয় বৈকি। অনেক স্তাবক পেয়েছে সে, কেউ বা সুযোগ সন্ধানী। কিন্তু কোনো আকর্ষণই বোধ করেনি সেঁজুতি। ছোটোবেলায় ভারতীয় দর্শন তার মনে গভীর রেখাপাত করেছিল, ব্রহ্ম সত্য জগৎ মিথ্যা, এই দেহ পুড়ে ছাই হলেও আত্মা আবার নতুন জামা পড়ার মত অন্য শরীরে প্রবেশ করবে... শরীরের কাজটা তার মানে শুধুই আত্মাটাকে ঠিকঠাক খাঁচায় ধরে রাখা। তাহলে আত্মারই পরিচর্যা করা যাক, এই ভেবেছিল সে!
কিন্তু একা মেয়ে মানুষ যেন সমাজের বোঝা! বছর দশেক আগে দিল্লী থেকে একটা কাজ সেরে ফিরছিল ,রাজধানী এক্সপ্রেসের এসি টু টায়ার এ বুকিং। এক ভদ্রলোক এক বৃদ্ধা কে বসিয়ে দিয়ে গেলেন, " একটু দেখবেন দিদিভাই!" সেঁজুতি সাহায্য করেছিলো ওনাকে বাথরুমে যেতে, ওষুধ বার করে দিতে। তারপর হঠাৎই মাসীমার প্রশ্নবাণ নিক্ষেপিত হোলো, "এই মেয়ে , এত দিন বিয়ে করোনি কেনো? কি মতলব? কারোর সংসার ভাঙছো নাকি?" থতমত খেয়ে যায় সেঁজুতি, একি বিশ্রী ইঙ্গিত বয়োজ্যেষ্ঠার! উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেনি সে। উনি কিন্তু বলেই চলেন, " রাগ কোরোনা মেয়ে , আমি একজন কে চিনি ,সে ওই রকম বড় চাকরী করে, একা থাকে কিন্তু স্বভাব চরিত্র ভালো নয়, অনেক তো দেখলাম"! মোটকথা মাথায় সিঁদুর আর হাতে নোয়া, এই দুটো নিয়ে মেয়েরা যা খুশী করার অধিকার অর্জন করে ফেলে, কেউ তাদের চট করে কিছু বলার সাহস পায়না, দু বার অন্তত ভাবে, সে নারী বা পুরুষ যেই হোক। ট্রেনে তাদের কথোপকথনে অনেকেই মুখে মৃদু হাসি নিয়ে না শোনার ভান করছিল, পরচর্চার থেকে মুখরোচক আর কি বা হতে পারে।
অনেক ভেবেও কূল কিনারা করতে পারেনা সেঁজুতি, কোনো পুরুষ মানুষ অবিবাহিত থেকে গেলে বলা হয়, " উনি ঋষি তুল্য মানুষ, বিয়ে না করেই জীবন কাটিয়ে দিলেন", কিন্তু নারীর বেলা অন্য নিয়ম। আধ্যাত্মিকতা পুরুষের এক চেটিয়া, মহান বস্তু, নারী কি বোঝে সেসবের মর্ম! তাছাড়া এতো জানাই কথা যে পুরুষ বিয়ে করে আর নারীর বিয়ে হয়! ভাগ্যিস কর্মক্ষেত্রে সবাই ধীরে ধীরে মেনে নেয় তার এই একা থাকা, অফিসই তার বৃহত্তর পরিবার হয়ে দাঁড়ায়। যদিও প্রতি মাসেই টাকা নিতে যাবার সময় বয়স্ক এবং হাঁপানী রুগী ক্যাশিয়ার বাবু একবার অপাঙ্গে দৃষ্টিপাত করে একই প্রশ্নের পুনরাবৃত্তি ঘটাতেন,
" তা তুমি বিয়েটা কেন করলেনা?" উত্তরে অল্প হেসে চলে আসতো সেঁজুতি।
সেরকম অসুখ বিসুখ বা বিপদ আপদ তার হয়নি , কখনও কারোর সাহায্যই লাগেনি বলা যায়। একটাই লক্ষ্যে স্থির ছিল সে এযাবৎকাল , কোনো মায়ার বন্ধনে জড়ালে চলবেনা, এমন কি পশু পাখিও নয়। বন্ধনই সব অনিষ্টের মূল, মায়া ছাড়া মানুষ বাঁচতে পারেনা, সব জেনেও তারা মায়াজালে আবদ্ধ হতে এগিয়ে আসে, বাঁচার অবলম্বন খোঁজে!
আপাতত অবসর জীবন কিন্তু সেটাও রুটিনে বেঁধে ফেলেছে সেঁজুতি, সকালে চা খেয়েই হাঁটতে বেরোয়, এদিকটায় এখনও মুক্ত বাতাসের আনাগোনা, বহুতলের ছোবল ও বসেনি সেভাবে। ফিরে এসে ব্রাউন ব্রেডের টোস্ট, আবার কালো চা, কোনোদিনও ডিম। খাওয়া দাওয়াটা সে খুব সাধারণ আর সময়মত করে। সুস্থ্য আছে, শান্তিতে আছে, আর কি চাই?
কিন্তু বন্ধনের উৎপত্তি হোলো; কয়েকমাস আগে একটা দামী ফোন কিনেছে সেঁজুতি, উদ্দ্যেশ্য নানা ধরনের গল্পের বইএর ভান্ডার হাতের মুঠোয় এনে ফেলা, বই পড়া, এই একটাই তো নেশা তার। ইতিমধ্যেই স্কুল কলেজের বন্ধুরা হোয়াটস অ্যাপ গ্রুপ এ গুলতানি মারছে, সেও ঢুকে পড়ে এবার। হৈ চৈ শুরু হয় সেই ক্লাস সিক্সের মতই।এদের মধ্যে প্রায় সকলেই দিদিমা বা ঠাকুমা হয়ে গেছে, আলোচনা বলতে স্বামীর কথা বা কার ছেলে মেয়ে কতটা কৃতি , অথবা কে কত মোটা হোলো এই সব। মজার কথার আদান প্রদানও হয়। স্কুলে বরাবরই শান্ত বলে সুনাম সেঁজুতির, সাতে পাঁচে থাকতো না, খুব ঘনিষ্ঠ বন্ধু যেমন নেই তেমনি আবার সকলেই তার বন্ধু, তাই চ্যাট গ্রপেও নীরব শ্রোতা সে। কাল রাত বারোটা নাগাদ হঠাৎ গ্রুপের আলোটা জানান দেয় কেউ কিছু লিখলো, তাড়াতাড়ি হাতে নিয়ে দেখে দেবশ্রী লিখছে ,"সেজো হাতির দেমাকটা দেখিস ? টাকার গরমে মাটিতে পা ই পড়েনা!" বুকে একটা ঝটকা লাগে সেঁজুতির, বোঝাই যাচ্ছে তাকে নিয়ে গ্রুপে ভালোই আলোচনা হয় আলাদা আলাদা ভাবে, বিয়ে হয়নি বলে.... তাবলে অহঙ্কার ? তার? দেবশ্রীও লিখেই ভুলটা বুঝতে পারে যে সে গ্রুপে লিখে ফেলেছে, ডিলিট ও করে ফেলে, কিন্তু ততক্ষণে যা হবার হয়ে গেছে।
সেঁজুতি ভাবে, এই যে সারাজীবন সব কিছুর থেকে নির্লিপ্ত থেকেও কয়েকশ কিলোমিটার দূরে বসেও আঘাত তাকে পেতেই হোলো....এবার কোথায় পালাবে সে? কার থেকে? নিজের কাছ থেকেই পালিয়ে বেড়াচ্ছে কি সে?
কল্যাণী ঘোষ, ১৪ই এপ্রিল ২০২০
No comments:
Post a Comment