Monday, December 30, 2019

অপ্রেম

অপ্রেম

মফস্বল থেকে কলকাতায় এলেও গা থেকে গেঁয়ো গন্ধ তখনও মোছেনি টুকটুকির। সে তখনও আবেগপ্রবণ এবং স্বতঃস্ফূর্ত, হাসির কথা শুনলে জোরে জোরে হাসে আবার কেউ দুঃখ দিলে চোখের কোন ভিজে যায়। সমসময় মুখে কথার খই ফোটে, এর জন্য "বাচাল" বিশেষণে ও ভূষিত হয় সে।
কলকাতায় আসার কিছু পরপরই নানান কিছু ঘটতে থাকে তার জীবনে, এতদিন যে দিক টা তার শান্ত গ্রাম্য জীবনে একেবারেই অজানা ছিল।

বোধহয় তখন সে ৭ ক্লাস , বাড়ীতে নতুন ড্রাইভার এলো, অমল। বয়স আন্দাজ করা মুশকিল তবে হয়তো তার চেয়ে বছর দশেকের বড়ো। তার পোষাক আশাক হিন্দী সিনেমার নায়কোচিত, কিন্তু মাথায় চপচপে তেল আর তাতে অল্প টেরী বাগানো, পায়ে হিল তোলা জুতো। কে মালিক কে কর্মচারী বোঝা মুশকিল, ড্রাইভার সুলভ কোনো বিনম্রতা তার মধ্যে দেখা যায়না। সকাল নটায় তার রিপোর্টিং টাইম, এসেই হাঁক ডাক শুরু করে দেয় টুকটুকির খোঁজে। সিঁটিয়ে থাকে টুকটুকি, যৌথ পরিবারের সমবয়সী ভাইবোনেরা প্রচন্ড মজা পায় এসবে। একদিন হলো কি, এসেই সটান তিন তলায়, ওখানেই টুকটুকিরা থাকে, কি না সে একটা নতুন ঘড়ি পরে এসেছে ওটা দেখাবে। কি যন্ত্রণা! তারপর একদিন নাচতে নাচতে ওপরে এলো, বাবা, কাকা সবাই রয়েছেন, অমল করল কি, "এই দেখো টুকটুকি আমার ইয়ারানা প্যান্ট"! বলেই পিছন ফিরে শার্ট ওপরে তুলে ফেললো , পেছন টা উঁচু করলো, আর কি একটা সুইচ টিপলো পকেট থেকে যে ওমনি প্যান্টটা র দু ধার দিয়ে টুনি বাল্ব জ্বলতে নিভতে লাগলো। সবাই হতবাক, টুকটুকির মাটিতে মিশে যাবার অবস্থা, কিন্তু তার কোনো ভ্রুক্ষেপ নেই। অত্যন্ত অসুবিধার মধ্যে দিন কাটত টুকটুকির, যেমন হয়তো সে স্কুলে যাবে, অমল বললো "আরে আমি ঐদিকেই তেল ভরতে যাবো", বোঝো! যাই হোক এ হেন ভালো লাগা টা পরিবারের সবার কাছেই একটা হাসির খোরাক ছিল,শুধু টুকটুকির মনে ছিল মেঘের ছায়া। যদিও খুব বেশীদিন সে চাকরি তে বহাল ছিলনা কিন্তু তারপর ও বেশ কিছুদিন যাবৎ যখন তখন "সে" বাড়িতে উপস্থিত হতো।

এর পরপর ই দুজন ট্যুর গাইড এর তার প্রতি পক্ষপাতিত্ব নিয়ে আবার ভাই বোনদের হাসাহাসি অথবা খোরাক! সেগুলো ক্লাস সেভেন আর কলেজে পড়ার সময়। প্রথম গাইড অতীব ভদ্রলোক, বয়স আন্দাজ করা না গেলেও যুবকই হবেন, স্কুল থেকে মুর্শিদাবাদ মালদা যাওয়া হয়েছিল। তিনি টুকটুকির খোলা গলায় "হম বেওয়াফা, হরগিজ নহি" শুনে মুগ্ধ হন ও অকপটে সেটা বলেন এবং তার প্রতি একটু বিশেষ মনোযোগী হন। কিন্তু অশালীন কোনো কিছু ছিলনা তারমধ্যে, শুধু ছিল টুকটুকির অস্বস্তি!
দ্বিতীয় জন পুরীর একটা বাস ট্যুরের গাইড, তার বাস এর নম্বর টা সে এই ভাবে বলতো " টো টো ফাইভ নাইন" (2259), এবং সাদা জামা,সাদা বেলবটম আর গলায় কায়দা করে মাফলার জড়ানো দেবানন্দ স্টাইলে, অবশ্যই চুলের কায়দা বলার অপেক্ষা রাখেনা! তার টুকটুকির প্রতি অসম্ভব প্রীতি গোটা বাস এ সকলের নজরে আসে, এবং যথারীতি ভাই ও তার বন্ধুরা টুকটুকি র যাকে বলে "জিনা হারাম" করে ছেড়ে দেয়।

এই রকম সব ঘটনা ঘটতেই থাকে, এর পর সব কটি অফিস এর চতুর্থ শ্রেণীর কর্মচারী, বাস কন্ডাক্টর, হসপিটাল এর ক্যাশিয়ার এবং এরকম ই আরও অনেক অসম শ্রেনী র মানুষের প্রীতিভাজন হয় সে। প্রথম প্রথম তার মনে নিজের ব্যক্তিত্ব নিয়ে প্রশ্ন জাগলেও ক্রমশ তার এসব সয়ে গেলো কারণ সে ভেবে দেখেছিল যে এই শ্রেণীর মানুষ গুলোর চাওয়ার মধ্যে কখনো কোনো কদর্য ইঙ্গিত ছিলনা, এরা যেন সব সময় তাকে আপন ভেবেই মিশেছে। তার মন থেকে অপরাধবোধ কমতে লাগলো এবং তারপর থেকে সে এই শ্রেণীর মানুষদের সঙ্গে মিশতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করত, হয়তো উচ্চবর্গের মানুষদের চেয়ে একটু বেশিই।

বেশ বড়ো একটা মাল্টিন্যাশনাল এ একজিকিউটিভ হিসেবে কাজ করতো যখন তখন ও তার লাঞ্চ টা হতো সেই বিরাট কোম্পানীর চতুর্থ শ্রেণীর কর্মচারীদের ঘরে, সঙ্গী ছিল তার আর এক বান্ধবী এবং সহকর্মী। বেশ কিছু মুসলিম কর্মচারী ও ছিল তার মধ্যে, যেদিন তারা কাবাব এবং বিরিয়ানী বানিয়ে আনত সেদিন সক্কাল বেলা তার টেবিল এ চা দেবার সময়ই তারা সুখবর টি দিয়ে সাদর আমন্ত্রণ জানিয়ে যেত। ওদের সঙ্গে অত মাখামাখি হয়তো অনেকেরই ভালো লাগতো না, কিন্তু টুকটুকি ছিল ওদের সঙ্গেই বেশি স্বচ্ছন্দ, ওটাই যেন তার "ক্লাস"! কত যে প্রাণের কথা হতো তাদের সঙ্গে.....

সব থেকে বেশি যাকে তার মনে পড়ে তার নাম বলদেব, প্রথম চাকরি পাবার পরই বাবা মা কে নিয়ে টুকটুকি শিমূলতলা বেড়াতে যায় , সেটা বোধহয় ১৯৯২ সাল এবং তারা যেখানে ওঠে সেই গেষ্ট হাউসের
কেয়ারটেকার ছিল বলদেব। বয়সে তরুণ আর চেহারা যেন কষ্টি পাথরে খোদাই করা মূর্তি, মাথা ভর্তি ঝাঁকরা চুল, সে ছিল সাঁওতাল। সব সময় হাসি মুখ, গায়ে অসুরের শক্তি, টুকটুকির মা যা চাইছেন এক নিমেষে এসে যাচ্ছে, তার বাবা ও ভীষণ মানুষকে আপন করে নিতেন, তাই এক বেলার মধ্যেই বলদেবের সব হাঁড়ির খবর পাওয়া হয়ে গেল। সে কোনো ভাবে এই হংকং ব্যাংক এর গেষ্ট হাউস এ চাকরি টা জুটিয়েছে, তার গোষ্ঠি তে চালাক চতুর বলে বেশ নাম ডাক ও আছে, বিয়ে ও করেছে কিন্তু বউ এর এখানে থাকার নিয়ম নেই তাই সে ই মাঝে মধ্যে বাড়ি গিয়ে বউ এর মান ভঞ্জন করে আসে।

এবার সন্ধ্যেবেলা বলদেবের দুর্বলতা র কথা জানা গেলো, সে গান গাইতে ভালোবাসে। উঠোনে চাটাই পেতে একখানা হারমোনিয়াম বার করলো বলদেব, টুকটুকি ও গান পাগল, এবার সে ও অনেক আশা নিয়েই বসলো, হারমোনিয়াম যখন আছে তখন নিশ্চই ছেলেটা ভালই গাইবে! গান শুরু হলো ....
হে ঈশ্বর, অনেক টা ওই জাগরণ বা মাতা কি চৌকি স্টাইলে এ হিন্দী ফিল্মী গানের সুর আর ভজন এর কথা মিলিয়ে খিচুড়ি মত চললো, আর হারমোনিয়াম বাজানো মানে একদম প্রথম রিড থেকে শেষ প্রান্ত অবধি আঙ্গুল দৌড়ে বেড়ালো! টুকটুকি ভাবছে এবার ভেঙে না যায়.....

কিন্তু খুব ভাব হয়ে গেল তাদের, গল্প আর ফুরোয় না। মোটামুটি আশপাশ সব ঘোরা হয়ে ‌গেছে, ফেরার দিন এগিয়ে আসছে, তখন বলদেব এক বিকেলে বললো "চলো তোমাকে সাঁওতাল দের গ্রামে নিয়ে যাই, মহুয়া খাবে, নাচ দেখবে"। টুকটুকি কে আর পায় কে! তখনও মানুষ মানুষ কে বিশ্বাস করতো,তখনও ধর্ষণ, মাওবাদী এই সব ভয়াল শব্দ খবরের কাগজের বৃহদাংশ দখল করেনি, তখনও সততা বেঁচে! চললো মেয়ে সেই অপূর্ব সুন্দর সাঁওতাল ছেলের সঙ্গে, কতদূর যে সেই গ্রাম তার কোনো আন্দাজ ই ছিল না, চলছে তো চলছে, বিশাল বড় আখের ক্ষেতের মধ্যে দিয়ে, যেখানে হয়তো কাউকে পুঁতে দিলে ও খুঁজতে দু দিন লেগে যাবে। বলদেব মটমট করে আখ ভেঙে তাকে দিচ্ছে, দুজনে মহানন্দে আখ চিবুতে চিবুতে আর গান গাইতে গাইতে চলেছে ।‌ পৌঁছলো এক গ্রামে, পরিপাটি নিকোনো তার দাওয়া, তারা বসতে দিল খাটিয়া পেতে, ঝকঝকে গেলাসে দিলো মহুয়া আর ভুট্টার খই। কি খাতির বলদেবের মেমসাহেবের! নাচ দেখা হোলোনা কিন্তু ভাঙ্গা বাংলায় অনেক গল্প হলো।

এবার যে ফিরতে হবে, লম্বা পথ, সূর্য অস্ত গেলো, আখের ক্ষেতের মাথার ওপরে মায়াবী চাঁদ। বলদেব তার মেমসাহেবের জন্য আগে আগে চললো রাস্তা পরিষ্কার করে আর টুকটুকি পরম নির্ভরতায় তার পথপ্রদর্শক কে অনুসরণ করতে লাগলো।

কল্যাণী ঘোষ
১৬ ই ডিসেম্বর, ২০১৯

#pureatheart
#simultaladays

No comments:

Post a Comment