Showing posts with label galpo. Show all posts
Showing posts with label galpo. Show all posts

Tuesday, December 3, 2019

লড়াকু ( the fighter)

লড়াকু

মফস্বলে বেড়ে ওঠা এক মেয়ে, গাছগাছালি, পশুপাখি আর প্রকৃতি নিয়েই তার সময় কাটত। বন্ধু বলতে বাবা যেহেতু মা ব্যস্ত সংসার নিয়ে। বাবা অফিস থেকে ফিরলেই বাবা মেয়ের এক নতুন জগতে প্রবেশ ঘটতো।
মেয়ে তখন চার কি পাঁচ, বাবা র কোলে লাফিয়ে উঠত, বাবা বলতো "আমার ট্যাঁকঘড়ি", মেয়ে সেই নিরাপত্তা র আশ্রয় থেকে খিলখিলিয়ে হাসত। খুব সুখের সে সব দিন। বাবা তলপেটে হাত দিয়ে পুকুরে ভাসিয়ে দিতে দিতে বলতো , হাত পা ছুঁড়তে থাক, তারপর আস্তে আস্তে হাত সরিয়ে নিত, যা মেয়ে নিজে লড়ে শিখেনে, আমি কি আর থাকবো সব সময় ? মেয়েটা লড়ছে ,চলছে বাবার দেখানো পথে, যেখানে থেমে যাওয়া মানে হেরে যাওয়া।
সব লড়াই চোখে দেখা যায়না, যখন যুদ্ধ টা চলে তখনও বোঝা যায় না, কিন্তু শেষ হলে তার তাৎপর্য মালুম হয়, জয়ী হলে তো কথাই আলাদা। মোদ্দা কথা হার মানা চলবে না, ভুল হয় হোক, সেটা সংশোধন করেই এগিয়ে চলতে হবে। অদম্য ইচ্ছাশক্তি র গল্প তার বাবা র থেকেই শোনা। ভীষণ মারকুটে, জেদী আর সাহসী পুরুষ, পাড়ায় খেলাচ্ছলে যে কোনো বাজি ধরতে রাজি, (সময় টা দ্বিতীয় বিশ্বযুদ্ধের) সে রাত দুটো র সময় মোমিনপুর এর মড়া কাটা ঘরের পাশের জঙ্গলে যাওয়া ই হোক বা আর্মির জওয়ান বন্ধুদের কথায় হার্লে ডেভিডসন নিয়ে নাগপুরে র খাড়া পাহাড়ের চূড়ায় ওঠাই হোক, চ্যালেঞ্জ এর জবাব দিতেই হবে।
তা সেই জবাব দিতে গিয়ে বাইক হড়কে একটা জীপের চাকার তলায় ঢুকে গেলো সে, জ্ঞান হারাবার আগে শুনতে পেলো, "এক জওয়ান মর গয়া"! তারপর সব অন্ধকার। এটা বোধহয় দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন নাগপুর ট্রেনিং ক্যাম্প এর স্মৃতি।
সে যাত্রায় মরা হোলো না, base camp থেকে সবাই ছুটে এসে অচৈতন্য মানুষ টাকে army hospital এ ভর্তি করে জানতে পারলো কোমর আর পায়ের হাড় গুঁড়ো গুঁড়ো! লোহার শিক এ পা ঝুলিয়ে এক ভাবে মাসের পর মাস শুয়ে থাকা তাও আবার নাগপুরে র অসহনীয় গরমে, গোদের ওপর বিষফোঁড়া অ্যাংলো ইন্ডিয়ান নার্স এর কড়া শাসন, সহ্য হলো না। যে কিনা দশ ক্লাস এ বাড়ী থেকে পালিয়ে যুদ্ধে যোগ দেয়, তাকে বিছানায় ফেলে রাখা? অসম্ভব। এবার একটা অভাবনীয় পরিকল্পনা করে তার ছেলেবেলার বন্ধু পাল,তার দশাসই চেহারা, আর সে ও আছে একই রেজিমেন্ট এ ( বেঙ্গল রেজিমেন্ট), মাঝরাতে চুপি চুপি হাসপাতালে ঢোকে জানলা দিয়ে, তারপর ঐ জওয়ান এই পঙ্গু বন্ধু কে কোলে করে আবার জানলা দিয়ে দেয় লাফ, সোজা কলকাতা। পরে অল্প কিছু সাজার পর পুনরায় আর্মি তে প্রত্যাবর্তন এবং যুদ্ধযাত্রা,সে আর এক গল্প।
ব্রিটিশ আর্মি তে যোগ দেওয়ার আগে র একটা ঘটনা, সে তখন টগবগে যুবক, দুর্দান্ত ফুটবলার, স্ট্রাইকার আর প্রচন্ড রাগী। সে আর তার বন্ধু বল পেটাতে পেটাতে ওই খিদিরপুর এর কোনো রাস্তা দিয়ে আসছিল, ঘটনাচক্রে তখন এক গোরা সাহেব ঘোড়ার পিঠে চক্কর দিচ্ছিলেন আর দুর্ভাগ্যবশত ( কার সেটা পরে জানা যাবে) বল টা লাগে তাঁর মুখে এবং খুব স্বাভাবিক ভাবেই মুখনিঃসৃত বাণী শোনা যায়, "bloody nigger'! সতেরো বছর বয়স হবে? ওই বয়স কি জানে অপমান সহ্য করতে? তাও মাতৃভূমি তে দাঁড়িয়ে? মারলো এক ঘুষি সাহেবের চোয়াল লক্ষ্য করে, এবং অবশ্যই সোজা কারাবাস! এক রাত্তির ই থাকতে হয়ে ছিল কারণ প্রাণের বন্ধু কল্যাণ সেন এর বাবা ছিলেন বিলেত ফেরত ব্যারিস্টার, বালক না বুঝে অপরাধ করে ফেলেছে, এই বলে মুক্ত করেন। সতেরো বছর তখনও ফুঁসছে, " মেরেই ফেলবো শা..."!

মেয়েটার সব থেকে যে গল্প টা ভালো লাগতো সেটা হলো এক ভৈরবী মা র কাহিনী। সত্য মিথ্যা যাচাই করার বিচক্ষণতা তার তখন ছিলনা, ছিল শুধু একরাশ মুগ্ধতা। আর্মি থেকেই যুদ্ধের কোনো এক বছরে চট্টগ্রাম এ (অবিভক্ত ভারতের) পোস্টিং, চন্দ্রনাথ পাহাড়ে কোনো কারণে ওঠা ,(হয়তো সেটা আর্মির একটা base ছিল), সঙ্গে কোম্পানী র বেশ কিছু টাকা ও ছিল। এবার কি হোলো, ঝপ করে সন্ধ্যা নেমে এলো, চারিদিক ঘুটঘুটে অন্ধকার, সে পাহাড়ে পথ হারিয়ে ফেললো, তবু আন্দাজে নামতেই থাকলো, হঠাৎ মাঝামাঝি এসে দ্যাখে সামনে এক জটাজুটধারিণী রমনী, হাতে ত্রিশূল। বয়স আন্দাজ করা মুশকিল কিন্তু রূপ আছে যথেষ্ট। সেই দেবী মূর্তি বলেন, "কি রে বেটা, পথ হারিয়েছিস? চল আজ রাত আমার গুহায় কাটিয়ে কাল নেমে যাস", এ যেন আদেশ! এদিকে সে ভাবছে , এর কি মতলব? আমার কাছে টাকা ও আছে, আর ইনি সুন্দরী ও বটে, কোনো অসাধু উদ্দেশ্য নেই তো? কিন্তু কি উপায়? যাই হোক, আমার রিভলভার টা তো আছেই! দেবী বললেন "চলে আয়", মন্ত্রমুগ্ধের মত সেও চললো পিছু পিছু। প্রবেশ করল এক পরিছন্ন গুহায়, খেতে পেলো সুস্বাদু ঘী ভাত আর সবজি, এর পর কিঞ্চিৎ বাক্যালাপে র পর যেই সে অপার ক্লান্তির অবসানে দু চোখ বন্ধ করবে, ওমনি বাঘের হুংকার গুহার ঠিক মুখটাতেই। ধড়মড় করে উঠে বসেই রিভলভার টা তাক করে সে, তখন দেবী বলেন, "আরে করিস কি, ও তো আমার বাবা শম্ভুনাথ, এই পাহাড়ে থাকেন, নতুন মানুষের গন্ধ পেয়ে খোঁজ নিচ্ছেন, দাঁড়া আমি বলে আসি"। একহাতে লম্ফ আর এক হাতে ত্রিশূল নিয়ে তিনি বেরোলেন, শম্ভুনাথ কে বোঝালেন এবং সে ফিরেও গেলো। যুদ্ধ ফেরত সৈনিক তখন ভাবছে একি স্বপ্ন না বাস্তব? ঘুম কি আর হয়? পরদিন সকালে গরম দুধ আর ফলাহার করে , দেবী কে প্রণাম জানিয়ে সে নেমে আসে। পরে অনেক খোঁজ খবর করে জানতে পারে ওই দেবী কে সমতলে সবাই ভৈরবী মা বলেই জানে আর বাবা শম্ভুনাথ ওনার পোষ্য এটাও সর্বজনবিদিত। সাক্ষাৎ মৃত্যুর হাত থেকে রক্ষা পেয়ে সৈনিক জীবনদাত্রি দেবী কে এবং অন্তর্যামী কে প্রণাম জানায়।

এর ও বহু বহু বছর পর, ১৯৯৭ সাল, ছোট্ট মেয়ে তখন অনেক বড়,কর্মসূত্রে চট্টগ্রামে বেশ কিছুদিন থাকার সুযোগ পায়, এবং ছুঁয়ে আসে তার বাবার স্মৃতিবিজড়িত চন্দ্রনাথপাহাড়, শ্রী শ্রী চট্টেশ্বরী কালী মায়ের বিগ্রহ মন্দির ইত্যাদি, আর অজস্র প্রণাম জানায় সেই দেবীকে, নইলে কি সে তার বাবাকে পেত?

Kalyani Ghosh
25th Nov , 2019