Saturday, April 11, 2020

টানাপোড়েন পর্ব ১ (রম্য রচনা)

টানাপোড়েন - একটি এক পেশে লেখা

(রম্য রচনা)

সময়কাল - ২০০৩ ও পরবর্তী
স্থান- ক্যালিফোর্নিয়া ও কলকাতা

পর্ব ১

ভারত থেকে আমেরিকা .... দুচোখে অনেক স্বপ্ন নিয়েই অনেকেরই এই সুদূরে পারি দেওয়া। তবে কিনা কেউ চল্লিশ ছুঁই ছুঁই বয়সে এদেশে আসতে চাইলে সেটা খুব একটা ভালো সিদ্ধান্ত হবেনা। কারণটা হলো বেশী বয়সে এ দেশে আসা মানে দেশের যত রকম বদভ্যাস মজ্জায় মজ্জায় সুপুষ্ট হয়ে যাবার পর আসা, তখন তো আর নিজেদের পাল্টাবার ইচ্ছে বা উপায় কোনোটাই থাকে না। কুঁড়েমিতে বাঙ্গালীর জুড়ি নেই, আর এদেশে কুঁড়ের কোনো স্থান নেই। অতঃপর কাজের মাসী, রান্নার মাসী এদের জন্য পরাণ আঁকুপাঁকু করতে থাকে। কত রকম খাদ্যাভ্যাস যে পাল্টাতে হয় ...সন্ধ্যে হলে প্রাণটা একটু সিঙ্গারা কিম্বা তেলেভাজার জন্য ছটফট করে, তার বদলে সিরিয়াল বার চিবোও ! ভারতীয় দোকানগুলো আবার সব শহরে নেই, অনেক সময় অনেকটা গাড়ি চালিয়ে যেতে হয় কিছু ঠান্ডা (frozen,) মুখরোচক কিনে আনার জন্য , সেও তো সেই নিজেকেই চালিয়ে যেতে হবে, যাকগে একটু ডিম দিয়ে পাউরুটি ভেজে নেওয়া যাক, সেটাও নিজেকেই! আজকাল অবশ্য অনেক কিছুই পাওয়া যায়, এর মধ্যে মুড়ি চানাচুর মাখাটা বাঙ্গালী পরিবারে একটা সম্মানীয় আসন গ্রহণ করেছে। বাঙ্গালী মাছ খাবে না?? হতে পারে?? লোকে লম্বা ড্রাইভ করে বরফে ঢাকা পদ্মার ইলিশ (তাও আবার কানাডা হয়ে আসা) আনতে যাবার জন্য উইকএন্ড এর একটা গোটা দিন হাসতে হাসতে কোরবানি দেয়।

বাঙ্গালী আর খাওয়া দাওয়া ওতপ্রোত ভাবে জড়িয়ে। স্বামী স্ত্রী যদি দুজনেই চাকরি করেন তাহলে গিন্নী চেষ্টা করেন প্রায় সারা হপ্তার রান্না উইকএন্ড এ সেরে ফেলতে, কত্তা বাজার হাট করে আনেন। এরপর তো লন্ড্রী, ভ্যাক্যুম করা, বাথরুম পরিষ্কার করা , বাগানটার দেখভাল করা, মানে যে সব কাজের জন্য দেশে আলাদা আলাদা লোক রাখা হয় সেগুলো সব নিজেদের করা। মাছ ভাজার পর গ্যাস উনুনের এবং আশপাশের দেওয়ালের তৈলচিত্র অদৃশ্য করতে গিয়ে সুদৃশ্য সুকোমল করপল্লব ব্যাঙের পা হয়ে যায়। দেশে গেলে অনেকেই বলেন "তোমাদের তো মেশিনেই সব হয়ে যায়"! বোঝো! স্তূপীকৃত এঁটো বাসন গুলো নিজেরাই ডিশ ওয়াশারে নাচতে নাচতে ঢুকে যাবে আবার ধোওয়া হলে যথাস্থানে সাজানোও হয়ে যাবে! Water of India র মত অফুরন্ত জামা কাপড় (সস্তা বলেই) laundry room আলো করে থাকে তাদের যথাযথ ব্যবস্থা করা, ভ্যাক্যুম ও যেন পাখীর পালকের মত হাল্কা ও পেলব কিছু আর সেটা দিয়ে একতলা দোতলা এবং সিঁড়ি পরিষ্কার করা কি আর এমন পরিশ্রম! আর এই সব শ্রম বিভাজন নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে যে তুমুল বচসা, সেটা বুঝি কিছুনা? দেশে তো বাপু অন্ততঃ এই বিষয়গুলো উপলক্ষ্য করে বিবাহ বিচ্ছেদ হয় না,নাকি হয়?

(চলবে...)

কল্যাণী ঘোষ
১৪ই ফেব্রুয়ারী,2020
#NRIdiary1

Wednesday, February 19, 2020

সেবা যখন পেশা - রম্য রচনা

সেবা যখন পেশা

(রম্য রচনা)

পর্ব - ১

আমেরিকা তে আসার আগে স্তুতি জানতোই না যে এরকম ও একটা চাকরি হতে পারে। দেশে থাকতে বহু বছর তথ্য ও প্রযুক্তি বিভাগে কাজ করেছে বিভিন্ন বহুজাতিক সংস্থায়। বিয়ে করে স্বেচ্ছাবসর নিয়েই এদেশে , মানে আমেরিকার ক্যালিফোর্নিয়া তে আসে গৃহবধূ হিসেবে, চাকরি করার ভিসা ছিলনা। তার পর প্রায় ১০ টা বছর কেটে যায় সংসার করতে আর মেয়েকে বড়ো করতে। কিন্তু কিছু একটা করতে না পারার অক্ষমতা সর্বদাই মন কে কুরে কুরে খায়। ঠিক টাকার চাহিদা নয়, এ যেন বেঁচে থাকার তাগিদ, নিজেকে ফিরে পাওয়ার স্বপ্ন! স্বামী নিরঞ্জন ভালোই চাকরি করে, সে স্ত্রীর এই ঘোড়া রোগের কারণ বুঝতে অপারগ। যাই হোক ক্রমে ক্রমে মেয়ে বড়ো হয় আর তারই স্কুলে স্তুতি নিয়মিত ভাবে স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করা শুরু করে, নিরঞ্জনের ভাষায় "ঘরের খেয়ে বনের মোষ তাড়ানো"! তো সে মোষ তাড়াতে তাড়াতেই একদিন স্কুলই কাজের প্রস্তাব দেয়। পদের নাম, স্পেশাল এড ইন্সট্রাকশনাল অ্যাসিস্ট্যান্ট সংক্ষেপে IA.

এদেশে বিশেষ ভাবে সক্ষম ছাত্র ছাত্রীদের জন্য বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দেওয়া হয়। এমনিতে বিদ্যালয়ে ১২ ক্লাস অবধি বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা, তার ওপর আবার এই স্পেশাল ছাত্র ছাত্রীদের জন্য অসাধারণ সব পরিকল্পনা। এই স্পেশাল ছাত্র ছাত্রীদের মোটামুটি তিন ভাগে ভাগ করা হয়, Behavior Intervention ( আচরণগত হস্তক্ষেপ), Severely handicapped ( mid to moderate category), LH/RSP ( Learning Handicapped / Resource Specialist Program) । প্রথম কয়েক মাস অবশ্য তাকে একটি প্রাথমিক বিদ্যালয় এ severely hanidicapped বাচ্চাদের দেখা শোনার কাজ করতে হয়েছিল, সে বড়ো কঠিন কাজ। হয়তো মা ড্রাগস্ নিত, গর্ভস্থ শিশু তার প্রভাবে বিকলাঙ্গ হয়ে জন্মায়। এই রকম একটি শিশুকে কিছুদিন দেখা শোনা করতে হয়েছিল তাকে,ছেলেটির বয়স ৭, শুধু চোখ দুটো ছাড়া আর কোথাও প্রাণ নেই, চামচে করে গলা গলা খাবারটা জিভে ঠ্যাকালে শুধু গিলে নিত, আর জিভ না বার করলে বুঝতে হতো আর খাবে না। স্তুতি বাড়ী ফিরে ৮ বছরের মেয়ে কে জড়িয়ে হাউ হাউ করে কাঁদত, আর ভাবতো, কি ভাগ্যবতী সে, মানুষ কতই সামান্য কারণে অভিযোগ করে, অথচ এই অবোধ প্রাণগুলো, যারা না মানুষ না জন্তু জানলই না কাকে বলে জীবন ! ওই ক্লাসে যেদিকে তাকাও সবাই অক্ষম, mod- severe category, যতদিন ছিল মন প্রাণ দিয়ে সেবা করেছে সে, আর অঝোরে কেঁদেছে।

এর কিছুদিন পরই হাই স্কুলে আর এস পদে (Resource Specialist) চাকরি তে বহাল হলো, এখানে কাজটা একজন শিক্ষিকারই মত। কাজটা মূলতঃ যে সব ছাত্র ছাত্রীরা লেখাপড়ায় পিছিয়ে আছে তাদের একটু সাহায্য করা, উজ্জীবিত করা এবং সমাজের মূলস্রোতে মেশার উপযুক্ত করে তোলা। এই পিছিয়ে পড়ার কারণ কিন্তু অজস্র হতে পারে, যেগুলো এই কাজটা না করলে স্তুতির অজানাই থেকে যেত। স্কুল ডিস্ট্রিক্ট বিভিন্ন ধরনের ট্রেনিং এবং ওয়ার্কশপ এর মাধ্যমে তাকে এই কাজের উপযুক্ত করে তুলেছে। সেই সব ট্রেনিং যা শেখায় তার মূল কথা হলো ধৈর্য্য আর সহনশীলতা। ছাত্র ছাত্রীরা অন্যায় করলেও ভর্ৎসনা করা যাবেনা, জানতে হবে কি কারণে তাদের ওই ব্যবহার, তারপর ধীরে ধীরে উৎসাহ আর সঠিক পথ নির্দেশনার মাধ্যমে (positive reinforcement) ফিরিয়ে আনতে হবে স্বাভাবিক অভ্যাস।

প্রথম তিন বছর সে ক্লাস ইলেভেন এর ছাত্র ছাত্রী দের অঙ্ক এবং ইংরেজী তে সাহায্য করতো। সেখানে রামন বলে একটি ছেলে রোজ অঙ্ক ক্লাসে, ফার্স্ট পিরিয়ড এই রীতিমত নাক ডাকিয়ে ঘুমোয়, দু এক বার ডেকে ডেকে তুলেছে, কিন্তু যে কে সেই। একদিন বিরক্ত হয়ে সে তার সহকর্মী স্পেশাল এড টিচার কে নালিশ করলো,উনি বললেন " আসুন এর IEP ( Individual Education Plan) টা পড়া যাক"। সব মিলিয়ে স্পেশাল এডুকেশন বিভাগে ক্লাস ইলেভেন এর ষ্টাডি স্কিল ক্লাসে ৩০ জন ছাত্র ছাত্রী, প্রত্যেকের IEP এই ক দিনে মুখস্থ করে ফেলা সম্ভব নয়, মাস খানেক লাগে সড়গড় হতে। রামন এর IEP পড়ে প্রচন্ড ধাক্কা খেল স্তুতি, রামন গৃহহীন (homeless), সে অন্য কোনো বন্ধুর বাড়ীর গ্যারেজে কোনো রকমে ঘুমোয়, তাও সব দিন নয়, এছাড়া তার anxiety issue থাকায় সে মদ্য পান শুরু করে এবং তারপর পুরোপুরি অ্যালকোহলিক বা মদ্যপ হয়ে যায়। এত কিছু সত্বেও যে সে নিয়মিত স্কুলে আসে এটাই যথেষ্ট। ধীরে ধীরে ছেলেটির বেশ কাছে আসার সুযোগ পায় সে, বিশ্বাস ও অর্জন করে এবং রামন বেশ ন্যাওটা ও হয়ে পড়ে তার। আগে যে ছেলেটা তাকে দেখলে "শালার মাষ্টার পড়াচ্ছে" ভেবে চেয়ারটা উল্টো দিকে করে টেবিলের অন্য প্রান্তে চলে যেত, সেই ছেলেটাই নিজের থেকে হোম ওয়ার্ক নিয়ে চুপ চাপ তার পাশটিতে এসে বসে থাকে। জেতার নেশা পেয়ে বসে স্তুতি কে! এই জয়ের পুরষ্কার চোখে দেখা যায়না, ছোঁয়া যায়না, শুধু অনুভব করা যায়।

ক্রমশঃ

কল্যাণী ঘোষ
১ লা ফেব্রুয়ারি,২০২০

#jobinspecialed1


সেবা যখন পেশা

(রম্য রচনা)

পর্ব ২ (অন্তিম)

এর পরের বছরে দূর্ধর্ষ দুটো ছাত্র ছাত্রী কে বশ করার গুরু দায়িত্ব পড়লো তার ওপর, যাকে বলে "চ্যালেঞ্জিং জব"! মেয়েটি ধরা যাক আ্যনা, তার পোশাক ও সাজগোজ দেখলে ভিরমি খেতে হয়, যেন লাস ভেগাসের লাস্যময়ী নর্তকী। ক্লাস চলাকালীন ই বিশাল বড়ো বড়ো রঞ্জিত নখে সমানে সেল ফোন ঘেঁটে চলেছে, কিছু বলতে গেলে সুদীর্ঘ কৃত্রিম আঁখি পল্লবদ্বয় তুলে অবজ্ঞা ভরে একবার তাকায়, স্তুতির তাতেই হৃদকম্প, ভাবে এই বুনো ঘোড়াকে কি করে বশ করবে! আগে এর ইতিহাস, দুর্বলতা সব জানতে হবে। পড়লো IEP নামক বাইবেল টি, যা জানলো তাতে আবার হৃদয় ভারাক্রান্ত। মেয়েটির মার bipolar disorder আছে এবং সে জন্য তিনি মেয়ের ওপর অকথ্য অত্যাচার করতেন, বহুবার ক্লাস ফাইভ সিক্স এ পড়া মেয়েকেও বাড়ি থেকে বার করে দিয়েছেন, ফলতঃ আ্যনা বেপরোয়া হয়ে যায়, এবং ক্রমশঃ একটি গ্যাং এ জড়িয়ে পড়ে, নিয়মিত ড্রাগ সেবন, দেহ ব্যবসা, ড্রাগ বিক্রয় ইত্যাদিতে নিজের মতো করে আনন্দ খুঁজে নেয়। জীবনের যা কিছু কদর্য সব কিছুরই তার স্বাদ নেওয়া হয়ে গেছে। এখন কি করে একে যাকে বলে " মোটিভেট " করা যায়! খুব চিন্তার বিষয় ! ধীরে ধীরে বন্ধুর মত মিশতে শুরু করে স্তুতি বা Mrs G (Gupta), পড়াশোনা ছাড়া অন্য সব বিষয় নিয়ে গল্প, মাঝে মধ্যে হোমওয়ার্ক টা করে দেওয়া। আ্যনাও মিসেস G কে তার জ্ঞান ভান্ডার উজাড় করে দেয়, কত রকম গালি গালাজ যে হতে পারে সে ব্যাপারে স্তুতি এখন একটা থিসিস লিখে ফেলতে পারে। আ্যনা নিজের অস্বাভাবিক অতীত ও জীবন কে আড়াল করার জন্য এবং আত্মরক্ষার তাগিদে একটা ক্রূর, রুক্ষ মুখোশ বা বর্ম পরে থাকত। যখন দেখলো স্তুতির তাকে আক্রমণ বা আঘাত করার কোনো উদ্দেশ্য নেই, তখন মুখোশের আড়াল থেকে একটা অসহায় মেয়ে বেরিয়ে এলো, যে মার কথা বলতে গিয়ে কাঁদে, প্রেমিকের কাছে অসম্মান সহ্য করেও দাঁতে দাঁত চেপে সম্পর্ক টিকিয়ে রাখে, মনে মনে আশা রাখে নোংরা পরিবেশ থেকে বেরিয়ে অন্য দূরে কোথাও সুস্থ ভাবে বাঁচবে। এই মেয়েটাকে অন্ততঃ স্কুল টুকুতে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য স্তুতি বদ্ধ পরিকর হয়। বাড়ি গিয়ে তো আর পড়াশোনা হবার কোনো সুযোগ নেই, বাড়ি কি কোথায় যাবে কে জানে, তাই ক্লাসেই যথা সম্ভব হোম ওয়ার্ক করিয়ে দেয়। অ্যানা ভালো ভাবে পাস করে ১২ ক্লাস এ ওঠে, grade F থেকে ক্রমে ক্রমে B তে গিয়ে দাঁড়ায়। তারপরও অন্য ক্লাস থেকে মাঝে মধ্যে এসে দেখা তার সঙ্গে করে যেত। কিন্তু আবার খারাপ সঙ্গে পড়ল সে, স্তুতির সহ শিক্ষক কিছু দিন ধরেই তার হাতে সূক্ষ্ম সূচের দাগ আবিষ্কার করেছিলেন, চেপে ধরলেও ড্রাগ নেওয়ার কথা স্বীকার করেনি সে , কাউন্সিলরের এর কাছেও পেট থেকে কথা বার করা যায়নি। প্রেমিকের অত্যাচার তাকে আবার অন্ধকারে ঠেলে দেয়, অথচ সে তাকে ত্যাগ করতে অপারগ, বলে "আমি অঙ্গীকারবদ্ধ"! তার মানে তার মধ্যে এখনও কিছু মূল্যবোধ অবশিষ্ট, ভালোবাসা, মমতা একেবারে মরে যায়নি, প্রতি মুহূর্তে লড়ছে মেয়েটা (যদিও স্তুতি ও শিক্ষক বার বার তাকে ওই সম্পর্ক বা abusive relationship থেকে বেরিয়ে আসতে বলেছে)। ১২ ক্লাসের মাঝামাঝি একটু দূরে অন্য শহরের একটা স্কুল এ চলে যায় অ্যানা। আর খবর পায়নি। হাই স্কুলে মোটামুটি ভাল ফল করতে সাহায্য করলেও সুস্থ জীবনে ফিরিয়ে আনার কাজে ব্যর্থতা স্তুতি কে হতাশ করে।

ছেলেটির নাম নিক। ভীষণ দামী পোশাক আশাক, এক এক দিন এক এক রং ও স্টাইলের চুল, গলায় মোটা চেইন। আ্যনা কে আগেই চেনে, হবেই তো একই "পট" এর বন্ধু যে। এর সঙ্গে অঙ্ক নিয়ে বসে স্তুতি আবিষ্কার করে ছেলেটি তুখোড়, এক বার বোঝালেই বুঝে যায়, কিন্তু ADHD (Attention deficit hyperactivity disorder) রয়েছে। অনেক কাউন্সিলিং করিয়ে ড্রাগ টা ছাড়ানো গেছে, অল্প অল্প করে পড়াশুনোর ইচ্ছেটা ওর মধ্যে জাগাতে পারছে স্তুতি। নিক সকার ভালোবাসে, ফরওয়ার্ড খেলে,এই নিয়ে দারুণ গল্প হয় দুজনের। ছেলেটা বড় দুখী, শৈশবে মা ছেড়ে চলে যায়, বাবাই মানুষ করে, স্নেহ ভালবাসা পায়নি, আপনা থেকেই স্তুতির মনে জায়গা করে নেয় ছেলেটা, একটা অদ্ভুত বোঝাপড়া তৈরী হয় তাদের, ছেলেটা বুঝে যায় Mrs G কি কি অপছন্দ করেন, সেগুলো এড়িয়ে চলে, হ্যাঁ এটাও জয় বৈকি। পড়াশুনোটা ঠিক ঠাক চলছিল হঠাৎ খবর এলো স্কুলের ভেতরেই অন্য ছাত্রদের সে ড্রাগ বিক্রী (distribution) করছিল, এটা ড্রাগ সেবনের চেয়েও গুরুতর অপরাধ । এক সপ্তাহ স্কুলে আসা বন্ধ। যখন ফিরলো তখন অপমানে আরো বহু ধাপ পিছিয়ে গেছে, হেরে গেছে। এর জন্য যে রাগটা ভেতরে পুষে রেখেছিল সেটা একদিন স্কুলের বাইরেই এক বন্ধুর সঙ্গে মারামারি করে উসুল করলো এবং স্বল্প কারাবাস! ফিরে এলো আরো অবসাদ গ্রস্ত হয়ে। মিসেস জি র চোখে চোখ পড়লে দৃষ্টি নত করে, স্তুতি পড়তে পারে সেই অসহায় ভাষা! এই যে একটা অন্ধকার বৃত্তের মধ্যে এরা চক্রাকারে ঘুরেই চলেছে এর থেকে যেন মুক্তি নেই। হে ঈশ্বর!

প্রায় বছর তিনেক ক্লাস ইলেভেন এ কাজের পর স্তুতির একটা ছোট্ট উন্নতি হলো; স্পেশাল এড ডিপার্টমেন্ট এর ডিপার্টমেন্ট চেয়ার এর আই এ হিসেবে কাজের সুযোগ এলো। এবার সব ক্লাস নাইন, কাদার তাল, যেমন খুশী গড়ে তোলো ....ভারী মজা স্তুতির। যদিও তাদের সদ্য হাই স্কুলে ঢুকে একটা বড় বড় হাবভাব, আসলে সব শিশু। এরা সবাই learning handicapped, সামান্য অটিস্টিক (autistic) অথবা ADHD, কেউ কানে একটু কম শোনে কেউ বা চোখে বেশ কম দেখে, আবার কারোর down syndrome এর কারণে reading level 2nd grade এর। একটি মেয়েই একটু তাদের তটস্থ করে রেখেছিল, কারণটা তার আত্নহত্যা করার প্রবল প্রবণতা , সরল মুখ, বললো একটু কাঁচিটা দেখি,ব্যাস নিয়ে বাথরুম এ চলে গেলো আর হাতটা কুপিয়ে কেটে ফেললো! মানে এক মুহূর্তের অসাবধানতায় প্রাণ নিয়ে টানাটানি। স্কুলে যেহেতু ক্যাম্পাস সুপারভাইজাররা অত্যন্ত সজাগ তারা ব্যাপারটা আঁচ করেই ক্ষিপ্র গতিতে  তাকে বের করে আনে। পরে সে অন্য ধরনের একটি বিশেষ স্কুলে চলে যায়।

এই নবম শ্রেণীর সব কটি সরল মুখ স্তুতি কে কেমন মায়ার বাঁধনে বেঁধে ফেললো ! একটি মেয়েকে জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে তো ওমনি পাশের জন ঠোঁট ফুলিয়ে, "You didn't wish me on my birthday"! "Oh, I am so sorry dear" বলে জড়িয়ে ধরে স্তুতি! কি যে সুন্দর সময়টা কেটে যায় তার! ছেলেগুলো ভারী দুষ্টু, কিছুতেই মন দিয়ে অঙ্ক করবে না, Mrs. G কে গোল হয়ে ঘিরে বসে যত রাজ্যের গল্প ফাঁদবে , Mr. G কে কেমন দেখতে? "Is he funny like us? How tall is he? Can you bring egg curry for us?"
উফ্ কান ঝালাপালা করে দেয়, একটা ধমকে আবার সব গুটিসুটি মেরে হোমওয়র্ক এ মন দেয়। প্রতিদিন এই সব নিষ্পাপ মুখের হাসি দেখবে, "good morning" শুনবে আর "hug" পাবে বলে উন্মুখ হয়ে থাকে স্তুতি, এরাই তার ভালো থাকার কারণ! এতো কোনো চাকরি নয়, এ যে সেবা, প্রাণ ভরে ভালবাসতে পারা আর তার বদলে প্রতিদিন বেঁচে থাকার রসদ নিয়ে বাড়ি ফিরে আসা!

কল্যাণী ঘোষ
১ লা ফেব্রুয়ারি,২০২০

#jobinspecialed1

#jobinspecialed2




কবিতা তোমায় - পদ্য

কবিতা তোমায়

কবিতা, তুমি আমার বুকে রক্ত ঝরাও,
চুপচুপে ভেজা অক্ষরগুলো সার দিয়ে দাঁড়ায়;
সেলফোনে আঙ্গুলের গতি আরো দ্রুত হয়,
কবিতা তুমি আমাকে বড্ড কাঁদাও।

কবিতা, তুমি আমায় কান্না শেষে বাঁচতে শেখাও,
বাষ্পে ভেজা চশমার এপাশে ঝাপসা চোখ;
কবর খুঁড়ে ছন্দমিলের পংক্তি সাজায় আমার তীক্ষ্ম নখ,
কবিতা তুমি আমায় দু হাত ভরে শুধু দাও।

কবিতা ,বলো তো কি করে খুঁজে আমায় পাও?
ডাকিনা তোমায়, বরং ত্রস্ত থাকি কিছু বা সচেতন,
পাছে তুমি পড়ে ফেলো মনের গহন!
কবিতা অকপট তুমি কেবলই জ্বালাও!

কল্যাণী ঘোষ
১৭ই ফেব্রুয়ারী,২০২০

#poetrymylove

Sunday, February 16, 2020

অজান্তে (ছোট গল্প)

অজান্তে

(ছোট গল্প)
১ম পর্ব

(সময় কাল - আশির দশক)

নিধি বড্ড অন্যমনস্ক থাকে, কাজ করতে করতেই মনটা অন্য কোথাও চলে যায়, কোনো এক ভাবের দেশে, যদিও কাজে কম্মে কোনো খুঁত পাওয়া যায়না , কিন্তু সে কি যেন এক ঘোরে থাকে। মা নীচে, দেড়তলা রান্নাঘরে, মাঝে মাঝে বলছেন, "কিরে পড়াশোনা করছিস তো? কোনো আওয়াজ পাচ্ছিনা যে"। তড়িঘড়ি মা কে আস্বস্ত করে সে। এই সবে ক্লাস নাইনে উঠেছে, খারাপ নয় রেজাল্ট, কিন্তু সব সময়ই আরো ভালোর প্রত্যাশা এবং সুযোগ তো থাকেই। দু ভাই বোন আর মা বাবার ছোট্ট সংসার, বাবা ব্যাংকের কেরাণী আর মা গৃহবধূ, সারাদিনই বলতে গেলে রান্নাঘরে। ভাই ক্লাস ফাইভ, স্কুল ছাড়া সারাক্ষণ বল পেটাচ্ছে গলিতে, এ পাড়ায় কিছু খেলা পাগল ছেলে আছে বটে! মাঝে মাঝে জানলা দিয়ে তাদের খেলা দেখে নিধি, মেয়েরা খুব একটা বাইরে বেরিয়ে খেলাধূলা করেনা। বাড়ির পাশটিতে একটা বকুল গাছ; মফস্বলের বাড়তি পাওনা হলো গাছ আর পুকুর। খান দশেক বাড়ির পর পরই একটা করে পুকুর দেখা যায়, কচুরিপানায় ঢাকা, সামনে শুধু একটু খানি জায়গা পরিষ্কার; হয়তো এখুনি একদল দামাল ছেলেমেয়ে জলে ঝাঁপাঝাঁপি করছিল।

এটা ভাড়া বাড়ি, কিন্তু বাড়িওয়ালী দিদা খুব ভালোবাসে তাদের, নিধির মা ওনাকে নতুন মাসিমা বলে ডাকেন। ওই দিদার এক ছেলে অতনু , অবিবাহিত। নিধিরা দোতলায় আর এক তলায় আর এক দিদা ভাড়া থাকেন, দিদার দুই মেয়ে ও এক ছেলে শঙ্কর , এই ছেলেটিকে উনি দত্তক নিয়েছেন, সে হস্টেলে থেকে পড়াশুনো করে আর ছুটি ছাটায় বাড়ি আসে। ক্লাস টুইলভে পড়ে কিন্তু হাবভাব রাজেশ খান্নার মত, চুলের কায়দা ও সেরকম। দিদার বড় মেয়ে বাণী মাসী বিবাহবিচ্ছিন্না, একটি দু বছরের ছেলেকে নিয়ে। উনি প্রাথমিক স্কুলের শিক্ষিকা। বাচ্চাটা দিদা আর দিদার ছোট মেয়ে বেলা মাসীর কাছেই মানুষ হচ্ছে, গাবলু গুবলু আর ভারী মিষ্টি। বেলা মাসী বেশ কালো, হয়ত সে জন্যই বিয়েটা হয়ে ওঠেনি; মাসী কিন্তু অপূর্ব সেতার বাজায়! নিধি ঠারে ঠারে যা বোঝে বা শুনেছে তা হলো, ওই বেলা মাসী আর অতনু কাকুর মধ্যে কোনো সময় একটা প্রেমের সম্পর্ক ছিল, হয়তো কাকুর মা মেনে নেননি, এখন দুজনেই প্রায় মধ্য চল্লিশের কাছাকাছি কিন্তু বিয়ে করেনি, ওদের মধ্যে কোনো সম্পর্ক ও নেই। নিধি ভাবে কি অদ্ভুত! এক দিন বেশ জোরে বৃষ্টি এলো, কাকু ওমনি মান্না দের "ওগো বর্ষা তুমি ঝোরো না গো" গানটা চালিয়ে দিল, আর বেলা মাসীও জানলার কাছটিতে গিয়ে বসলো!

নিধি ভাবে এও কি সম্ভব? এত ভালোবাসা যে সারাজীবন একে অন্যের জন্য অপেক্ষা করেই কাটিয়ে দিলো! এত বিশ্বাস! এদিকে শঙ্কর মামা আবার পাড়ারই একটি মেয়ে কলিদির প্রেমে হাবুডুবু, কলিদির বাবা খুব বড়ো ক্লাসিক্যাল গানের শিক্ষক , খুব নাম ডাক। কলিদির মনে হয় অনেক স্তাবক, কারণ কলিদি নিজেও ভারী ভালো গান গায় আর দেখতেও মিষ্টি। কলিদি এখন ক্লাস টেন। নিধির প্রেম সম্পর্কে যেটুকু ধারণা সেটা কিছু বই পড়ে আর কিছু বন্ধুদের কাছ থেকে শুনে। এইতো গত পরশু ক্লাসের মিতালীর জন্মদিন ছিল, রাজুদা ভারী সুন্দর একটা পেন্সিল বক্স আর গ্রিটিংস কার্ড উপহার দিয়েছে, ক্লাস এর মেয়েদের মধ্যে সেটা দেখার জন্য কি কাড়াকাড়ি! নিধি তার এই "অন্যমনস্কতা" অসুখটার জন্য খেয়াল ও করেনা কোনো সম্ভাব্য প্রেমিক তার প্রতি কতটা মনোযোগী। সেদিন শিউলী বললো "এই জানিস তোকে কিন্তু বুবুদা রোজ লক্ষ্য করে, তুই যে কি হাঁদার মত কোনো দিকে না তাকিয়ে হাঁটিস, তোর আর প্রেমিক জুটেছে!" বুবুদা, তার দিকে?? কি জানি বাপু! লেখা পড়ায় ভালো, ১২ ক্লাস, লম্বা, দেখতেও বেশ আকর্ষণীয়, পাড়ায় সব কাজেই নেতৃত্ব দেয়, সে খামোকা আমাকে লক্ষ্য করতে যাবে কেন? ভাবে নিধি।

ক্রমশঃ

#indifferentpart1


অজান্তে

(ছোট গল্প)

(সময় কাল - আশির দশক)

পর্ব ২

আজ সে যথারীতি কোচিং থেকে আনমনে ফিরছিল, আসলে নিধির মনে তখন একটা রঙীন স্বপ্নের দৃশ্য, ভালো করে পড়াশোনা শেষ করে সে একটা ভালো চাকরি করছে, খুব সুন্দর পাহাড়ী একটা শহরে পোস্টিং তার ....হঠাৎ "এই, শোন্"! ওরে বাবা এ যে বুবুদা! এখানে কেন? বুক ধুকপুক করে, ওই তো পেছনে আবার শঙ্কর মামা, মিটিমিটি হাসছে, খেয়েছে, বাড়ি গিয়ে মা কে যদি এসব বলে দেয়?
"ক্কি কি বলছো?" তোতলায় সে।
"অঙ্কে যদি কোনো হেল্প লাগে বা নোটস্ লাগে বলিস আমাকে"।
"আচ্ছা!"
কোনোমতে উত্তর দিয়েই দ্রুত পায়ে এগিয়ে চলে। বাড়ি এসে আরও অন্যমনস্ক সে, খামোখা নোট চাইতে যাবে কেন! চেষ্টা করে পুরো ব্যাপারটা মাথা থেকে বার করে দিতে। কিন্তু পারেনা, কারণ পর দিন বেলা মাসী পাকড়াও করে তাকে, "কি রে, শঙ্কর বললো তুই নাকি ডুবে ডুবে জল খাচ্ছিস? বলি কি ব্যাপার? মা জানে?" হে ভগবান শঙ্কর মামা এসে টুক করে লাগিয়ে দিলো? তার কি দোষ? চোখে জল এসে যায়... ওই বিশ্বপাকা ছেলেটার জন্য আজ এই হেনস্থা! চুপ করে থাকা ছাড়া কোনো উপায় নেই।

ওদিকে কে যেন একটা বললো কলি দি নাকি বুবুদা কে অসম্ভব ভালোবাসে, তা বাসুকগে, নিধির মাথা ব্যাথা নেই ও সবে, সে নিজের কল্প জগৎ নিয়েই বিভোর হয়ে থাকে। এই আজ সকালেই ঘুম থেকে উঠে ভাবছিল যে সে একটা কচি কলাপাতা রঙের শাড়ি পরে সূর্যাস্তের একটু আগে একটা ধান ক্ষেতের আল ধরে দৌড়ে একটা নদীর ধারে যাবার চেষ্টা করছে, হাল্কা হাওয়ায় তার আঁচল টা উড়ছে....ইশ্ কি ভালো লাগে তার এই কল্পরাজ্যে বিচরণ করতে, কেমন সব কিছু ভুলে থাকা যায়, আর যা খুশী করা যায়, সবই মনে মনে। কিন্তু ভাইটা সব সময় পেছনে লাগে, "ওই দেখো মা , দিদি আবার চোখ গোল গোল করে ভাবতে বসেছে"!
আজ রবিবার ,জলখাবার খেয়ে একটু বই খাতা নিয়ে বসলো , কাল আবার একটা অঙ্ক পরীক্ষা। কিছুক্ষণ পর জানলার কাছে ক্রিং ক্রিং, একি সাত সকালে বুবুদা এ পাড়ায় কি করছে? ওহ্ তাই তো, কলিদি নিঘঘাত ডেকে পাঠিয়েছে, পরের সপ্তাহে একটা গানের অনুষ্ঠান হবে লাইব্রেরীর মাঠে। ও মা, না তো, শঙ্কর শঙ্কর করে ডাকাডাকি করছে, কি জ্বালাতন! মামা বাইরে বেরিয়ে দু একটা কথার পর ফিরে এলো, তারপর সোজা ওপরে, " নিধি, এই নে এই বইটা আর কিছু নোটস্ বুবু দিয়ে গেলো, বললো ,ওর মাথা যা মোটা, দেখ এগুলো পড়ে যদি কিছু করতে পারে!" দাঁত বার করে জোরে জোরে হাসতে লাগলো মামা। ইশ, কি সাংঘাতিক অপমান! সবাই মিলে যেন তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে।

এসে গেল পাড়ায় সেই সান্ধ্য অনুষ্ঠানের দিন, শনিবার সন্ধ্যে, নিধি একটা তাঁতের শাড়ি পরলো ইঁট রঙের, গাঢ় লাল পাড়, কপালে ছোট্ট লাল টিপ। কলিদির বাবা গান গাইবেন, কলিদিও একটা গাইবে, আর শেষে একটা নৃত্যনাট্য হবে। স্কুলের বন্ধুদের সঙ্গে মাঝামাঝি একটা জায়গায় বসলো নিধি, সন্ধ্যেটা ভালই উপভোগ করা যাবে। কি অপূর্ব গাইলেন তুষার কাকু, মানে কলিদির বাবা, যেন আকাশ থেকে সুরের বৃষ্টি হচ্ছে, ঘোর আর কাটছে না। এই রকম নেশাগ্রস্ত অবস্থায় পেছন থেকে মৃদুস্বরে তার নাম ধরে কে ডাকলো, দেখে পিছনেই বুবুদা, "রাগ করেছিস? আমি না ঠিক গুছিয়ে কথা বলতে পারিনা, একদিন একটু দেখা করবি আমার সঙ্গে? ওই কোচিং এর পাশের গলিতে?" বুক ধরফরানি আর থামতেই চায়না! "সোমবার সাড়ে ছটায় আমি অপেক্ষা করব, আসিস, কথা আছে"। কোনো উত্তরের অপেক্ষা নেই,উধাও! এর পর আর নৃত্যনাট্য!

ক্রমশঃ

#indifferentpart2

কল্যাণী ঘোষ
২২শে জানুয়ারী, ২০২০

#indifferentpart3

#indifferentpart1


অজান্তে

(ছোট গল্প)
(সময় কাল - আশির দশক)

পর্ব ৩
(অন্তিম)

বাণী মাসীর ছেলে বুম্বাটা ভারী ন্যাওটা তার,দেখলেই একগাল হাসি আর খেলতে চায়। পড়ার মাঝে মাঝে ওকে নিয়ে এক চক্কর বারান্দায় ঘুরে নেয় আর ওমনি মাথাটা বেশ পরিষ্কার হয়ে যায়। আজ বাবা অফিস থেকে আসার পথে কচুরি আর ডাল নিয়ে এসেছেন। সঙ্গে বিখ্যাত চাটনি , বারান্দায় বসে সবাই মিলে জমিয়ে খাওয়া হোলো। বুম্বাটাও কচুরীর ছালগুলো চাকুম চুকুম করে খেলো। আজ মঙ্গলবার, সেটা টিভি তে একটা সিরিয়াল হচ্ছে দেখে হঠাৎ খেয়াল হলো আর সঙ্গে সঙ্গে বুকটা ছ্যাঁত করে উঠলো, আরে কাল তো সোমবার ছিল, কিন্তু বুবুদার কথাটা মনেই ছিল না, ক্লাস শেষে সোজা বাড়ি চলে এসেছিল। এমনিতেই তো অন্যমনস্ক থাকে, তার ওপর মা ফেরার পথে পাউরুটি আনতে বলে দিয়েছিল,তাই ওই রাস্তা দিয়ে আসেও নি! যাক গে , হয়তো তেমন সাংঘাতিক কিছু ব্যাপার নয়,তবু একটু খচখচ করছে।

একটু পরেই বাণী মাসী টিউশন করে ফিরলো, বুম্বা কে নিয়ে যেতে ওপরে এলো, মা বললো "একটু চা খেয়ে যা বাণী, এত ধকল করে এলি ...স্কুল, টিউশন, এবার বোস"। নিধির অনেক প্রাণের কথা হয় বাণী মাসীর সঙ্গে, মাসীর স্বামী সুবিধার ছিল না, মদ্যপ এবং অত্যাচারী। মাসী অনেক সহ্য করে বিয়েটা টিকিয়ে রেখেছিল কিন্তু বুম্বা হওয়ার পর যেন অত্যাচার আরো বেড়ে গেলো, বাচ্চাটা ভয় পেত রাতদুপুরে চেঁচামেচিতে। ভাগ্যিস মাসীর বি এড টা করা ছিলো, কিছুদিন চেষ্টা চরিত্র করে একটু দূরে একটা বেসরকারি স্কুলে চাকরি টা পেয়ে যেতেই ছেলেকে নিয়ে দিদার কাছে চলে আসে, সেই থেকেই এখানে। মাসী খালি আলাদা ভাড়া নিয়ে উঠে যেতে চায়, কিন্তু দিদা বলে, "মেয়েমানুষ একা থাকার অনেক জ্বালা রে, শিয়াল কুকুরে ছিঁড়ে খাবে, আমি যতদিন মাথার ওপর আছি কেউ কিছু বলতে সাহস পাবেনা"। মাসী আর কথা বাড়ায়নি। নিধির ও ভালোই লাগে, বেশ একটা যৌথ পরিবারের স্বাদ পাওয়া যায়। এই মাসী সব সময় বলে," প্রকৃত ভালোবাসা সবাই পায়না রে, অনেক ভাগ্য করে এলে তবেই তেমন কাউকে পাওয়া যায়"। নিধি ভাবে, প্রকৃত ভালোবাসা কি রকম হয়!

বেশ কয়েক মাস কেটে গেল, গরমের ছুটি প্রায় শেষ হয়, পড়াশুনো ভালই হচ্ছে দুই ভাই বোনের। হঠাৎ বাবার বদলির নির্দেশ এলো, বেশি দূর নয়, কৃষ্ণনগর থেকে হালিশহর বদলি। মুশকিল হচ্ছে অ্যানুয়াল পরীক্ষার আগে গেলে ওই রকম সময় কোনো স্কুল ভর্তি করবেনা, তাই ঠিক হলো মা তাদের নিয়ে এখানেই থাকবেন পরীক্ষা অবধি আর বাবা ছুটি পেলেই ঘুরে যাবেন, এই বাড়িতে দুই দিদার উপস্থিতি বিরাট স্বস্তির কারণ। পাড়ায় মোটামুটি সবাই জেনে গেলো যে তারা শিগগীরই চলে যাবে, আর কয়েকটা মাস শুধু। অনেকেই মাঝে মধ্যে দেখা করে যায়। একদিন এলো পাড়ার গেজেট মিষ্টু, নিধির ক্লাসেই পড়ে, সারাক্ষণ এর ওর তার হাঁড়ির খবর নিয়ে চলেছে। এসেই বলে "জানিস , কলিদি একটা প্রেম পত্র দিয়েছিল বুবুদাকে, তারপর...."
"তুই এত সব কি করে জানলি?" নিধির অবাক প্রশ্ন।
"আরে আমার মাসতুতো দিদি শর্মীদি তো ওর প্রাণের বন্ধু, তারপর শোন্ না, বুবুদা নাকি ওকে ডেকে বলেছে যে ওর নাকি কোন এক পাগলী আছে! কলিদির সে কি কান্না তাই শুনে!"
পাগলী? বুকটা ধড়াস করে ওঠে! কে সে? যাক গে, হবে কেউ, তার কি!

এতদিনে অ্যানুয়াল পরীক্ষা শেষ হলো, রেজাল্ট বেশ ভালো, পরের মাসেই চলে যাবে তারা। এই ক মাস পড়াশুনো ছাড়া আর কোনো দিকে মন ছিল না, মাধ্যমিকে ভালো ফল পেতেই হবে,তাই এখন থেকেই ভিত শক্ত করা দরকার। এইবার অল্প স্বল্প মাকে গোছাতে সাহায্য করছে। সন্ধ্যেবেলায় ভাই বল পিটিয়ে বাড়ি ঢুকলো, হাতে একটা খাম, "দিদি, এই নে"।
"কি এটা?"
"বুবুদা দিলো"।
খামটা ছিঁড়ল নিধি, সুন্দর হাতের লেখায় একটা চিঠি।
"পাগলী,
রেজাল্ট তো ফাটিয়ে দিয়েছিস! পরের সব পরীক্ষা গুলোও এভাবেই দিস। জানি মাথায় তোর কিছুই ঢোকে না, তবু শোন্, আমি জয়েন্টে চান্স পেয়েছি, খড়গপুরে যেতে হবে। একবার দেখা করতে চাই।
পরশু সন্ধ্যে ৬ টায় চার্চের পাশের গলিতে।
ঝোলাস না।"

সব কেমন ঝাপসা হয়ে আসে বুবুদার পাগলীর।

#indifferentpart3

-------সমাপ্ত-----------

কল্যাণী ঘোষ
২২শে জানুয়ারী, ২০২০

#indifferentpart1

#indifferentpart2

বিবিধের মাঝে মহা মিলন (রম্য রচনা)

বিবিধের মাঝে মহা মিলন

(রম্য রচনা)

প্রথম ভাগ

সারা পৃথিবী থেকে বিভিন্ন সময় বিভিন্ন বয়সের এবং বিভিন্ন পেশার মানুষজন আমেরিকাতে আসতেই থাকেন ভাগ্যান্বেষণের আশায়। এই দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলে প্রশান্ত মহাসাগরের সমান্তরালে অবস্থিত ক্যালিফোর্নিয়া রাজ্য এবং তার ভেতরে আরও একটু দক্ষিণ দিকে এগোলেই ছবির মত শহর স্যান ডিয়েগো (কাউন্টি)। প্রকৃতি একেবারে ঢেলে দিয়েছে, একদিকে পাহাড়, অন্য দিকে প্রশান্ত মহাসাগর আর আসে পাশেই মরু অঞ্চলের রুক্ষ অথচ দুর্নিবার আকর্ষণ। সারা বছরই প্রায় নাতিশীতোষ্ণ আবহাওয়া, অতি মনোরম; সাধে কি আর হলিউড সাম্রাজ্য এখানেই ঘাঁটি গেড়েছে!

আমেরিকা (ক্যালিফোর্নিয়া) তে প্রথম পদার্পণ করেই যেটা মন কেড়ে নেবে সেটা হলো পরিচ্ছন্নতা, যে দিকে তাকাও ঝকঝক তকতক করছে, মনে হয় মাটিতেই বসে পড়া যাবে। তারপরই মন কাড়বে বিশাল প্রশস্ত রাস্তা, ফ্রীওয়ে গুলোর এক একদিকে প্রায় ৫ - ৬ টা করে লেন, ৮০ মাইল স্পীডে সাঁই সাঁই করে গাড়ি ছুটছে, আর গাড়ির মধ্যে থেকে বাইরে তাকালেই স্লো লেনে দেখা যাবে অপূর্ব সুন্দর, অসম্ভব পরিষ্কার যেন সবে কারখানা থেকে বেরোলো এরকম সব বিশাল বিশাল ট্রাক পাশাপাশি চলছে। এদের সঙ্গে তুলনায় যেই দেশের লরির কথা মনে আসবে অমনি একরাশ বিষন্নতা গ্রাস করতে বাধ্য, যদিও দেশে লরিগুলো ঝালর টালর দিয়ে সাজানো থাকে এবং পেছনে নানা রকম মজার কথা লেখা থাকে, যেমন " বুরে নজর ওয়ালে, তেরা মু কালা", " don't touch me, I am not that type of car", "don't kiss me", ইত্যাদি, তবুও।

মানুষজনের কথা বলতে গেলে এই রাজ্যে মেক্সিকানদের আধিক্য চোখে পড়ার মতো, বৈধ অবৈধ দু রকম বসবাসকারীই রয়েছে। এদের সঙ্গে ভারতীয়দের আকৃতিগত প্রভূত মিল থাকায় যে কোনো ভারতীয়দের দেখে স্থানীয় জনগণ প্রথমেই স্প্যানিশ এ কথা বলতে শুরু করে দেয়, " ওলা আমিগো" (hello friends), কিছুক্ষণের মধ্যেই অবশ্য ভুল ভেঙ্গে যায়। এদের আবার আমেরিকানরা "বীনস" ডাকনাম দিয়েছে, কারণ ভারতীয়দের মতই নানা রকম ডাল এদের প্রধান খাদ্য। প্রকাশ্যে কোনো মেক্সিকান কে বীনস বলে সম্বোধন করলে কিন্তু রক্ত গঙ্গা বয়ে যাবে! ভারতীয়রা আবার এদের বলে, "মাকু"! ভারতীয়রা নিজেরা হোলো "দেশী", আফ্রিকান আমেরিকানরা হলো "কাল্লু" আর আমেরিকানদের বলে "সাদা, গোরা বা গোরে লোগ"! এই মেক্সিকানদের মধ্যে যারা প্রথম প্রজন্ম তারা খুব একটা উচ্চ শিক্ষিত নয়, তাই তারা মূলতঃ শ্রমিক শ্রেণীর অন্তর্ভূক্ত বলা যেতে পারে, প্রচন্ড পরিশ্রমী এবং গোষ্ঠীবদ্ধ ভাবে থাকে। বাগানের কাজ, বাড়ি পরিষ্কার করার কাজ ও টুকটাক মেরামতির কাজে এদের জুড়ি নেই। এদের ছেলে মেয়েরা অন্যান্য সকলের সঙ্গে একই স্কুলে পড়াশোনা করে, যেহেতু এদেশে শ্রেণী বৈষম্য প্রকট নয় আর স্কুল গুলিও বাড়ির ঠিকানা অনুযায়ী পূর্ব নির্ধারিত থাকে। খুবই ভালো কথা ; কিন্তু ভারতীয় মা বাবাদের একটা চাপা টেনশন থেকেই যায়, এই বুঝি তাদের ছেলে মেয়ে গুলো মাকুর প্রেমে পড়ে গেলো! ভারতে যেহেতু রন্ধ্রে রন্ধ্রে বিভিন্ন ধরনের বৈষম্যের বীজ বপন করা হয়েছে তাই এদেশে এসেও তাদের সেই মানসিকতা আজীবন বয়ে বেড়াতে হয়, এমনি মজবুত তার ভিত। বেচারি মাকুদের পরবর্তী প্রজন্ম হয়তো ভালো ভাবেই প্রতিষ্ঠিত হয়, কিন্তু বাগানের মালী বেয়াই এটা মানার মত উদারতা এখনও বোধহয় সব ভারতীয়দের মনে আসেনি, তা তারা যতই আধুনিক মনোভাবাপন্ন হোক না কেন। তবে ভারতীয় দ্বিতীয় প্রজন্মের ছেলেমেয়েরা ভারী সুন্দর ভাবে বড় হচ্ছে। ওদের মায়েরা হয়তো বলে দিলেন " অ্যাই , প্রেম ট্রেম করছিস নাকি? দেখিস বাপু কোনো কাল্লু বা মাকু ধরে আনিস না যেন"!
ওদের সপ্রতিভ উত্তর,
" That's so disrespectful!"

সত্যি এরা মানবিকতার , সহিষ্ণুতার এবং সমানাধিকারের শিক্ষায় শিক্ষিত হচ্ছে, ওদের পৃথিবীটা অনেক বৃহৎ এবং উদার।

(ক্রমশঃ)

কল্যাণী ঘোষ
১৬ ই জানুয়ারী,২০২০

#unitedstatespart1


বিবিধের মাঝে মহা মিলন

(রম্য রচনা)

অন্তিম ভাগ

ভারতীয় হিসেবে এদেশে প্রথমে পদার্পণ করেই রাস্তায় ঘাটে অন্য ভারতীয় দেখে উল্লসিত হওয়াটাই স্বাভাবিক,অন্য পক্ষ কিন্তু চিনেও না চেনার ভান করে, তারপর ধীরে ধীরে প্রাথমিক উচ্ছ্বাস স্তিমিত হয়ে এলে এই পরম সত্যটা উপলব্ধি করা হয় যে, ভারতীয়রা পরস্পরকে দেখে সৌজন্য বিনিময় করবে না, পিরিয়ড! অথচ অজানা, অনাত্মীয় "গোরে লোগ" কিন্তু মুখোমুখি হলে "গুড মর্নিং বা হাই " বলবেই, সঙ্গে মৃদু হাসির বোনাস। সহবতটা সত্যি এদের থেকে শিখতে হয়। কেমন সুন্দর করে "thank you" বলার পরেও "I appreciate it" বলে, অথবা সামান্য ভুল ত্রুটি হলেও এমন করুণ ভাবে "I am sorry, that's my bad" বলে যে সত্যি অপরাধ করলেও মাফ করে দিতে ইচ্ছে করে! তবে ভারতীয়দের অবশ্য ভালই সুনাম এদেশে, বেশ সম্মানের চোখেই দেখা হয় তাদের, সবাই জিজ্ঞেস করে " পেশায় কি? ইঞ্জিনীয়ার বুঝি (IT র দৌলতে)? নাকি ডাক্তার"? এদেশে ভারতীয় ছাত্র ছাত্রীরাও ভালো সুনাম অর্জন করেছে, যে সব স্কুলে প্রচুর ভারতীয় বা এশীয় ছাত্র ছাত্রী যায় সেগুলোর মান অনেক উন্নত আর তার প্রভাবে ওই অঞ্চলের বাড়ির দাম ও অনেক বেশী হয়। ভারতীয়দের নানা রকম মসলা দিয়ে রান্নার জ্বালায় অতিষ্ঠ অনেক প্রতিবেশী মাঝে মাঝে প্রতিবাদ করেন আবার তেমনি অনেকে চিকেন কারী খাবার অনুরোধ ও জানান। পনির টিক্কা মসালা এবং বাটার চিকেন এখানে বেশ নাম কিনেছে।

গোরা মানে যাদের দেশ ( যদিও আদতে এটা নেটিভ আমেরিকানদেরই দেশ) তাদের কথাও একটু বলা উচিত। খুবই গর্ব এদের সব কিছু নিয়েই, হয়তো একটু উন্নাসিক ও কিন্তু তবুও ক্যালিফোর্নিয়া তে শ্রেণী বা জাতি বৈষম্য সামান্য কম, অন্তত ওপরে ওপরে প্রকাশ পায়না। আমেরিকানরা ফুটবল এর পোকা, ভারতের ফুটবল নয় কিন্তু, এ হলো রাগবি আর সকার এর মিশ্রণ, বেশ মারামারি হয় খেলাতে, আঘাত বা চোট পাওয়ার সমূহ সম্ভাবনা থাকে। এছাড়া স্যান ডিয়েগো সমুদ্রের পাশেই আছে বলে এরা দিন রাত সমুদ্র সৈকতে পড়ে থাকে আর ভারতীয়রা সেখানে টুপি, জ্যাকেট ইত্যাদি পরে হি হি করে কাঁপতে কাঁপতে সূর্যাস্তের ছবি তুলে আনে; সমুদ্রের ধারে বলে যে পুরীর মত আবহাওয়া হবে এটা ভাবলেই শেষ! অবশ্য গরম কালে জলে নেমে বেশ আরাম। আমেরিকানরা বোটিং, সার্ফিং , হাইকিং, রক ক্লাইম্বিং এসব করতে খুব ভালোবাসে। শরীর সম্বন্ধে এরা অত্যন্ত সচেতন, জিম করা বা মাইলের পর মাইল হাঁটা এদের জীবনযাত্রার একটা প্রধান অঙ্গ, যদিও সমীক্ষা অনুযায়ী এদের স্থূলত্বের হার ভালো রকম বিপজ্জনক। আমেরিকানদের দেখাদেখি অন্যান্য দেশীয়রাও অনেক স্বাস্থ্য সচেতন হয়েছে , যেকোনো সময়ই রাস্তা দিয়ে কাউকে না কাউকে কানে হেডফোন গুঁজে উদভ্রান্তের মত দৌড়ে বেড়াতে দেখা যাবে। এদের প্রিয় খাওয়া দাওয়া মানে গরু , শুওর, নানা রকম পাউরুটি, স্যালাড আর চীজ আর সঙ্গে অবশ্যই ওয়াইন ! নরম তুলতুলে স্টেক অথবা রসালো রিবস (ribs) কিন্তু ভারী উপাদেয় ! প্রতি সপ্তাহান্তে বাড়ি বাড়ি থেকে বার-বি-কিউ এর সুস্বাদু মাংস পোড়ার সুবাস চনমনে খিদে এনে দেয়। ক্যালিফোর্নিয়ার ওয়াইন খুবই বিখ্যাত, সারা রাজ্য জুড়েই ওয়াইনারি দেখতে পাওয়া যাবে, চাইলে টুক করে ওয়াইন টেস্টিং ও করে নেওয়া যায়। যেটা না বললেই নয় তা হোলো আমেরিকান বৃদ্ধ বৃদ্ধাদের কথা, এনারা ভীষণভাবে বাঁচেন, প্রতিটা মুহূর্ত চুটিয়ে উপভোগ করেন। পরিপাটি সাজ পোষাক, বৃদ্ধার নখ রঞ্জনী থেকে কেশবিন্যাস কোথাও এতটুকু অসামঞ্জস্য নেই, বিপত্নীক অথবা বিধবা যেই হোন সঙ্গীহীন জীবন কাটান না, হয়তো এই বয়সে একাকীত্ব মৃত্যুরই সমান বলে!

এছাড়াও যাদের দেখা যায় তারা অবশ্যই চাইনীজ (বা "চিংকি") এবং থাইল্যান্ড , ভিয়েতনাম , ফিলিপিন্স থেকেও অনেকেই এসেছেন যাদের দৌলতে দুটো ভালোমন্দ খাওয়া যায়! কিন্তু এদের রেস্তোরাঁ গুলোতে গেলে শীতলতম ব্যবহার পেতে হয়, হাসবে তো নাই, যেন মনে হবে লোকে খেতে আসাতে বেশ রাগান্বিত! এরা বেশ ভালো ভাবেই এশীয় সংস্কৃতিটা ধরে রেখেছে বলতে হবে, কিছুতেই হাসবো না আর ইংরিজিতে কথাও বলবোনা। যার ফলে খাবার অর্ডার একরকম দেওয়া হয় আর আসে অন্য রকম!

এক কথায় বলা যেতে পারে এত রকম বৈচিত্র বা বৈষম্য সত্বেও এদেশের অসম্ভব কড়া আইনী ব্যবস্থার জন্য সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের এক শান্তিপূর্ণ সহাবস্থান সম্ভব হয়েছে। সংস্কৃতি ও ঐতিহ্যের অসামান্য এক মিলন স্থান , কাজের মাসী বাদে সব পেয়েছির দেশ এই আমেরিকা!

কল্যাণী ঘোষ
 ৩০ এ জানুয়ারী,২০২০

#unitedstatespart2

#unitedstatespart1

Monday, January 27, 2020

জীবন এখন. -. পদ্য

জীবন এখন

সাফল্যের মাপকাঠিতে জীবন মাপো?
ব্যর্থতাই তো চেনায় জীবন, একটু ভাবো।
চিবুক উঁচু এগিয়ে চলা দৃপ্ত পায়ে
লক্ষ্যভেদী দৃষ্টিটাকে খুব শানিয়ে
তোয়াক্কা নেই ফলের আশায়
হারি জিতি কি আসে যায়, কি আসে যায়!

চলার পথে বন্ধু অনেক আসবে যাবে
কেউ শেখাবে বাঁচতে আবার কেউ কাঁদাবে
মন্দ ভালো দুয়ের মিশেল কুড়িয়ে নিয়ে
সোনার মাঝে খাদটি যেমন রয় ঘুমিয়ে
তেমনি করেই আড়াল করে সকল কালো
জীবনটা কে বাসরে ভালো, বাসরে ভালো।

সহজ কঠিন অনেক লড়াই শেষের পরে
উজান বেয়ে তরী এসে ভিড়বে তীরে
ইচ্ছে তখন পুরনো দিন ফিরে পেতে
বর্তমানই এক লহমায় যায় অতীতে
হারিয়ে গেলে আসবে না কাল আজকে ফিরে
বাঁচতে হবে "এখন" টাকেই মুঠোয় ধরে,মুঠোয় ধরে।

কল্যাণী ঘোষ
২৭ সে জানুয়ারী,২০২০

#liveinthemoment
#formydaughter

Friday, January 24, 2020

নিখাদ. -.পদ্য

নিখাদ

মনের কোণে লুকিয়ে আছে সব কথারা
ওষ্ঠ চাপা , প্রগলভ তাই চোখের তারা
কথার ভীড়ে ক্লান্ত মনের কোমল ছোঁয়া
অন্য চোখেও নীরব ভাষা পড়তে পাওয়া।

বাস্তবতার হাজার জুলুম বড্ড ভারী;
(তাই) স্বল্প কোনো আত্মসুখেই রঙ বাহারি
ঝাড়লণ্ঠন হাজার বাতির খোঁজাই বৃথা,
জোনাক জ্বলা রাত বলে যায় অনেক কথা।

মরীচিকার হাতছানিকে তুচ্ছ করে
বৃহত্তর সুখেই উঠুক হৃদয় ভরে
অহং বোধের বোঝাকে আজ শূন্যে ছুঁড়ে
নিখাদ ভালোবাসাই শুধু ‌থাকুক পড়ে।

কল্যাণী ঘোষ
২৪শে জানুয়ারী,২০২০

#sterling